Showing posts with label Adrishya Batighor (Poems). Show all posts
Showing posts with label Adrishya Batighor (Poems). Show all posts

Thursday, July 22, 2010

অদৃশ্য বাতিঘর--১২ (কবিতাগুচ্ছ)


অদৃশ্য বাতিঘর--১২ (কবিতাগুচ্ছ)
 -রণদীপম বসু
...
| আহত লিরিক |
…
ধরো যদি একদিন কোন এক চন্দ্রাতপ রাতে
অকস্মাৎ মরে যাই আমি
কাঁদতে এসো না কেউ–
কাজ নেই আতর চন্দন মেখে, অথবা গোলাপ;
কেবল বিক্ষত হৃদয়টা আমার খুলে নিয়ো
উদ্ভ্রান্ত এ শরীর থেকে।

কেউ যেন না-পোড়ায় তা
না-দেয় কবর কিংবা না-ভাসায় জলে।
যা খুশি করো এই শরীরটাকে
কিছুই বলবো না আমি–
শুধু অভাগা হৃদয়টাকে সযত্নে তোলে ঠিক
বসিয়ে দিয়ো ওই হৃদয়হীন পাথর রমণীর বুকে–
আমৃত্যু জ্বালায় জ্বলে যেনো সে বুঝতে পায়
হৃদয়জ মানুষের দুর্বিষহ কষ্টের ক্ষরণ।

Wednesday, July 21, 2010

অদৃশ্য বাতিঘর--১১ (কবিতাগুচ্ছ)

অদৃশ্য বাতিঘর--১১ (কবিতাগুচ্ছ)
-রণদীপম বসু
...
| ক্ষরণ |
…
পিঞ্জল বুকের চৈতী হাওয়ায় মেখে
তোমার জন্যে সাজিয়ে রেখেছি মন–সুবর্ণ প্রাসাদ,
তুমি তো আসো নি কাল।
নীলার মূল্যে আঁকা রূপোর পাত্রখানি
এখনো অচ্ছুৎ তেমনি আছে–
গায়ে গায়ে তোমারই বিস্মৃতি গাঁথা।

যে বসন্ত সায়াহ্নে ডোবায় গা
তার কাছে থাকে বাকি বৃষ্টি কিছু- কিছু জলের ফোঁটা
কিছু কিছু দীর্ঘ নিঃশ্বাস আর
হিরন্ময় প্রতীক্ষার প্রহর কিছু।

Saturday, November 28, 2009

অদৃশ্য বাতিঘর-১০ (কবিতাগুচ্ছ)



অদৃশ্য বাতিঘর-১০ (কবিতাগুচ্ছ)
-রণদীপম বসু
...

বিষণ্ন লিরিক
...
(০১)
চুপে চুপে খুঁজে নাও কাঙ্ক্ষিত গোলাপ তোমার
বাহারি পাঁপড়ির ভিড়ে
নিসর্গে ভেজা এই স্বপ্নালু উদ্যানে জলে
দিলাম উন্মুক্ত করে তোমার প্রবেশ;
অবারিত ইচ্ছেকে শুধু
নির্বিশেষে কোরো না উন্মুক্ত যেনো
তবে নতমুখী হয়ে যাবে উন্মিলিত পুষ্পেরা সব।
নতমুখী গোলাপেরা কখনো বোঝে না মানুষের ভাষা।

অদৃশ্য বাতিঘর-০৯ (কবিতাগুচ্ছ)



অদৃশ্য বাতিঘর-০৯ (কবিতাগুচ্ছ)
-রণদীপম বসু
...
অন্তর্লীন বৃক্ষ এক
...
(প্রয়াত কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াস-কে শ্রদ্ধার্ঘ)

এখনো শৈত্য ঝরে কবোষ্ণ মাটিতে
অন্ধকারে।
কোথাও শব্দ নেই কোনো অথবা শিশির;
দরদর ঘামে ঝরে বৃক্ষপত্রেরা তবু।

বাতাসে কিসের ওম ?
পরস্পর চাওয়া-চাওয়ি মুখে
জটলাটা ফিকে হয়ে এলে
তখনো পড়ে থাকেন শরীরসুদ্ধ তিনি।
কষ্ট ঝেরে নির্বিকার জীবিত বাতাসে
একটি কথাই কেবল ঘোরে আর ফিরে-
আরেকটু সময় ছিলো বড়ো বেশি প্রয়োজন খুব।
অফুরন্ত এতো যে সময় পচে এতোসব নষ্ট বিবরে
হায়, কারো কারো রয়েই যায়
চিরন্তন আকাল প্রহর...।

অদৃশ্য বাতিঘর-০৮ (কবিতাগুচ্ছ)



অদৃশ্য বাতিঘর-০৮ (কবিতাগুচ্ছ)
- রণদীপম বসু

...
স্বপ্নের কাছে সমর্পিত
...
(তরিকুল ইসলাম দুলাল বন্ধুবরেষু)

স্বপ্নের কাছে সমর্পিত হবো দ্বিধাহীন-
         খুব বেশি আকাঙ্ক্ষা তো নয়
তবু নিজ নিজ বৃত্তের মাঝে বহমান মানুষেরা আজ
একান্ত স্বাধীন নয় আর
হুট করে হানা দেয় বিরোধী আপন ছায়া
বিষাক্ত আঁচড় কাটে স্বপ্নবান চোখে।
কী করে সরাই তাকে ?

Thursday, July 3, 2008

# অদৃশ্য বাতিঘর-০৭ (কবিতাগুচ্ছ)








অদৃশ্য বাতিঘর-০৭ (কবিতাগুচ্ছ)
- রণদীপম বসু



যে গল্প গল্প নয়

যেখানে মেঘ সেখানে বৃষ্টি, এটা তো ভাদ্রের গল্প ;
এরকম আরো কতো গল্প আছে
আশ্বিন থেকে শ্রাবণ অবধি।
আমি তো এসেছি বনকৈশোর থেকে ঋতুপর্ণ যৌবন নিয়ে
তোমার কাছে,
তোমার গল্প শুনবো বলে..।

থামতে জানে না বলে ঘর নেই তার, এটা নদীর গল্প
হাঁটতে পারে না বলে স্বপ্নচারী ভীষণ, এটা বৃক্ষের গল্প
অথবা কষ্টেরা বড়ো বেশি আপন বলে
এতোটা বিশাল হয়ে ঝুলে থাকে জীবনের উপর,
এটা আকাশের গল্প।
এরকম আরো কতো কতো গল্প আছে
আগুনের পাহাড়ের মাটি আর পাথরের
সকালের বিকেলের অরণ্যের আঁধারের
দেখার গল্প শোনার গল্প দিকের গল্প দিশার গল্প
লক্ষ ফিকির বুকে নিয়ে মানুষগুলোর ভুলের গল্প
আরো কতো গল্প আছে !

আমি তো এসেছি তোমার কাছেই
সহস্র অযুত গল্পের নিভৃত ঠিকানা খুঁজে
গল্পহীনা তোমার কাছে
এক নতুন গল্প শুনবো বলে-
যে গল্প আর গল্প হবে না কখনো...।
(৩১/১০/২০০২)


নিশুতির পদাবলি

গলে গলে ঝরে পড়ে চাঁদ
গলে গলে ঝরে পড়ে চাঁদ
তারপর নিবিষ্ট আঁধার এলে বৃক্ষেরা জেগে ওঠে সব
চুপি চুপি গান গায় কথা কয়
প্রাচীন গল্পের গাঁথা বুনে বুনে
আমাকে পারায় ঘুম-
বলে আয় ঘুম আয় আয়...

আঁধার নিবিষ্ট হলে বৃক্ষেরা জাগে
আর ঘুমের ভেতরে জাগি অন্তহীন আমি এক..
চাঁদ গলে ব্যথা গলে তাবৎ ব্রহ্মাণ্ড গলে
গলে গলে ঝরে যায় সব !
আলো গলে অন্ধকার, গলে গলে একাকার,
গলে না কেবল এক
বুকের গভীরে খুব অর্থহীন বিষাদের ভার।
(২১/১২/২০০২)


প্রণয়ের আদিশ্লোক

ব্যাকরণ জানি না বলে
পারি না লিখতে কোনো প্রিয়ভাষী নাম
তবু ভাষিক দূরত্ব থেকে
আমার দেহের ভাষা সমস্ত ছাপিয়ে যদি
মিশে যায় কণ্ঠশীলা শরীরে তোমার
একে কী বলবে তুমি ?
প্রণয়ের আদিশ্লোক যে পারে খুঁজুক তা,
আমি তো শুদ্ধাচারী নই যে
বাঁধা পথেই যেতে হবে প্রলুব্ধ আমাকে !

ব্যাকরণ জানি না বলে
নাই বা পেলাম আদি-পথের দিশা,
অজ্ঞেয় পরিচয় বুকে তোমার মগ্নতায় নিমগ্ন আমি
মনে করো চন্দ্রাহত কোনো এক
পথহীন পথিক কেবল...।
(২৮/০২/১৯৯৯)


কৌমের শাসন ভেঙে

(১)
ঈভের পাপড়ির মতো ঝরে যাবে সুপর্ণ বাতাসে !
নীলকণ্ঠ কষ্ট ধুয়ে না পাও উষ্ণতা যদি
সাগরের গ্রন্থি খুলে মেখে নিও উৎকর্ণ আকাশের গায়
নিবিড় নিঃশ্বাসে ঝরে বয়ে যাবে আদি স্রোত
লেখা হবে প্রণয়ের অলিখিত উপাখ্যান যতো...।

(২)
কৌমের শাসন ভেঙে এ কোন্ গ্রন্থির মোহে
এসেছো শবরী কন্যা অশরীরী স্রোতে ?
পৃথিবী কৌমের ছায়া,
নিঃশেষে বিলীন হয়ে সব গ্রন্থি মিশে যাবে
আদি-অন্ত শরীরেরই ব্যুহে...।

(৩)
ফিরে যাও যাও কন্যা সেই সব মাটির পাঁজরে,
আপন দেহেতে লীন অভিন্ন উষ্ণতা বয়ে
এখনো যেখানে যতো প্রণয়ের কথামালা
চালাচালি হয়ে ফিরে
শব্দহীন শিকড়ে শিকড়ে...।


শিলালিপি

চোখের ভেতরে এক অনড় পাথর ধরে
আমাকেই বলছো তুমি- এই বুক কঠিন পাথর !
মানুষের অক্ষমতা এভাবেই ছুঁয়ে গেলে আঁধার-গভীরে আরো
এতোটা বিস্ময় কী করে লুকাই বলো ?
তার চেয়ে দৃষ্টির জলে কিছু ধুয়ে নিয়ে বিস্মৃতির ধুলো
পারবে কি চিনতে সেই স্থবির সময়,
যে আমার বুক নয়
আমৃত্যু গেঁথে যাওয়া কর্কশ অক্ষর হয়ে
বিপন্ন ফলকের মতো স্তব্ধ হয়ে আছে !

আশরীর হৃদয়ে ভরা মানুষ বৃক্ষ তো নয়
বেদনার টুপটাপ জমাট শিশিরে ভেজা
পাথরে হৃদয় ঘষে
তবু যদি বৃক্ষই বলতে তুমি
হয়তো বা হয়ে যেতাম বৃক্ষই শুধু ;
মানুষের শিলালিপি কখনো বুঝিনি বলে
অন্ধ দৃষ্টির ঘোরে পাথরের চেয়ে তুমি বেশি কিছু নও !

ভালোবাসা দূরে গেলে চলে যায় ঘৃণারাও পিছু ;
ভালোবাসা না-ই হোক
আজন্মের ঘৃণা সব পুনর্বার জেগে ওঠার আগেই
অবিনাশী হাত ছুঁয়ে বলতে তো পারতে শুধুই
মানুষে পাথরে থাকে কতোটা তফাৎ !
সে সব বলোনি কিছুই।
চোখের ভেতরে তোমার শুধু এক অনড় পাথর...।
(০৫/০৩/১৯৯৯)

Sunday, June 22, 2008

# অদৃশ্য বাতিঘর-০৬ (কবিতাগুচ্ছ)





অদৃশ্য বাতিঘর-০৬ (কবিতাগুচ্ছ)
- রণদীপম বসু

অপেক্ষা

সময়েরা অনড় পাথর হয়ে
জেঁকে আছে বুকের গভীরে খুব-
কে তাকে সরাবে বলো,
সেও কি অপেক্ষায় কারো
ফিরে পেতে আর কোনো যন্ত্রণার
দীঘল হাতের ছোঁয়া...?


পথ চললেই পথের হিসাব

পথ চললেই পথের হিসাব
নইলে কে যায় খুঁজতে এসব পথ-পথিকের প্রাণঠিকুঁজি
আদুর গায়ের মেঠোপথের কোথায় ছিলো খন্দখানা
কোন বছরের ভয়াল বানে মুছে গেছে নাম নিশানা
সুরকী-ভাঙা ঝকর-মকর রাখছে ধরে কার অবদান
পথ হারিয়ে কে দিয়েছে পথের মাঝেই জীবন পুঁজি।

কোন গাঁ থেকে ইষ্টিশানে সড়ক পথে নাই যোগাযোগ
বাস টেম্পো রিক্সাভ্যানে যায় না পাওয়া সময়-সুযোগ
রেলসড়কের টাইম-টেবলে নেইতো কোনো ঠিকঠিকানা
নদীতো নেই
জলের পথের নাব্যতারা উঠছে হয়ে ঘোর-অজানা
কোন্ সেতুটি ধ্বসে গেলো বিকল্প পথ হয়নি বুঝি
পথ চললেই পথের হিসাব নইলে কেন খোঁজাখুজি ?

দেশ-দুনিয়ার পথেঘাটে হার কিসিমের মানুষ ঘোরে
কার ভেতরে কোন্ ঠিকানা না দেখে কে চিনতে পারে ?
কোন্ সে পথে যায় যে খোঁজা কারো বুকে সাগর ফুঁসে
কারো বুকে মেঘলা আকাশ কারো বুকে জ্যোৎস্না হাসে
অনাদি কোন্ বৃক্ষ প্রাচীন কারো বুকে পাতা ঝরায়
রূপ-অরূপের বিচিত্রতায় পথ খুঁজে কে পথটি হারায়
হাজার পথের জটিল মানুষ কারে ফেলে কারে টানি
কাছে আসলেই মানুষ চিনি
নইলে কি আর উপর-ভেতর ভিন্নতাকে বুঝতে পারি ?
(১২/০৫/২০০৩)

একটাই আকাশ

বিশ্বাসেরা মরে গেছে কবেই
তবু তার শবদেহ ছুঁয়ে নতজানু স্বভাব
আমরণ খুঁজে যাবে নিরন্তর প্রাণের আশ্বাস।
এতো প্রেম রক্তপাত আবেগ উচ্ছ্বাস
একান্তে পেরিয়ে তবু
আত্মগত নারী বুঝে না কি
মানুষের বাঁচার সাধ দীর্ঘ খুবই জীবনের চেয়ে ?

বালিয়াড়ি বুকে ধরে
কতোটা দীর্ঘ হয় প্রিয়তম স্বপ্নের স্পন্দন
অজস্র স্বপ্নপাতে
কতোটা বিস্তৃত হয় মানুষের নিজস্ব আকাশ
কেউ কি জানে তা ?
কখনো ঝরে না আকাশ, ঝরায় স্বপ্ন শুধুই ;
একটাই আকাশ, কী হবে গুটিয়ে তাকে-
আনোখি স্বপ্ন হয়ে চোখই ঝরলো না হয়...!
(২০/০২/১৯৯৯)


প্রত্ন-বাউল
(কবি আবু হাসান শাহরিয়ার-কে)

চর্যাপদের কাল ক্ষয়ে গেছে কবে সেই
কাহ্নপা’রা জাদুঘরে
স্বপ্নের নাব্যতা বেয়ে কাদের ললনা তুমি
উদ্ভিন্ন কাঁচুলী খুলে উড়িয়ে পয়ার ধ্বজা
অজন্তার আলগুহায় মজে ওঠো অভিসারে আজো ?

এখন বাংকার ব্লাস্টারের কাল
ব্যাবিলন বুঝে গেছে ক্লাস্টারের লয়
বসরার গোলাপেরা চিকন বিকিনি পড়ে
হুমড়ি খাবে লাল-নীল ক্যাবারের তালে
এইসব ডলারের জয়কার ছেড়ে কে তুমি প্রত্ন-বাউল
সিকস্তির আঁকিবুকি খুঁজে খুঁজে ক্ষয়িষ্ণু বাঙলার তটে
শুধু শুধু অবসন্ন কেবল ?
(২৩/০৪/২০০৩)


শুধু বীজমন্ত্র জানি না বলে
(কবি জয়দুল হোসেন-কে)

একটা যৌবন নষ্ট হয়ে গেছে বলে
নিরন্তর চিৎকারে জেগে থাকেন যৌবনোত্তর যে কবি
তিনি তো জরাগ্রস্ত নন,
জরায় আকণ্ঠ মজ্জিত আমরাই, যারা
যৌবন এসেছিলো কবে জানতে পারিনি বলে
পারিনি হতে কোন মাতঙ্গী প্লাবন।

নষ্ট এই পৃথিবীতে একটাই নষ্ট জীবন
প্রেম তো নষ্ট নয়- নষ্ট নয় কামনার টান
শুধু বীজমন্ত্র জানি না বলে
পারিনি জাগাতে এই জীবনের প্রাণ।

আজ আর বিভ্রান্ত নই-
কোথায় অমিত যৌবনা কবি আদিম কৃষক
ছায়া দাও মন্ত্র দাও ঢালো অমর্ত্য মৌতাত-
চিরকার নতজানু বুক দৃঢ় হোক ভিন্ন ঋজুতায়
নতুন চরের বুকে যৌবনের আদি ভ্রূণ
বুনে যাক তবে এই মন্ত্রপুত হাত।
(১৬/১০/২০০৩)

# অদৃশ্য বাতিঘর-০৫ (কবিতাগুচ্ছ)










অদৃশ্য বাতিঘর-০৫ (কবিতাগুচ্ছ)
- রণদীপম বসু



এটা বধ্যভূমি নয়

আমাদের সব কথা মিশে যায়
বিশ্বস্ত এই মাটিতেই শেষে, মিশে না অন্ধকার-
কেমোন আলগা হয়ে জুড়ে থাকে
প্রতিটা আলোর গায়ে দেখো,
কারণ ওগুলো শোকের ছায়া।

আমাদের সব দুঃখ ডুবে যায় বুকের গভীরে কোথাও
ডোবে না কষ্টের পাথর কিছু-
নির্ণিমেষ অভিমান পারে না ভাঙতে কোনো জড়ল বিষাদ
কারণ ওখানেই ছুঁয়ে থাকে আমাদের অন্তরীণ আহত নিঃশ্বাস।

হয়তো বা আমাদের সব স্মৃতি ধুয়ে যাবে একদিন
আরো কতো স্মৃতিময় বিস্মৃতির প্রাত্যহিক জলে
শুধু জাগবে গভীর ক্ষত
চর হয়ে জেগে ওঠা স্রোতস্বী পথের বুকে অমল ধারায়
কারণ জীবনের শেষ চুম্বনে মিশে ওইখানে
আমাদের প্রিয়তম মানুষেরা কিছু
এই মাটিকেই আঁকড়ে বুকে
রয়েছিলো পড়ে এক অদ্ভুত নিমগ্নতায়...

তাই ভুল করে কেউ যেনো একে
বধ্যভূমি বলো না আর ;
মায়ের কোলে কোনো বধ্যভূমি থাকে না-
ওটাই হৃদপিণ্ড আমাদের... ।
(১৪/০৯/১৯৯৬)
[sachalayatan]


কালান্তক শবদেহ

এই শবদেহ নিয়ে কোথায় যাবে তুমি ? পোড়াবে ?
আজন্ম বিষের জ্বালা অন্তর্লীন দ্রোহ হয়ে
যে নাকি নিজেই এক হয়ে গেছে প্রজ্জ্বলিত শিখা
আগুনের সাধ্য কি পোড়ায় তাকে !
কেবল বিষের বিষে ছেয়ে যাবে তোমাদের নিঃশ্বাসী আকাশ
লুটানো পাখিদের গাছেদের পত্রহীন অভিশাপে
পুড়ে যাবে সব যতো স্বপ্নের বসত।
এই দেহ ছুঁয়ে যাবে এতো বেশী দীর্ঘ নয় আগুনের হাত।

এই শবদেহ নিয়ে কোথায় যাবে তুমি ? কবর দেবে ?
মাটিকেই জিজ্ঞেস করো-
অন্তহীন প্রত্যাশার বিপন্ন অক্ষর বুকে প্রতীক্ষায়
যে নাকি তিলে তিলে হয়ে গেছে প্রত্নময় অনঙ্গ শরীর
মৃত্তিকা কি করে গলাবে তাকে ?
মাটিও নেতিয়ে যাবে দীর্ঘতম প্রতীক্ষার তাপে।

কুলপ্লাবী স্রোতে জলে
নদীও পারে না নিতে একপেশে বিষাদের ভার ;
যে সুখ আসেনি ফিরে যে প্রেম থাকেনি ছুঁয়ে
আর কোনো বুক জুড়ে যে কষ্ট কখনো বাজেনি সুরে
সেই শোক শিলাদেহে নিরন্তর গেঁথে আছে দুর্বহ ভারে।
এই শবদেহ নিয়ে কোথায় যাবে তুমি ?
কতোকাল বইবে এই দুর্বহ পাথর ?
তার চেয়ে খুঁজে দেখো সে-ই কোনো প্রিয়তম মানুষেরই বুক-
নিমেষেই মিশে যাবে তাতে
যেভাবে মিশে থাকে রক্তের ভেতরে জাগা রক্তাক্ত শপথ !
(R_d_B)
[mukto-mona]
[sa7rong]


দর্পিত আঙুল তাঁর

একটাই দর্পিত আঙুল তাঁর
উদ্যত স্বাধীন...
সাত কোটি স্বপ্নের জমাট প্রতীক্ষা মেখে
উঠে গ্যাছে এতো যে উঁচুতে তা
গেঁথে গ্যাছে উত্তাল আকাশের বুকে বিশাল... !
একটাই আঙুল তাঁর
তবু সে আঙুল নয়
বজ্র-নির্ঘোষে আঁকা উদ্যত সঙ্গীন এক-
পৃথিবীর সমস্ত মারণাস্ত্র নীচে এসে তার
হয়ে যায় নতজানু খুব
আর সময় চৌচির হয় সন্ত্রস্ত ব্যথায়।

বিচ্ছুরিত আলোকেরা
নিমেষে পেরিয়ে যায় নগর বন্দর সব
সোনার ফসল ছুঁয়ে ছুটে যায় গভীরে আরো
মিটমিটে চাহনীর গভীর গভীরে খুব
জ্বলে ওঠে দাবানল
সহস্র বর্তিকা হয়ে বয়ে যায়
দাবিয়ে দাবিয়ে যায় অনিবার্য আগামীর দিকে।

একটাই আঙুল তার অনন্তে আসীন
যেখানে আকাশ-পায়রারা এসে বুকের পালক খুলে
মুছে দ্যায় নিরন্তর স্বপ্ন-শিশির।


শুয়ে আছেন তিনি

এই বুকের কফিনে শুয়ে আছেন তিনি
আশ্চর্য প্রশান্তি তাঁর
ছুঁয়ে আছে শরীরে বিশাল।

এতো যে অমল স্রোত বয়ে গেছে
বুকের মৌচাক থেকে
বাংলার প্রতিটি স্রোতস্বিনীর কোলে
জলল সূর্যের মতোন উজ্জ্বল হাসি তাঁর
পরম বাৎসল্যে স্নাত হয় অবিরল
উদ্বেল মৃত্তিকায়।
শুয়ে আছেন তিনি অপরূপ কফিনে এক
দরাজ বুকের কোণে নিভৃতে রেখেছিলেন তুলে
সেই স্বপ্নের পালকে মুড়ে উদাত্ত আকাশ-
এখন তা নুয়ে আছে উন্মুক্ত শিয়রে তাঁর,
বৃক্ষেরা স্নিগ্ধ শিশির জলে ধুয়ে দেয় তাঁকে
ধুয়ে দেয় সযত্নে শ্যামল
এতোকার পরিচিত নগ্ন নিথর পা ;
আর কালের সফেদ ছোঁয়ায়
নক্ষত্রেরা মুছে নেয় নিজস্ব কলঙ্ক সব

পতাকার রঙ মেখে শুয়ে আছেন তিনি
বাঙালীর হৃদয়-অতলে অনন্য বিধুর শয্যায়।
(১৯/০৮/১৯৯৬)
[somewherein]
[sachalayatan]



ওরা মানুষ ছিলো না

তাঁকে হত্যা করার আগে
একটুও কেঁপে উঠেনি ওদের হৃদয়
কেনো না ওরা তো মানুষ নয়
মানুষ ছিলো না কোনোদিন।
তাঁর ভালোবাসায় উপচে পড়া বুকে
বুলেটের নির্দয় নগ্নতাকে তাক করার আগে
দ্বিধান্বিত হয়নি একবারও তাদের হিংস্র নখর
কারণ, ওরা মানুষ ছিলো না কখনোই
মানুষের কোনো নখর থাকে না,
মানুষের গর্বিত আঙুলে জড়ানো থাকে মোহন স্নিগ্ধতা।

ঘাতকেরা মানুষ হয় না কখনো
ঘাতকের কোনো জাতিসত্তা নেই।
(১৫/০৮/১৯৯৬)

[sachalayatan]
[pechali]
[somewherein]
[amarblog]
[mukto-mona]
[khabor.com]
[sa7rong]

Monday, May 19, 2008

# অদৃশ্য বাতিঘর- ০৪ (কবিতাগুচ্ছ)







অদৃশ্য বাতিঘর- ০৪ (কবিতাগুচ্ছ)
-রণদীপম বসু



তুমি আর কবিতা
(রূপা-কে)

নিঃসঙ্গ দুপুরেরা বুঝে ফেলে
ঘরে নেই তুমি,
মন্থর প্রহরগুলো দুর্বোধ্য বিলাপ হয়ে
কী যেনো খুঁজে আর
নিঃশব্দ সংলাপ কিছু এঘর-ওঘর করে
ভরে তোলে নিপাট শূন্যতা সবই।
তুমি নেই
তবু অন্য এক তুমি এই বুকের কোটরে শুয়ে
প্রথাহীন সঙ্গমে আমাকে কাতর করে
তোমারই প্রতিরূপে
ফিরে আসে প্রিয়তমা কবিতা আমার।

এবং বিরতির রেশ কেটে
সকালের সোনারোদে অকস্মাৎ ফিরে এলে তুমি,
অবিকল তোমার ধারায়
ঈর্ষাময় চোখে তার নেমে আসে অভিমান ;
বেসাতির পাট তুলে
বিস্রস্ত শরীরটাকে ছুঁড়ে দেয় সুদীর্ঘ আড়ালে আবার।
অতঃপর
আরেক শূন্যতা ভুলে
ডুবে যাই আমি ফের গভীর শীৎকারে তোমার।

তুমি আর কবিতা, দুঃসহ সতীন আমার-
একই ঘরে পাশাপাশি
তবু দুর্লঙ্ঘ্য ব্যবধান খুব !
(২২/১১/২০০৩)
R_d_B


মেঘ ও বৃষ্টি

এখোন কি বৃষ্টি হবে ?
অসমাপ্ত সঙ্গমে রেখে
মন তার চলে গেছে অন্য কোনো আকাশের খোঁজে ;
রোদ নেই বৃষ্টি নেই মেঘ-ঘন আকাশের ভারে
ন্যুব্জ আমি
গলে গলে এ কোন্ ঝরার প্রতীক্ষায় থাকি ?
আহারে অবোধ্যা নারী, জানে না সে
আকাশেরা পরম্পরাহীন নয়-
ঝরার উৎস খুঁজে মেঘেদের আর্দ্রতারা
অবিরাম ছড়িয়ে পড়ে
আকাশ থেকে আকাশের পারে।

তীব্রদাহ খরায় খরায়
যে আকাশ পুড়ে যায় মাটির হৃদয়
প্রবল বৃষ্টির তোড়ে
সেই তো ভাসাতে জানে দীঘল শরীর-
সঙ্গম-নিরত নারী জানে না কি
পুরুষের ভালোবাসা মিশে থাকে
খরায় বন্যায় ?
(২২/১১/২০০৩)
R_d_B

নদী ও স্বপ্ন

(১)
দুর্মর আবেগ ভেঙে যে মেয়েটি হেঁটে যায়
তার কাছে প্রশ্ন রাখি
কোথায় পেয়েছে সে এরকম বিস্মরিত নদীমাখা স্রোত ?
বৃক্ষের আয়নায় দ্যাখো-
চকিত কটাক্ষে হেসে বাঁক ফিরে বলে সে ;
মানুষ তো বৃক্ষই কেবল- পর্ণপত্র নদী এক
চলমান শুধু তার স্বপ্নমাখা অন্তর্লীন চোখ !

(২)
ঐ বুকে হাত রাখি
অন্য কিছু তেতে ওঠে তালুর গভীরে খুব ;
এর কোন ব্যাখ্যা নেই- শুধু
শীতল আগুনে পুড়ে
স্বপ্নেরা চুঁইয়ে পড়ে স্বপ্নবান পঙক্তির গহ্বরে...।
(২০/০২/১৯৯৯)
R_d_B

কবি ও পাথর

খেয়ালীর নগ্নতাকে খুঁজেছিলো কবি ও পাথর,
ওরা আজ বনবাসে ;
আর যারা রয়ে গেলো সম্ভ্রান্ত নগরে সব
শোভিত পাথর চাপা রতিমগ্ন চোখে শুধু
বিনগ্ন সুন্দর খোঁজে খেয়ালীর দেহে।

তুমিও খেয়ালী এক,
আমার জন্মান্ধ চোখে অরণ্য নগরে আর কিসের প্রভেদ,
তবু শব্দময় ঘ্রাণে ভেঙে উন্মুক্ত শরীরী তুমি
যখন নিবিড় স্পর্শতা মাখো
মনে হয় ভীষণ চক্ষুষ্মান আমি নিমেষেই জেগে উঠি
কোন এক অন্ধকার ঘুমেল গভীর থেকে ;
এবং মুখোমুখি ব্যাপ্ত হয় তোমার বাঙ্ময় সুন্দর
আর স্বচ্ছতম মগ্নতা আমার।

আমি তো কবি নই, অথবা পাথর ;
তবু মনে হয় তোমাকেই খুঁজে খুঁজে
বনবাসে গেছে আজ কবি ও পাথর সব।
রয়ে গেছি আমিই কেবল,
হয়তো বা জন্মান্ধ বলেই...!
(২২/১২/২০০১)
[prothomaloblog]


স্বপ্ন-মিথুন

মোহন আঁধারে এসো,
জলকেলি রত হবো তুমি আর আমি আর
হৃদয়-চন্দনে গুলে স্বপ্ন-মিথুন হবো।
তুমি ছুঁবে জল, তোমাকে আমি
দুজন দুজনে রবো
জলে জলে ছুঁয়ে যাবো জলল হৃদয়।

চন্দ্রিকা ফুলেই যদি ছেয়ে যায়
পিয়ালের ডাল
জোছনার ঘ্রাণ মেখে দুজনে মদির হবো ;
বনেল ছায়ারা এসে দীঘিরে ছোঁয়ার আগে
ডুব কেটে চলে যাবো অতলে তাহার-
ওখানে বুনবো তোমায়
শরীরী চাদর হয়ে জড়িয়ে আমাকে তুমি
ওমে ওমে চলে যাবে রূপকথা ভোরে।

মোহন আঁধারে এসো-
না হয় কল্লোলি দেহে তোমার
গাছেরাও পেতে পারে লজ্জা ভীষণ !
(২২/০৩/১৯৯৬)

Sunday, May 18, 2008

# অদৃশ্য বাতিঘর- ০৩ (কবিতাগুচ্ছ)






অদৃশ্য বাতিঘর- ০৩ (কবিতাগুচ্ছ)
-রণদীপম বসু





উন্মোচন
শরীরে আবৃত করো নারী
বেসামাল উন্মুক্ত আমাকে ;
গা থেকে দিয়েছি ফেলে অশ্লীল পোশাক,
অহেতুক প্রতারণা- কী এমোন বাধকতা
ঢেকে রাখা মানুষের আদিম শিল্প !
অসভ্য সভ্যতা জানে না শিল্পের কদর ;
জঞ্জাল ঝেড়ে তুমিও উন্মোচিত হও-
বুঝে নাও শিল্পের জ্যামিতিক বিন্যাস।

দুরন্ত সময় এখোন
চারদিকে শিল্পেরা চৌচির হয়,
সরে এসো নারী আরো কাছে-
যেটুকু সময় হাতে
জীবনের জটিল অংক লিখে নাও... অস্থির আঁচড়ে-
যা কিছু শিল্প আছে সংগোপনে গেঁথে নাও
মগ্ন-চৈতন্যে তোমার... !
(০৬/০৫/১৯৯৩)
R_d_B


প্রতিবিম্ব

গহন আঁধার থেকে
এনেছি বিষন্ন আমাকে তুলে
স্পর্শের সীমান্তে তোমার ;
আমাকে গাহন করো-
শরীর শীতলে মেখে আমাকে গাহন করো
প্রখর উত্তাপে ঢালো মোহন গরল।

জলজ আকাশে চোখের
পাখিরা পায় কি খুঁজে মুক্তির নীল ?
আমাদের দৃষ্টিরা যতো না জলজ হোক
পৃথিবীর অন্ধ সময়ে আজ
অনঙ্গ দর্পণ হয়ে
এসো না পরস্পর প্রতিবিম্ব হই,
সময়েরা ভেঙে যাক যুগল বিম্বের ধারায়...!
(২২/০৮/১৯৯৬)


নিভৃত ঠিকানা
আশ্চর্য প্রত্যয় ঘেরা মুখ
ঠিক সেদিনের মতোই আশ্চর্য নিশ্চুপ
তফাৎ শুধু
ভালোবাসা নামের স্বপ্নিল পাখিরা সব
শুভ্র ডানার ছোঁয়ায়
এঁকে যেতো চোখের সবুজ আকাশ
অথচ এখন ঠা-ঠা ঘৃণার বিদ্যুৎ
মুহূর্তেই ধ্বসে দেয় অস্তিত্বের সবকটা বিমর্ষ দেয়াল।

ঘৃণা আর ভালোবাসা
যেভাবেই আসো তুমি
বুকের অলিন্দে রাখা নিভৃত কক্ষটি তোমার
সেভাবেই ঠিক
এখনো আগলে আছি আমি-
নির্দ্বিধায় ছুঁতে পারো
নিজস্ব এ ঠিকানা তোমার...!
(২৫/০৫/২০০৩)


মূর্চ্ছনা
টুপ করে ঝরে পড়ে ব্যথার ফোঁটা
আমি তো চাইনি দিতে কষ্ট কিছুই
তবু কেন এরকম কলকল হেসেখেলে এরা
তোমাকেই খুঁজে নেয় শেষে
অবাধ্য ঝরণার মতো !

হিম করে রেখেছিলাম বুকের ভেতরে খুব
জমাট স্তব্ধতা হয়ে বেশ ছিলো ওরা
কেনো যে এমনি করে ছুঁয়ে দিলে ফের
তোমার উষ্ণতা পেয়ে অবশেষে
গলে গলে ঝরলো ভীষণ !
(২১/১২/২০০২)


দিনযাপনের পদাবলী

(১)
দিনযাপনের কষ্টগুলো হঠাৎ করে
সামনে এসে দাঁড়ায় হেসে
আমি তো নই সুখ-কাঙালী
চাই তো কেবল স্বস্তি খানিক
তবে কেনো এমনি করে কষ্টেরা আজ মুখোমুখি ?

(২)
তোমার মুখের হাসিটুকু
আমার বুকের আভায় মেখে
আপন মনে ভাবনা গাঁথি
কষ্ট-জলের মোহন স্রোতে
ডুব-সাঁতারে শুদ্ধ হয়ে
তোমার কাছেই ফিরে আসি।

(৩)
দিন-যাপনের কষ্টেরা সব
ত্রস্ত-পায়ে বেড়ায় হেঁটে
যেনো ওরা বন-পাপিয়া
চারদিকে আজ বলাবলি
তুমি আমি দুঃখ-নদী অভিন সুরের
কষ্ট-জলের মগ্নতাকে
ভেঙে ভেঙে বয়ে চলি।
(১৬/১২/২০০২)

Tuesday, April 22, 2008

# অদৃশ্য বাতিঘর -০২ (কবিতাগুচ্ছ)





অদৃশ্য বাতিঘর -০২ (কবিতাগুচ্ছ)
- রণদীপম বসু


অন্তরা

এখানে থেকেই যা সহেলী তুই
চোখের ডানায় নিঝ্ঝুম উড়ে চলা
নিজে নিজে কতোটা সইবি আর,
বুকটা তো ফাঁকাই কেবল
অনাদর হবে না তোর
এখানেই থেকে যা।

বুদবুদের মতোন ডুবে থাকা জলের অতল তলে
সপ্ত আকাশে তোর পাবিনে এমোন করে
আলো-আঁধারির খেলা-
থেকে যা এখানে তুই
শৈবাল গুল্মের লতানো ছায়ার ফাঁকে
তোকে নিয়ে সাঁতরে যাবো
জল-পাহাড়ের খাঁজে
রূপসী মাছেদের কেলিরত চোখে তোর
অধর-আবীর মেখে চলে যাবো
রূপোলী ঝিনুকের খোঁজে
মুক্তোয় ভরে দেবো তোকে।

পাখির পালকে আকাশটা গুঁজে রেখে
এখানেই চলে আয় তুই-
জলেও অরণ্য আছে
তোকে নিয়ে ছুঁয়ে যাবো আদিম পাথর
অরণ্যের ধার ঘেষে
পড়ে থাকা হেলায় ভীষণ ;
স্বপ্নে তোর মুগ্ধ ছোঁয়ায়
ওখানে ফুটবে হেসে পাথুরে জলের ফুল-
তোর বুকে গুঁজে দেবো।
চাইলে সহেলী তোকে নিয়ে যাবো অরণ্যে গভীর
শেখাবো গাছেদের ভাষা-
দুলিয়ে বল্লরী-শাখা গাছেরাও বলতে জানে
প্রিয়তম কথা।

থেকে যা সহেলী তুই,
দু-চোখে যা কিছু ধরে
আমার যা সবকিছুই তোকে দেবো-
চাইলে শরীরটাও খুলে দেবো তোকে
শুধুই তোকে। #
(১২/১০/১৯৯৫)
R_d_B


জলল ভাস্কর্য

জ্যোৎস্নার সাথে সঙ্গম শেষে
রাতেরা কান্ত হলে
আড়মোড়া ভেঙে বলে ওঠো তুমি-
এখনো অনেক বাকী দিনের শুরু
চলো না বেরিয়ে আসি হ্রদের কিনার,
জলল ভাস্কর্য হবো।
কিছুই বলি না আমি-
অনিচ্ছে পকেটে পুরে তোমাতেই
চলমান হই।

অরণ্য-কালোয় জলে
কে যেনো ধোয়ে দেয় চাঁদের নেংটো শরীর;
ডুবিয়ে রতিতদেহ তুমিও নেমে গেলে
জলের স্বচ্ছতায়
যুগল জ্যোৎস্না নামে
এবং রাতের শরীর হয়ে যে দেহ জড়িয়ে ধরি
সেটা কি তোমার, নাকি...
জানা হয় না আমার।

তখনো দিনের শুরু অ-নে-ক বাকি। #
(২৬/০১/১৯৯৬)
R_d_B


পাথর স্তবক

(১)
অনেক বর্ষণে মৃত্তিকা গলে যায়
পাথরেরা বদলায় না একটুও;
তুমি তো পাথরই-
ইচ্ছে হয় কান পেতে শুনি
ঐ বুকে
ভাঙনের শব্দ হয় কিনা।

(২)
কিছু কিছু মুহূর্ত আসে
পাথরও মৃত্তিকার মতো গলে যায়,
বুঝি না কেবল আমি-
কতোটা অমিল থাকে পাথর তোমাতে
আর পাথরে তোমার ?

(৩)
পাথরে কি ফোটে ফুল
দৈবাৎ কখনো ?
এটুকু জানার বাকি থাক না পড়ে;
তোমার মুখেই যখোন হাসির মঞ্জরি দেখি
থাকে না জানার বাকি-
পাথরও ফোটায় ফুল কখনো কখনো। #
(০৯/০৪/১৯৯৬)
R_d_B


স্বপ্ন-বচন

(১)
জলের চোখে চোখ রেখেছো
বুঝোনি তাও চোখের জলও হাসতে জানে,
কষ্ট বুকের গোপন ছোঁয়ায় বুঝবে কি আর
কষ্ট পেতেই কষ্টেরা যে গোপন সুরে স্বপ্ন বোনে !

(২)
গাছের কাছে মাছের কাছে
স্বপ্ন-কথা ছড়াতে নেই,
জন্মান্ধতার শতদ্রু চোখ
বুনবে কেবল অন্ধতাকেই !

(৩)
স্বপ্ন দিয়ে স্বপ্ন কেনা
জগৎ জুড়ে কী আর এমন রহস্য তায়,
মাটির বুকের স্বপ্ন-কথা বুঝবে কে আর-
ভেঙে ভেঙে স্বপ্নতাকে ছড়াতে চায় কোন্ ভাষায় !

(৪)
স্বপ্নতা আর স্বপ্নহীনায়
আছে কি আর প্রভেদ কোনো ?
স্বপ্নেরই তো আসা-যাওয়া
রূপের ভেদেই ভাসছে দুনো ! #
(১৯৯৭)
R_d_B



আবর্তন
(মা'কে মনে পড়ে)

শৈশবে মায়ের মুখে শুনেছিলাম
জীবনের গান-
বুঝিনি কিছুই
শুধু রূপকথা সুরে সুরে
ঘুমের ডানায় ভেসে চলে গেছি দূর থেকে দূরে ;
মায়ের দীঘল হাত তখনো ছড়িয়ে ছিলো
অদ্ভুত মায়ায়।

সময়ের পালকেরা তারপর উড়ে গেছে কতো !
পড়ন্ত দুপুরে এখনো সুনসান নির্জনে
কতো না কান পাতি
শৈশবে আমার-
বুকের গহীন থেকে নিশুতির কান্না কিছু
উঠে আসে ছলকে যেন প্রত্নহীন লাভায়।
সেই গান সেই সুর কোথায় হারিয়ে গেছে-
কেবল মায়ের সেই সে বাহু
এখনো জড়িয়ে রাখে নিবিষ্টে আমায়।

আসলে মানুষেরা পারে না
কখনো ছাড়িয়ে যেতে শৈশবের বন্ধন কোনো।
শৈশবেরা যায় কি ফেলে মানুষকে কখনো ?
(২৫/০৯/১৯৯৬)
R_d_B



Image

Friday, March 14, 2008

# অদৃশ্য বাতিঘর-০১ (কবিতাগুচ্ছ)


অদৃশ্য বাতিঘর-০১ (কবিতাগুচ্ছ)

-রণদীপম বসু



অদৃশ্য বাতিঘর


মনে পড়ে সমুদ্রের কথা...
অদৃশ্য বাতিঘর এক পেছনে নিমগ্ন রেখে
পেরিয়েছি ক্ষয়িষ্ণু বিকেল কতো
নোনাজল গায়ে মেখে তরুণী বৃক্ষ এক
দিয়েছিল সঙ্গ কেবল
এঁকেছিল বুকে তার আর কারো মন্থন ব্যথা।

এখনো ভুলে কোন জলাশয় এলে
ইতিউতি খুঁজে ফিরি বিপণ্ন বাতিঘর এক;
অদৃশ্য ক্ষরণ নামে মগ্নতার জলে
হায়, কোথায় সেই বৃক্ষ আজ?

সমুদ্রের কথা মনে পড়ে যায়...। #
(১৯৯৬)
[somewherein]


রূপাবলী


ভেতরে আমার সতেরোশ’ ডাহুক ডাকে
হতে পারে শুধুই সতেরো, অথবা সতেরো হাজার-
এমন নির্জনে এলে যার কথা মনে পড়ে খুব
যে আমার কষ্টের ক্ষরণ মুছে মুছে বাড়ায় কেবল
সেই তো সে রূপাবলী...
চেনা চেনা অক্ষরে এতো যে অচেনা সে-
নাম তার রেখেছিলাম ‘রূপাবলী দে’। #
(১৯৯৬)
[somewherein]
[sachalayatan]


নষ্ট কাব্য


এবং নষ্ট হয়ে গেছি আমি
তোমাদের ভালোবাসার গণ্ডি ছেড়ে কোন এক
অস্থির সীমানায়...
প্রতিজ্ঞা করিনি কোন দিন,
আজো করবো না তাই
তবুও বলছি আমি সত্যিই নষ্ট হয়ে গেছি।

চৈতের কাঠফাটা দুপুরে কোন মায়ের ভেজা গণ্ডে
যে হাতের পরশ জাগিয়ে তুলতো
শরতের নির্মেঘ আকাশ
চোখে শুভ্র কপোত
সে-হাতের স্পর্শে এখন নীরবে ঝরে যায়
যে কোন সুহাসিকা ফুল।
এই সে ক্লান্ত দৃষ্টি জানি না কেমন আমার
অথচ অনায়াসে থেমে যায়
আনমনা যে কোন পাখির গান
শিশুর হাসি... হয়তো কান্নাও;
তবুও হেঁটে যাই দিব্যি আমি
সবার চোখের ওপর দিয়ে
এক কালে যেখানে বেড়াতাম এমনি।

যখন কোন নারী
আমার দিকে চোখ ফিরিয়ে নেয়
অবাক হই না মোটেও
শুধু বুকের ভেতর জমে ওঠে একটা অচিন বালুরচর-
অসংখ্য তৃষ্ণার্ত পাখিরা খুঁড়ে খুঁড়ে
চুষে নেয়
আশার উন্মাদ স্রোত
এবং কেউ আমার দিকে তাকালে-
অবাক হয়ে তাকালে
নিঃশ্বাসে নিমেষে জন্ম নেয় প্রচণ্ড কালবৈশাখ;
ইচ্ছে হয় চিৎকার করে বলি- দু’হাতে বুক চিরে বলি
এই দেখো এই দেখো নষ্ট আমি
কেমোন নষ্ট হয়ে গেছি!
অথচ নিশ্চল সমাধিস্থ সাধকের মতো
হয়তো তখন নিরেট স্বগতোক্তিই বেরিয়ে আসে-
আমি নষ্ট হয়ে গেছি
শুধু তোমরা ভালো থাকবে বলেই... #
(১৯৮৫)
[somewherein]


বৃক্ষ সংলাপ

- আচ্ছা, বলতে পারো
এরকম মাতাল জ্যোৎস্নায় চাঁদেরা উচ্ছল হলে
বৃক্ষেরা এতো বেশী নুয়ে পড়ে কেনো?
- বৃক্ষরমণীর বুকে রাতেরা সরব হয়, তাই
- বুঝতে পারি না যে...
- তুমি তো বৃক্ষ নও
- তবে তুমি কী?
- আমি যে আর জন্মে বৃক্ষই ছিলাম
- তুমি জন্মান্তরে বিশ্বাস করো!
- একটা জীবন মানে অসংখ্য জন্মের ফল
- হেঁয়ালি করছো?
- মানুষের মন হেঁয়ালির বিমূর্ত পিণ্ড এক
নিরন্তর ডুব দেয় ভেসে উঠে-
আবার ডুবে যায়...
- বুঝিয়ে বলো
- গর্ভিণী রাতের কাছে জানতে নেই স্বচ্ছতার নাম
- আহা, আমি যদি
চন্দ্রাতপ বৃক্ষ হতে পারতাম!
- তুমি হবে বোধিবৃক্ষ
অথবা জননী গাছ...
- তারপর...
- কোন এক ভয়াল রাতের উদ্ভ্রান্ত ঝড়ে
তুমিও মাতাল হবে...
- দ্যাখো, কেমোন শিরশির করছে আমার!
- শিকড়হারা বৃক্ষপুরুষ এক সোহাগের লাল চিহ্ন
এঁকে দেবে দুর্দান্ত আঘাতে...
- আমার ভয় করছে!...
- তোমার অস্থির শীৎকারে জেগে উঠবে রাত,
চাঁদেরা গলে যাবে, থেমে যাবে
নিশাচর প্রাণীদের তাবৎ চিৎকার...
- চুপ করো তুমি
- জীবনের স্রোত কখনো থামে না আর...
- আমার কান্না আসছে!
- এটাই জীবন...!! #
(১৬/১০/২০০৩)
[sachalayatan]


সমান্তরাল

পাখিরা ঘুমাবে বলে
আকাশকে বলেছিলো যেনো না গুটায় বুক,
জেগেছিলো আকাশেরা রাতভর
বুকের দরোজা খুলে।

মাটির পাঁজর ছুঁয়ে বৃক্ষেরা বলেছিলো
স্বপ্ন-দ্বৈরথে যাবে,
চাঁদনীর শীৎকারে প্রবল সাগর-বুক থর থর
সারা রাত মাটি তাই কেঁদেছিলো
শিকড়-সংগমে খুব।

অথচ এ কাতর উন্মুক্ত বুকে
যখোনি চেয়েছি আমি তোমাকেই বিঁধে নিতে খুব
তখোনি গিয়েছো সরে বারে বারে
কুয়াশার হিম জলে আমাকে একাকী ফেলে
একান্ত নিশ্চুপ... ...! #
(১৭/১০/২০০৩)