Showing posts with label Free-Article. Show all posts
Showing posts with label Free-Article. Show all posts

Tuesday, February 12, 2013

| যুদ্ধাপরাধ ও শাহবাগ : হতাশা-মোড়ানো যে স্ট্যাটাসটির জন্য এখন লজ্জিত আমি !

.
| যুদ্ধাপরাধ ও শাহবাগ : হতাশা-মোড়ানো যে স্ট্যাটাসটির জন্য এখন লজ্জিত আমি !
রণদীপম বসু
…
০৫ ফেব্রুয়ারি যথারীতি অফিসে গিয়েছি সকাল ১০টায়। তারপর থেকেই একটা রোমাঞ্চকর অস্থিরতায় অপেক্ষা করছিলাম, কখন মানবতাবিরোধী কুলাঙ্গার অপরাধী কাদের মোল্লার বিচারের রায় ঘোষণা শুরু হবে ! কাজের ফাঁকে মোবাইলে অনলাইন আপডেট খুঁজছিলাম থেকে থেকে। পৌনে এগারটায় শুরু হলো দীর্ঘ বয়ানের রায়। রহস্যময় বিতর্কিত চরিত্রের সহকর্মীদের মুখ প্রয়োজনাতিরিক্ত নিরব ও থমথমে। ভেতরে ভেতরে আমার প্রস্তুতি কিভাবে এতোদিনের পুষে রাখা বিজয়ানন্দটা যথাযথভাবে প্রকাশ করবো। ফাঁসির রায় শুনবো খুব নিশ্চিত হয়ে আছি।
.

Tuesday, February 21, 2012

| বইমেলা ২০১২: যেখানে ধ্বনিত হয় সভ্যতার স্পন্দন |

.
| বইমেলা ২০১২: যেখানে ধ্বনিত হয় সভ্যতার স্পন্দন |
-রণদীপম বসু
…
১.০
বিগত মেলাগুলোর সাথে এবারের বইমেলার যে বাহ্যিক পরিবর্তনটা উল্লেখযোগ্যভাবে চোখে পড়লো, বাঙালির এই প্রাণের মেলাটা বুঝি শেষমেষ নিজেকে কর্পোরেট সংস্কৃতির কাছে পুরোপুরি সপেই দিলো। এইটা আমার টাকায় করা, ওইটা আমার টাকায় করা, ওইগুলা আমাদের টাকায় করা, এরকম আগ্রাসী মনোভাব ছড়িয়ে আছে গোটা মেলা জুড়ে স্পন্সরদাতার বিজ্ঞাপন আধিক্যে। এখানেই হয়তো দান বা সহায়তার সাথে বেনিয়াবৃত্তির তফাৎ।

Friday, November 11, 2011

| অর্থহীন…|


| অর্থহীন…|
-রণদীপম বসু
…

কোনকিছুই অর্থহীন না। কথাটা কে বলেছিলেন জানি না। তবে কথাটা যে কোনোভাবেই অর্থহীন না, সেটা হলফ করেই বলা যায়। আর অর্থহীন হবেই বা কী করে ! কোন কারণ বা অর্থই যদি না থাকে তাহলে বিষয় বা বস্তুর অস্তিত্ব আসে কী করে ! অর্থাৎ কার্যটার পেছনে একটা কারণ অবশ্যই রয়ে গেছে। এর অর্থ বের করতে না পারলে তা আমাদের কাছে দুর্বোধ্য হতে পারে। ক্ষেত্র বিশেষে অবোধ্যও হতে পারে। কিন্তু অর্থহীন হওয়ার আদৌ কি উপায় আছে ?

Friday, October 21, 2011

| আলগা প্যাঁচাল-০৬ | এইটা ঠিক না !


| আলগা প্যাঁচাল-০৬ | এইটা ঠিক না !
-রণদীপম বসু
…

আশেপাশে সিটি কর্পোরেশানের টানানো বৈদ্যুতিক লাইন থাকায় বাড়ন্ত ডালপালা ছেটে ঠুটু বানিয়ে রাখা হলেও তরুণ বটগাছটার গোড়ায় চারদিক ঘিরে বাঁধানো গোল বেদীটা চওড়া ফুটপাথের মধ্যে চমৎকার একটা আবহ তৈরি করে রেখেছে। হাঁটুরে পথিকদের জন্য বা অপেক্ষমান ড্রাইভার-রিক্সাচালকদের জন্য এই বেদীটার মতো এমন আরামের ছায়াময় বিশ্রামস্থল আশেপাশে আর না থাকায় মিরপুর জিপিও গেটের এই কোণাটা অফিস কর্মদিবসে সারাক্ষণই সরগরম থাকে এবং একে ঘিরে কিছু খুচরা ভ্রাম্যমান টং-দোকানও বেশ জমে ওঠে। খুব নিকটবর্তী দূরত্বে গ্রামীণ ব্যাংক, হার্ট ফাউন্ডেশন, ওএসবি চক্ষু হাসপাতাল, কিডনি ফাউন্ডেশন, মিরপুর কলেজ, ওয়ার্ড কমিশনারের কার্যালয়, সর্বোপরি মিরপুর জেনারেল পোস্ট অফিস ইত্যাদি বহুল পরিচিত প্রতিষ্ঠানগুলোর অবস্থিতির সুবাদে এখানে শিক্ষিত সচেতন লোকদের আনাগোনা এমনিতেই বেশি থাকে। ফলে অফিস আওয়ারে এই বটের বেদীটাতে বসার জায়গা পাওয়াই ভার। কিন্তু আজকের প্যাঁচাল অন্য বিষয়ে।

| আলগা প্যাঁচাল-০৫ | রবিবারে আসেন… |


| আলগা প্যাঁচাল-০৫ | রবিবারে আসেন… |
-রণদীপম বসু
…
অন্তর্জালিক উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার সংরক্ষণে নাকি আমাদের দেশের সরকারি দপ্তর-অধিদপ্তরের পরিচয়বাহী ভবনগুলোর প্রয়োজনীয় ও ব্যবহারযোগ্য ছবি খুব একটা নেই। শিক্ষিত সচেতন জনগোষ্ঠির জন্য এরকম তথ্য নিঃসন্দেহে হতাশাব্যঞ্জক। এই ঘাটতি পূরণের আইডিয়া হিসেবে সবাইকে এ ব্যাপারে আগ্রহী করে তুলতে গত বছরের ডিসেম্বর মাসে কয়েকজন স্বেচ্ছাসেবী উইকিপিডিয়ান মিলে সিদ্ধান্ত নিলেন একটা ফটোওয়াক করে ফেলবেন। এটার নাম হবে ‘উইকি ফটো ওয়াক’। যেই কথা সেই কাজ। কিন্তু একটা গ্রুপের দ্বারা তো আর গোটা ঢাকা নগরী দ্রুত কাভার করা সম্ভব নয়। বিশেষ করে এলাকা, অবস্থান, যোগাযোগ, পথ-ঘাট ইত্যাদি চেনা-জানা বা অবগত না থাকলে দেখা যাবে কাজের চেয়ে অকাজের হাঁটাটাই সার হবে। তাই সেক্ষেত্রে বিকল্প হিসেবে যে অঞ্চলে যে বসবাস করছে সেরকম পাশাপাশি কয়েকজন মিলে একেকটা এলাকা কাভার করাটাই অধিক ফলপ্রসূ হতে পারে।

Tuesday, October 18, 2011

| আলগা প্যাঁচাল-০৪ | চিত্তবাবু জানেন…|


| আলগা প্যাঁচাল-০৪ | চিত্তবাবু জানেন…|
-রণদীপম বসু
…
ঢাকেশ্বরী মন্দির থেকে জগন্নাথ হলে এলাম বাদাইম্যা স্বভাবের তাড়নায়। শারদীয় উৎসবের আগের সপ্তার ঘটনা। বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছিলাম যে শিববাড়ি নামে পরিচিত হেরিটেজ মর্যাদার পুরনো স্থাপনাটা এখানে কোথাও ঘাপটি মেরে আছে ! কিন্তু সূত্রটা যে আসলে ততটা বিশ্বস্ত নয়, অচিরেই বুঝা গেলো এদিকওদিক উঁকিঝুকি মেরে কোথাও না পেয়ে একজন ছাত্রকে জিজ্ঞেস করতেই। ছাত্রটি তর্জনি নির্দেশে শিববাড়ির অবস্থান যেদিকে দেখালো সেদিকে বেরোনোর গেট ছাড়া আর কিছুই দেখলাম না ! তর্জনি আকিয়ে বাঁকিয়ে সে বললো এদিকে গিয়ে ওদিকে যেয়ে সেদিকে যাবেন। কি আর করা ! তথৈবচঃ !

Saturday, August 6, 2011

| জাতীয় নারী উন্নয়ন নীতি, কাঁঠালের আমসত্ত্ব !

| জাতীয় নারী উন্নয়ন নীতি, কাঁঠালের আমসত্ত্ব !
-রণদীপম বসু
 …
জাতীয় নারী উন্নয়ন নীতি প্রসঙ্গে
সম্প্রতি সরকার থেকে বাংলাদেশের ‘জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১’ এর (National Women Policy-2011) যে প্রস্তাবনা প্রকাশ করা হয়েছে তার বিপক্ষে কোন কোন ধর্মীয় সংগঠন থেকে পত্র-পত্রিকায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত হতে দেখলাম আমরা। এমন কি কোন কোন ক্ষেত্রে এই প্রতিক্রিয়া বাস্তবে এতোটাই উগ্র রূপ নিতে গেলো যে, এই প্রস্তাবিত নারী নীতির সাথে প্রচলিত ধর্মীয় দৃষ্টিভঙ্গির সংঘাতময় প্রোপটটি আসলে কোথায়, সচেতন নাগরিক হিসেবে তা খুঁজে দেখার কৌতুহল এড়ানোর উপায় নেই।

Thursday, August 4, 2011

| এটাই কি রমজানের পবিত্রতা রক্ষা !


| এটাই কি রমজানের পবিত্রতা রক্ষা !
-রণদীপম বসু
…

রমজান (ramadan) মাসে আমাদের দেশে অফিস-আদালতগুলোতে লাঞ্চ-বিরতি হয় না। সে কারণে অফিসের নিজস্ব ক্যান্টিনগুলোও বন্ধ থাকে এই এক মাস। তাতে অবশ্য অমুসলিমদের জন্য খুব একটা সমস্যা হয় না এজন্যে যে, দুপুরের খাবারটা সাথে নিয়ে আসতে পারেন তাঁরা। নামাজের বিরতির সময়টাতে নিরিবিলি লাঞ্চটা সেরে নিতে পারেন। এতে অফিসের কোন আপত্তি থাকে না, বরং অন্য যে-কোন সময়ের চেয়ে অমুসলিমদের প্রতি অফিস সহকর্মিদের সহানুভূতি একটু বেশিই লক্ষ্য করা যায় তখন। পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতার ক্ষেত্রে নিশ্চয়ই এটা একটা শুভ লক্ষণ।

Monday, June 20, 2011

| এন্থনি উইলসন, কিডনি ছাড়াই ঘুরে বেড়ান গোটা পৃথিবী !

 
| এন্থনি উইলসন,
কিডনি ছাড়াই ঘুরে বেড়ান গোটা পৃথিবী !
- রণদীপম বসু
…
 বাইশ বছর আগে তাঁর দু’টো কিডনিই ফেলে দেয়া হয়েছে। ইউরিনারী সিস্টেমও নাই। মি. এন্থনি উইল্সন, বয়স ৪২, অষ্ট্রেলিয়ার নাগরিক। কিডনি ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন এদেশ থেকে ওদেশ। অষ্ট্রেলিয়ার অত্যন্ত লাভজনক ব্যবসা তাঁর ভেড়ার খামার থেকে পশম উৎপাদন ও পোশাক প্রস্তুত করা। আয় করেন প্রচুর। ব্যয় করার সামর্থ ও ইচ্ছা দু’টোই রয়েছে তাঁর যথেষ্ট; কিন্তু…?

Thursday, April 7, 2011

| ক্ষুদ্রঋণের সুদ গণনা ও গ্রামীণ ব্যাংক বিতর্ক |


| ক্ষুদ্রঋণের সুদ গণনা ও গ্রামীণ ব্যাংক বিতর্ক |
-রণদীপম বসু

…
আজ থেকে অন্তত তিরিশ বছর আগের কথা। ১৯৮০ সাল। আমি তখন ভ্রাম্যমান নাগরিক হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইন্টারমিডিয়েট ক্লাসের বিজ্ঞান বিভাগের ছাত্র। অতিরিক্ত আগ্রহ হিসেবে ক্লাস শেষে বিকেলে কলেজের সাধারণ জিমনেশিয়ামটিতে যাতায়াত ছিলো নিয়মিত। এখন সেই জিমনেশিয়াম কম্পাউন্ডটার কীরকম চেহারা দাঁড়িয়েছে জানি না, তবে সেসময়ে তা দেখতে যে খুব একটা দৃষ্টিনন্দন ছিলো তাও নয়। কলেজ ক্যাম্পাসের প্রান্ত ঘেষা স্বল্পপরিসর জিমনেশিয়াম কম্পাউন্ডে ঢোকার জন্যে রাস্তার পাশে লোহার গ্রিলের বুক সমান উঁচু যে পুরনো পকেট গেটটা ছিলো ওটা সবসময়ই তালাবদ্ধ পেয়েছি। ফলে গেটটি বেয়ে উঠে তীরের ফলার মতো  লোহার খাড়া গ্রিলের ছুঁচালো অগ্রভাগ বাঁচিয়ে টপকে গেটের ভেতরে ঢুকে প্রয়োজনীয় কাজ সারতে হতো আমাদের। ছাত্র-অছাত্র বিভিন্ন শ্রেণীর ইচ্ছুক শরীরচর্চাকারীদের আনাগোনা ছিলো সেখানে। নিয়মিত যাতায়াতের কারণে অনেকের সাথেই ব্যক্তিগত পরিচয় ও সখ্যতা গড়ে উঠেছিলো। স্মৃতিবিভ্রাটের কারণে সেই বড় ভাইটির নাম এ মুহূর্তে মনে করতে পারছি না। ধরে নেই  শাহীন ভাই। বেশ জলি টাইপের লোক ছিলেন। তো একদিন তিনি তাঁর এক বন্ধুর সাথে খেলাচ্ছলে তখনকার হিসাবে দশ টাকার একটা বেট ধরে বসলেন। বেট আর কিছু নয়, লোহার গেটটা একলাফে পেরোনো। যথারীতি লাফ দিলেন এবং অনায়াসে পেরিয়ে গেলেন। অতঃপর বাজি জেতা দশ টাকা নিয়ে খুশিমনে বন্ধুসহ চলেও গেলেন। হরদম ঘটে যাওয়া খুব সাধারণ ও গুরুত্বহীন একটা ঘটনা হিসেবে কিছুক্ষণের মধ্যে আমরাও মনে রাখলাম না সেটা। 

Saturday, April 2, 2011

|প্রথম আলো গোলটেবিল বৈঠক | ক্ষুদ্রঋণ ও দারিদ্র্য বিমোচন |

 
|প্রথম আলো গোলটেবিল বৈঠক | ক্ষুদ্রঋণ ও দারিদ্র্য বিমোচন |
…
[  ক্ষুদ্রঋণ (microcredit) ও দারিদ্র্য (poverty) বিমোচন বিষয়ে সংক্ষিপ্তভাবে হলেও এতোজন গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদের তলস্পর্শী আলোচনা একসাথে পাওয়া সম্ভব হয় না সবসময়। পূর্ব-অভিজ্ঞতা অনুযায়ী পত্রিকার অনলাইন আর্কাইভ ব্যবস্থার উপর দূরবর্তী আস্থা খুব কম বিধায় পরবর্তীর রেফারেন্স হিসেবে পত্রিকায় প্রকাশিত গোটা আলোচনাটা হুবহু (কিছু ইংরেজি ট্যাগ সংযুক্ত করে) এখানে তুলে রাখলাম। কৃতজ্ঞতা: প্রথম আলো।]
…
| তারিখ: ২৭-০৩-২০১১ |
১৩ মার্চ প্রথম আলোর উদ্যোগে ‘ক্ষুদ্রঋণ ও দারিদ্র্য বিমোচন’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। তাঁদের বক্তব্য এখানে সংক্ষিপ্ত আকারে ছাপা হলো:

Friday, April 1, 2011

| ‘সুযোগের অভাবে চরিত্রবান !’

| ‘সুযোগের অভাবে চরিত্রবান !’
-রণদীপম বসু
…
(০১)

ইদানিং মোবাইলের ম্যাসেজ টোনটা মাঝেমধ্যেই চিৎকার করে ওঠে পেটের ভেতরে চমৎকার কিছু শ্লোগানের এসএমএস নিয়ে। আমিও আয়েশ করে বিটিআরসি বা গভট ইনফো প্রেরিত ইংরেজি হরফের বাংলা উচ্চারণে লিখিত শ্লোগানগুলো পড়ে পড়ে মুগ্ধ হই। কিছু কিছু ম্যাসেজে কিছু প্রয়োজনীয় তথ্য থাকে যা থেকে মেসেজ প্রাপকদের উদ্যোগ নিতে সুবিধা হয়, সেগুলোকে অবশ্যই ওয়েলকাম। কিন্তু আবার কিছু কিছু মেসেজ পড়ে মেসেজদাতার উদ্দেশ্য সম্পর্কেই এক ধরনের ধোয়াশাচ্ছন্নতা তৈরি হয়। যেমন-
‘দারিদ্র্য হটাতে হলে দুর্নীতি রুখতে হবে। – প্রধানমন্ত্রী’
‘সবাই মিলে লড়বো দুর্নীতিমুক্ত দেশ গড়বো। – দুদক’
‘তথ্য জানা ও পাওয়া আপনার মৌলিক অধিকার। তথ্য অধিকার আইন অনুসারে সরকারি ও বেসরকারি সংস্থা তথ্য প্রদানে বাধ্য। – সরকারি তথ্য বিবরণী’
‘ইভটিজিং প্রতিরোধে সোচ্চার হোন। – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’
ইত্যাদি।

Saturday, March 19, 2011

| যেখানে শুয়ে আছেন আমাদের বীরশ্রেষ্ঠ সাতজন |

| যেখানে শুয়ে আছেন আমাদের বীরশ্রেষ্ঠ সাতজন |
-রণদীপম বসু
…
১৯৭৩ সালের ১৫ই ডিসেম্বরে সরকারি গেজেট নোটিফিকেশন অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারীদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ ও অদম্য সাহসিক অবদানের স্বীকৃতিস্বরূপ জাতির সেরা বীর সন্তানদেরকে শ্রেষ্ঠ রাষ্ট্রীয় সম্মান ও উপাধিতে ভূষিত করা হয়। এদের মধ্যে মরণোত্তর সাতজন সর্বশ্রেষ্ঠ উপাধি ‘বীরশ্রেষ্ঠ’, ৬৮ জন ‘বীর উত্তম’, ১৭৫ জন ‘বীর বিক্রম’ এবং ৪২৬ জন ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত হন।

শহীদ সাত বীরশ্রেষ্ঠরা হলেন রাইফেলস-এর ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ  ও ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ, সেনাবাহিনীর ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর, সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল  ও সিপাহি মোহাম্মদ হামিদুর রহমান, নৌবাহিনীর ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন  এবং বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাঁরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত আছেন। তাঁরা আমাদের গৌরবের অহঙ্কার। এই বীর সন্তানেরা এখন কে কীভাবে কোথায় শোয়ে আছেন তা দেখার আগে আসুন আমরা আরেকবার অবনত চিত্তে শ্রদ্ধা জানাই তাঁদের জীবন ও বীরোচিত গৌরব গাথাকে গর্বভরে স্মরণ করে।

Tuesday, September 7, 2010

| আলগা-প্যাঁচাল-০২ | হাত…|


| আলগা-প্যাঁচাল-০২ | হাত…|
-রণদীপম বসু
…
০১.
এক হাতে প্রিয় সন্তান বা প্রিয়জনকে আগলে রেখে অন্য হাতে সমস্ত প্রতিকূলতা সামলানোর জন্যে হলেও মানুষের দুটো হাতের দরকার হয়। প্রকৃতিও হয়তো তা জানতো যে মানুষের বেঁচে থাকার যুদ্ধে প্রধান হাতিয়ার হলো তাঁর দুটো হাতই। ওখানেই তাঁর পূর্ণ ব্যবহারিক শক্তিটুকু লুকিয়ে থাকে। এখানে যেকোন ঘাটতি আসলে তার সামর্থেরই ঘাটতি। তবুও একান্তই ঘাটতি হয়েই গেলে তা পূরণ করতে হয় অতিরিক্ত ইচ্ছা, উদ্যম আর মনোবল দিয়ে। এটা কেউ পারে, অনেকেই পারে না। কিন্তু বেঁচে থাকা এক আশ্চর্য প্রত্যয়ের নাম !

Sunday, August 29, 2010

| আলগা-প্যাঁচাল…|০১|


| আলগা-প্যাঁচাল…|০১|
রণদীপম বসু
…
শাহবাগ আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলা পর্যন্ত উঠতে না উঠতেই জিন্সের বাঁ পকেটে মন উতলা করা বাঁশির সুরটা বেজে উঠলো। বুঝলাম কেউ আমাকে স্মরণ করছে। কবি আহমেদুর রশীদ টুটুল, শুদ্ধস্বর প্রকাশনার স্বত্ত্বাধিকারী- দাদা আপনি কোথায় ?
এইতো তৃতীয় তলার পথে, আপনার কাছাকাছি !

গতকাল মেইলে জানিয়েছিলাম আজ শনিবার আসতে পারি। উদ্দেশ্য প্রকাশিতব্য প্রবন্ধের বইটা ছাপার মেশিনে ঢুকার আগে চূড়ান্ত অবস্থাটা শেষবার দেখে নেয়া। প্রচ্ছদও নাকি এসে গেছে সংশ্লিষ্ট শিল্পীর কাছ থেকে। তা দেখে চক্ষু-কর্ণের বিবাদ-ভঞ্জনটাও সেরে নেবো।

Saturday, July 3, 2010

|আগুন, কিভাবে নিজে বাঁচবেন এবং অন্যকে বাঁচাবেন|

| আগুন, কিভাবে নিজে বাঁচবেন এবং অন্যকে বাঁচাবেন |
-রণদীপম বসু
…
আগুন, যার একটাই গুণ- কেবল জ্বালাতেই জানে। এবং এই অগ্নিক্ষুধা এতোটাই একপাক্ষিক ঘটনা যে, জান-মাল সহ কিছুই আর অবশিষ্ট রাখে না। প্রতিবছর আমাদের দেশে আকস্মিক অগ্নিকাণ্ডে কী পরিমাণ জান-মালের ক্ষতি হয় তার কোন পরিসংখ্যানমূলক তথ্য হাতের কাছে না থাকলেও নাগরিক জীবনে এর ভয়াবহতা ও ভিকটিম হিসেবে আমাদের অসহায়তার অন্ত নেই। বাসা-বাড়ি অফিস-আদালত থেকে শুরু করে মার্কেট-বহুতল ভবন যান-বাহন ইত্যাদি প্রায় সকল ক্ষেত্রে  অগ্নি নির্বাপক সিস্টেমের অভাব বা অপ্রতুলতা এবং আমাদের ভয়ানক অজ্ঞতা-অসচেতনতার কারণে যেকোন সময় যেকোন স্থানে যে কেউ এই আগ্রাসী অগ্নিকাণ্ডের দুঃখজনক ট্র্যাজেডির অসহায় শিকার হয়ে যাওয়া বিচিত্র নয়। গ্রামে-গঞ্জে বা ছোটখাটো শহরগুলোতে হুট করে বাইরে খোলা জায়গায় বেরিয়ে পড়ে প্রাণ বাঁচানোর ছোট্ট সুযোগটুকু পাওয়া গেলেও খাঁচাবদ্ধ নাগরিক জীবনে সেটাও সুদূরপরাহত বলেই মনে হয়। তাই প্রতিমুহূর্তের সমূহ আশঙ্কা আর সম্ভাব্য বিপদ মাথায় নিয়েই আমাদের নাগরিক জীবন।

Monday, June 28, 2010

| জন্মদিনে প্রফেসর ইউনূস ও সোশ্যাল বিজনেস ডে |

| জন্মদিনে প্রফেসর ইউনূস ও সোশ্যাল বিজনেস ডে |
-রণদীপম বসু
…
একটি সফল ও বিশ্ব-নাড়ানো প্রায়োগিক দর্শন বা তত্ত্ব হিসেবে ‘ক্ষুদ্র-ঋণ’ বা ‘মাইক্রো-ক্রেডিট’ এর বিশ্বজয় এখন পুরনো ঘটনা। এর প্রবক্তা ও প্রয়োগকর্তা হিসেবে প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রদানের ঘোষণার প্রাক্কালে ১৩ অক্টোবর নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ওলে ডানবোল্ট মিওস যে সাইটেশনটি পড়ে শোনান, ওখানেই বিশ্ববাসীর চোখে মাইক্রোক্রেডিটের গুরুত্বটুকু ফুটে উঠে। ওখানে বলা হয়-

Sunday, April 11, 2010

| একজন ফকির হায়দার বাবা এবং কিছু প্রশ্নরেখা…|


| একজন ফকির হায়দার বাবা এবং কিছু প্রশ্নরেখা…|
-রণদীপম বসু

…
(০১)
সম্ভবত বছর দুয়েক আগের ঘটনা। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে বেরিয়ে রিক্সায় মিরপুর একের দিকে যাচ্ছি। হযরত শাহ আলী মাজারের কাছাকাছি আসতেই রিক্সার গতি মন্থর হলো। সামনে মোটামুটি হৃষ্টপুষ্ট একটা মৌন মিছিলের মতো। ধীর গতিতে, সম্ভবত মাজারের দিকেই যাচ্ছে। কোনো অকেশন-টকেশন আছে কিনা জানি না। পাশ কেটে ওভারটেক করতে গিয়ে লক্ষ্য করলাম নারী-পুরুষ নির্বিশেষে প্রায় সবার হাতেই কোন না কোন খাবারের পোটলা বা ভাণ্ড। ফল-পসারি পানির বোতলও আছে অনেকের হাতে। মিছিলের অগ্রভাগে বেশ ময়লা-অপরিষ্কার জীর্ণ-শীর্ণ আলখাল্লা পরিহিত একজন বেটেখাটো শ্মশ্রু-গুম্ফধারী দরবেশ টাইপের বৃদ্ধলোক আপন মনে দুলে দুলে হাঁটছে মাথাটাকে সামনে ঝুলিয়ে দিয়ে। সামনের দিকে দু-একজনকে আবার অনেকটা শৃঙ্খলারক্ষার ভঙ্গিতে তৎপর দেখা গেলো। উনি কে ? জিজ্ঞেস করতেই রিক্সাচালক বললো- হায়দার বাবা, বড় কামেল ফকির !

Wednesday, December 9, 2009

| বিশ্ব জলবায়ু সম্মেলন ও আমাদের অভিশপ্ত শিশুরা |



| বিশ্ব জলবায়ু সম্মেলন ও আমাদের অভিশপ্ত শিশুরা |
 রণদীপম বসু

...

‘বাংলাদেশের পাশে দাঁড়ান’। সাতসকালে পত্রিকাগুলোর হেডলাইন দেখেই চমকে উঠলাম ! মেরুদণ্ড বেয়ে একটা শিনশিন ঠাণ্ডা স্রোত নেমে গেলো নিচের দিকে। নিজের জন্য নয়, আমাদের সন্তানদের ভবিতব্য চিন্তা করে। সেই উনিশশো একাত্তরেও নাকি এভাবে একবার বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছিলেন বিশ্বের কিছু মানবহিতৈষী ব্যক্তি। সেটা যে কতোবড়ো দুঃসহ কাল ছিলো এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, স্বাধীনতা-উত্তর প্রজন্মের কেউ তা কখনো বুঝবে না। বুঝার কথাও নয়। শৈশবের ধবধবে বুকে অতশত না বুঝেও সেই দুঃসহ স্মৃতি আর মা-ভাই-বোন হারানোর দগদগে ক্ষত নিয়ে আজো চলছি ঠিকই। তবু আগ্রাসী চিতার মতো দাউ দাউ জ্বলছে এখনো সেই ক্ষত। ওটা যে কোন রূপকথা ছিলো না, ছিলো বাঙালির অস্তিত্বের প্রশ্ন, সেটা এখনো বুঝাতে হয আমাদের বাঙালি প্রজন্মকে, দুর্ভাগ্যের এই কলঙ্ক-তিলক হয়তো আমাদের প্রাপ্যই ছিলো। কারণ মীর জাফর আলী খান বাঙালির পূর্বপুরুষ না হলেও আমাদের রক্তের আত্মীয় হয়ে গেছেন অনেক আগেই। আর তাই হযতো সেরকম সাদৃশ্যপূর্ণ একটা গুরুত্বপূর্ণ প্রধান সংবাদ পত্রিকায় দেখে এভাবে আঁতকে উঠা ! কিন্তু খবরটা তো আঁতকে উঠার মতোই।

Sunday, November 8, 2009

| ফুটোস্কোপ দর্শন...!



| ফুটোস্কোপ দর্শন...!
   রণদীপম বসু
...
 [ উৎসর্গ: সুজঞ্চৌ ]
...
কার্টুন-চিত্রের জনক কে ? প্রশ্নটা মাথায় আসতেই ফের প্রতিবারের মতো সেই পুনর্জ্ঞানে সমৃদ্ধ হয়ে উঠলাম। কী সেই জ্ঞান ? তা হলো- আমি এটুকু জানলাম যে, আমি এর কিছুই জানি না। জ্ঞানীজনেরা বলেন, জানা মানেই জ্ঞান। অর্থাৎ এর আগে আমি নিশ্চিতভাবে এ বিষয়ে অজ্ঞান ছিলাম। কেননা, এ বিষয়ে আমি কোন কিছু জানতাম কি জানতাম না, সেটাই জানা ছিলো না আগে ! এখন তো এটা জানতে পেরেছি যে আমি জানি না ! এভাবেই নাকি মানুষ জ্ঞানী হয়ে উঠে। অতএব এই চমৎকার জ্ঞান নিয়ে কথা আর আগানো মানে যে ‘বাবা মদন, থাক, অনেক হয়েছে’ জাতীয় প্রশস্তি-বাক্য প্রাপ্তির সম্ভাব্য নিশ্চয়তা বিধান, অন্তত এটা বোঝার জ্ঞান নিয়ে কেউ কি সন্দেহ পোষণ করবেন ? মনে হয় না। সে জ্ঞানও ময়-মুরব্বির দোয়ায় অর্জন করে ফেলেছি বলা যায় ! অতএব সাহিত্য-তলানিচাপা মানুষ, যাকে কিনা শিল্প-মূর্খ বললেও খুব কম বলা হয়, তার মাথায় এমন সীমা-ছাড়া জ্ঞানী-প্রশ্ন আসবে কেন ? জ্ঞানীজনের মতে এটাকেই বলে প্রভাব।