Showing posts with label Article (Literature). Show all posts
Showing posts with label Article (Literature). Show all posts

Saturday, May 26, 2012

| প্রসঙ্গ : সমকালীন ছড়া !

 .
| প্রসঙ্গ : সমকালীন ছড়া !
রণদীপম বসু
…
(০১)
আলোচনার যা বিষয়, তাতে শুরুতেই একটু গৌড়চন্দ্রিকা সেরে নেই। স্থান ও কাল উল্লেখ না করেই বলি, কোন এক কাজে ফুটপাথ ধরে হাঁটছিলাম। হঠাৎ একটা আকর্ষণীয় সাইনবোর্ড চোখে পড়লো, ওটার এক জায়গায় খুব সুন্দর করে লেখা- ‘এখানে যত্ন সহকারে বৈজ্ঞানিক উপায়ে চিকিৎসা করা হয়।’ হতভাগা আমার ভাষাজ্ঞান ও হিউমার-বোধ কম থাকায় ছড়াকার হতে পারি নি কখনো। কিন্তু বৈজ্ঞানিক উপায়ে চিকিৎসার হিউমার-সমৃদ্ধ কথাটা পড়ে ওই চিকিৎসক ব্যক্তিটি ছড়াকার কিনা জানতে ভীষণ কৌতুহল হলো।

Saturday, December 25, 2010

| ছড়ার গাঁঠছড়াটা খুলবে কী করে….|

 
| ছড়ার গাঁঠছড়াটা খুলবে কী করে…|
-রণদীপম বসু
…
পূর্বকথন
বাংলা ছড়া নিয়ে লিখতে বসলে প্রথম যে বিপত্তিটা দেখা দেয় তা হলো, ছড়া কী, তার কোন নিষ্পত্তি চোখে না পড়া। এটা যদি লেখকের একান্তই নিজস্ব সীমাবদ্ধতা হয় বা হতো, তাহলেও একটা সান্ত্বনা থাকতো যে- জন্মান্ধ চোখে ঢুরে দেখা হয়নি, তবে নিশ্চয়ই এর একটা নির্দিষ্ট রূপরেখা চিহ্নিত করা আছে হয়তো। কিন্তু বাস্তবতার সাক্ষ্য কি তা বলে, বা চোখে পড়ে কোথাও ? বিজ্ঞজনেরা হয়তো ছড়া, কবিতা, পদ্য এর মধ্যকার সূক্ষ্ম বা স্থূল পার্থক্যের ধারণাগুলো নিজস্ব বোধে আত্মস্থ করে নিয়ে নিরন্তর চর্চার মাধ্যমে তা থেকে রসবৈচিত্র্যের সন্ধান করতে সক্ষম ঠিকই। কিন্তু অধিকাংশ সাধারণ সাহিত্যরসিক ও আগ্রহীজনের অনভিজ্ঞ বোধ ও মননে এই পার্থক্যহীনতার মিশ্রন ও প্রভাব আসলে সত্যিকারভাবে কতোটা রসবোধ তৈরি করতে সক্ষম তা নিয়ে মনে হয় আমরা কেউ ভাবি না। 

Saturday, June 19, 2010

| একটি কল্পগ্রন্থ-ভূমিকা কিংবা প্রাক্-কথন |



| একটি কল্পগ্রন্থ-ভূমিকা কিংবা প্রাক্-কথন |
-রণদীপম বসু
…
প্রচলিত ভাবনা-স্রোতের মধ্যে থেকেও ব্যক্তি-মানুষের চিন্তা-শৈলীতে স্বাতন্ত্র্য রয়েছে। ব্যক্তিবিশেষে এই স্বাতন্ত্র্য বা ভিন্নতা এতোটাই যৌক্তিক যে, একই অভিন্ন বিষয়কে দেখার ভঙ্গি ও আপতিক অবস্থানেও তা অনিবার্য পার্থক্য এনে দেয়। কখনো কখনো এই বৈচিত্র্যময় চিন্তারেখা এতোটা ব্যতক্রমী ও প্রশ্নপ্রবণ হয়ে ওঠে, তা আর প্রচলিত ধারণা বা ভাবনাস্রোতের অনুষঙ্গ হয়ে থাকতে পারে না। ক্ষেত্রবিশেষে বিপরীত স্রোতের যাত্রী হয়ে ওঠে। এটাকেই মুক্তচিন্তা বা চিন্তার স্বাধীনতা বলা যেতো। কিন্তু চিন্তার কোন দৃশ্যমান সত্তা নেই বলে অপ্রকাশিত চিন্তার আসলে কোন কার্যকরিতাও নেই। ভাষা, চিত্র, শব্দ বা সুর ইত্যাদি ইন্দ্রীয়গ্রাহ্য মাধ্যমে চিন্তার প্রকাশ ঘটাতে হয়। কিন্তু চাইলেও তা সবসময় সম্ভব হয়ে ওঠে না বিভিন্ন বিপত্তিগত কারণে। এই প্রকাশের স্বাধীনতাকেই আমরা বলি চিন্তার স্বাধীনতা। তবে অপ্রকাশিত চিন্তাকে অস্তিত্বহীন বলাটাও অযৌক্তিক হবে। কেননা চিন্তক ব্যক্তির অদৃশ্য মননকোষে সতত সঞ্চারমাণ অসংখ্য ভাবনা-স্রোতের জারণ-বিজারণ ক্রিয়ার ফলাফলই তার নিজস্ব চিন্তারেখা। প্রতিনিয়ত তা প্রভাবিত হচ্ছে অন্যান্য চিন্তাস্রোতের সাথে, কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে, কোথাও প্রাণিত হচ্ছে, কোথাও থেমে যাচ্ছে, কোথাও আবার গতি পাচ্ছে। এই যে চিন্তার অনিবার্য অভিঘাত, তার উপর ভিত্তি করেই ব্যক্তি তার চিন্তাজগতে এগিয়ে যায়, থেমে যায়, এবং কখনো বা পেছন হাঁটে।

Saturday, May 29, 2010

| কবি ও শিশুসাহিত্য এবং আমাদের দায়বদ্ধতা…|

 
| কবি ও শিশুসাহিত্য এবং আমাদের দায়বদ্ধতা…|
-রণদীপম বসু

…
কবি কিংবা শিল্পী, হওয়া না-হওয়ায় কী এসে যায় ?
সমাজে একজন ব্যক্তির কবি বা শিল্পী হওয়া না-হওয়ায় আদৌ কি কিছু এসে যায় ? অত্যন্ত বিরল-ব্যতিক্রম বাদ দিলে আমাদের বর্তমান আর্থিক মানদণ্ড প্রধান সমাজে একজন কবি বা শিল্পীকে কোন অবহেলিত গোত্রের প্রতিনিধি বলেই মনে হয়। তাই একজন ব্যক্তির কবি কিংবা শিল্পী তথা একজন স্রষ্টা হয়ে ওঠায় ব্যক্তির লাভ-ক্ষতির হিসাবের জবেদা টানার চেয়ে সমাজে এর কী প্রভাব অভিযোজিত হয় তা-ই বেশি গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কেবল একজন ব্যক্তিই, যে পর্যন্ত না তাঁর কোন কাজ বা উদ্যোগ সমাজে বিশিষ্ট হয়ে ওঠে। এই বিশিষ্ট হয়ে ওঠার সাথেই ব্যক্তি ও ব্যক্তিত্বের মধ্যে একটা মাত্রিক পার্থক্য সূচিত হয়ে যায়। অর্থাৎ ব্যক্তি তখন ব্যক্তিত্বের পর্যায়ে উন্নীত হন। মানে দাঁড়ালো, ব্যক্তি যখন বিশিষ্ট বা বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে ওঠেন তখনই তিনি ব্যক্তিত্বের পর্যায়ভুক্ত। এখন প্রশ্ন আসবে, তাহলে ব্যক্তি কি কোন বৈশিষ্ট্যসম্পন্ন নয় ? আমরা তো জানি যে, জগতের প্রতিটা মানুষই ভিন্ন এবং কোন না কোনভাবে নিজ নিজ বৈশিষ্ট্যে উজ্জ্বল। সেক্ষেত্রে প্রতিটা ব্যক্তিই তো একেকজন ব্যক্তিত্ব হবার কথা। অতি সত্য কথা। আর এজন্যেই সমাজের মধ্যে বিশিষ্ট হয়ে ওঠার কথা এসেছে। অর্থাৎ সমাজকে প্রভাবিত করার মতো বিশিষ্টতা যিনি অর্জন করেছেন, তিনিই ব্যক্তিত্ব। এলাকার সবচাইতে বড় সন্ত্রাসী ব্যক্তিটিও সমাজকে কোনোভাবে প্রভাবিত করার ক্ষমতা অর্জন করে ফেলেছে হয়তো। তাকেও কি আমরা ব্যক্তিত্ব বলবো ? অবশ্যই না। কেন বলবো না ? কারণ সন্ত্রাসীকে কেউ অনুকরণ করে না। বাধ্য হয়ে উপরে উপরে আনুগত্য প্রদর্শন আর আদর্শ বা ‘রোল-মডেল’ হিসেবে মেনে নিয়ে অনুকরণ বা অনুসরণ এক কথা নয়। তাছাড়া যে কর্মকাণ্ড সমাজের জন্য যে-কোন বিচারেই ক্ষতিকারক, তাকে গুণবাচক অর্থে বিবেচনা করার কোন যৌক্তিকতা আছে কি ? অতএব, যিনি তাঁর বৈশিষ্ট্যসূচক কর্মকাণ্ড বা উদ্যোগের মাধ্যমে সমাজে একটা ইতিবাচক প্রভাব ফেলার ক্ষমতা অর্জন করতে সক্ষম হয়েছেন বলে ধরে নেই, তাঁকেই আমরা ব্যক্তিত্ব বলতে পারি। এই বৈশিষ্ট্যসূচক কর্মকাণ্ড বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের হতে পারে। রাজনীতিক, ক্রিড়াবিদ, অভিনেতা, কণ্ঠশিল্পী, চলচ্চিত্রকার, সমাজসেবী, অধ্যাপক, বিজ্ঞানী, চিকিৎসক, প্রযুক্তিবিদ, শিল্প-উদ্যোক্তা, লেখক, প্রকাশক, সম্পাদক, সাংবাদিক ইত্যাদি। আমাদের আলোচ্য কবি বা শিল্পী হয়ে ওঠাও তা-ই। এই ব্যক্তিত্বদের মধ্যে কেউ হয়তো মহান সংগঠক, সাহসের প্রতীক, কেউ অভূতপূর্ব সৃজনশীলতার প্রতীকী স্রষ্টা।

Wednesday, April 21, 2010

| সৃষ্টিতে যাপনে কথাশিল্পী মাহবুব-উল আলম |

| সৃষ্টিতে যাপনে কথাশিল্পী মাহবুব-উল আলম |
রণদীপম বসু
…
আজ থেকে ১১২ বছর আগের কথা। সে আমলে আমাদের দেশের সামাজিক বাস্তবতা যেরকম ছিলো, তাতে একজন কৃষকের পুত্র কৃষকই হতো, মৌলভীর পুত্র হতো মৌলভীই। এটাই ছিলো খুব স্বাভাবিক পরিণতি। এর ব্যতিক্রম হওয়াটাই ছিলো বিরল ব্যাপার। কিন্তু ১৮৯৮ সালের ১লা মে চট্টগ্রামের ফতেহাবাদ গ্রামে পিতা মৌলভী নসিহউদ্দিন সাহেবের দ্বিতীয় পুত্র হিসেবে জন্ম নেয়া মাহবুব-উল আলম নামের ছেলেটি পরবর্তীতে মৌলভী তো হলোই না, বরং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন ফতেয়াবাদ মিডল ইংলিশ স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে তৎকালীন দেশসেরা কলেজ চট্টগ্রাম কলেজে ভর্তি হয়ে রীতিমতো লেখাপড়া চালিয়ে যেতে লাগলো। তৎকালীন সামাজিক বাস্তবতায় এটা একটা উল্লেখযোগ্য বিষয় বৈ কি। আরো মজার ব্যাপার হচ্ছে, তাঁর কোন ভাই-ই মৌলভী হন নি। তাঁর অন্য ভাইরা হচ্ছেন শামসুল আলম, দিদার-উল আলম ও ওহীদুল আলম।

Friday, January 29, 2010

|Arthashastra| চাণক্য-পণ্ডিতের কৌটিল্য-তত্ত্ব, ইতিহাসের টেরাকোটায় |


|Arthashastra| চাণক্য-পণ্ডিতের কৌটিল্য-তত্ত্ব, ইতিহাসের টেরাকোটায় |
- রণদীপম বসু
…
(০১)
‘মন খাঁটি হলে পবিত্র স্থানে গমন অর্থহীন।’


এই দুর্দান্ত উক্তিটির বয়স দু’হাজার বছরেরও বেশি, প্রায় আড়াই হাজার বছর। এটা চাণক্য-শ্লোক বা বাণী। কিন্তু প্রশ্ন হলো, কথাটা কতোটা বিশ্বাসযোগ্য ? যদি বলি এর বিশ্বাসযোগ্যতা শূন্য ? একযোগে হামলে পড়বেন অনেকেই। বিশ্বাসযোগ্যই যদি না হবে তো আড়াই হাজার বছর পেরিয়ে এসেও কথাটা এমন টনটনে থাকলো কী করে ! আসলেই তা-ই। কথাটায় একবিন্দুও ফাঁকি দেখি না। হয়তো আমরাই মানি না বলে। অথবা অক্ষরে অক্ষরে এতোটাই মেনে চলি যে, জানান দেবার আর বাকি থাকে না- আমাদের মনটাই ফাঁকি, ওখানে খাঁটি বলে কিছু নেই। আর এজন্যেই কি পবিত্র স্থানে গমনের জন্য হুমড়ি খেয়ে আমাদের মধ্যে এমন হুড়োহুড়ি লেগে যায় ? অসুস্থ হলে যেমন আমরা হন্যে হয়ে ডাক্তারের কাছে ছুটি, এটাও সেরকম। খোশগল্প করার নিয়ত না হলে সুস্থাবস্থায় কেউ কি ডাক্তারের কাছে যান !

Wednesday, January 20, 2010

[Khona] খনা, জনভাষ্যে মিশে থাকা আমাদের লোকভাষ্যকার…|


[Khona] খনা, জনভাষ্যে মিশে থাকা আমাদের লোকভাষ্যকার…|
-রণদীপম বসু
…

০১.
‘মঙ্গলে ঊষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা’ কিংবা ‘কলা রুয়ে না কাটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত’ অথবা ‘বেঙ ডাকে ঘন ঘন, শীঘ্র হবে বৃষ্টি জান’ বা ‘বামুন বাদল বান, দক্ষিণা পেলেই যান’, এগুলো  জনপ্রিয় খনার বচন। কৃষিভিত্তিক জন-মানুষের মুখে মুখে প্রচলিত এরকম বহু লোক-বচনের সাথেই আমরা পরিচিত। খনার বচনও আছে প্রচুর। কিন্তু প্রশ্ন হলো, আমাদের লোক-সাহিত্যে খনা নামে কেউ কি আদৌ ছিলেন ? আসলে এ প্রশ্নটাও বিভ্রান্তিমূলক। কেননা লোক-সাহিত্য বলতেই আমরা বুঝে নেই যে, লোক-মুখে প্রচলিত সাহিত্য অর্থাৎ জনরুচির সাথে মিশে যাওয়া যে প্রাচীন সাহিত্য বা সাহিত্য-বিশেষের কোন সুনির্দিষ্ট রচয়িতার সন্ধান আমরা পাই না বা জানা নেই তা-ই লোক-সাহিত্য। সাহিত্যে যেহেতু রয়েছে, রচয়িতা আছে তো বটেই। কিন্তু তা লিপিবদ্ধ ছিলো না বলে কাল-চক্ষুর অন্তরালে হারিয়ে যাওয়া এই রচয়িতারা নাম-পরিচয় হারিয়ে চিহ্ণহীন লোকায়ত পরিচয়ে চিরায়ত জনস্রোতের অংশ হয়ে গেছেন। তাঁদের লিপিহীন মহার্ঘ রচনাগুলো হয়ে গেছে আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ, অনেক গবেষক-সংগ্রাহকদের গভীর শ্রমসাধ্য অবদানে কালে কালে সংগৃহীত ও সংরক্ষিত হয়ে যাকে আমরা আজ লোক-সাহিত্য  বলে চিহ্ণিত করছি।

Wednesday, November 18, 2009

| এক টুকরো আয়না...!



| এক টুকরো আয়না...!
    রণদীপম বসু

...
(০১)
এক জীবনের ফালতু প্যাঁচাল শেষ করতেই মোটামুটি পাঁচশ’ বছরের কম হলে যে চলে না, মূর্খ-চিন্তায় এ আত্মোপলব্ধি যেদিন খোঁচাতে শুরু করলো সেদিন থেকে নিজেই নিজের এক অদ্ভুত ভিকটিম হয়ে বসে আছি। কী আশ্চর্য ! পঞ্চাশ-ষাট বছরের ছোট্ট একটা গড় জীবনের মশকারি কাঁধে নিয়ে ‘মুই কী হনুরে’ হয়ে ওঠা আমাদের আলগা ফুটানিগুলো কতো যে অসার বর্জ্য, ভাটির মাঝিরা বুঝে যান ঠিকই। এই দুঃখে কাঁদবো না কি জীবন নামের মারাত্মক কৌতুকের বিষয়বস্তু হয়ে নিজেকে নিয়ে নিজে নিজেই অদ্ভুতভাবে হাসতে থাকবো, সে সিদ্ধান্তটাও নেয়া হলো না আজো। কী করেই বা নেবো ? স্বপ্ন দেখা শিখতে শিখতেই তো জীবন কাবার ! স্বপ্নকে ছুঁবো কখন ? তার আগেই তো বিশাল একটা ‘ডিম্ব’ ! মানে ফুস ! হাহ্ , এগুলোকে কেউ কেউ ভাবতে পারেন মন খারাপের কথা।

Monday, November 2, 2009

| ছড়া’র গাঁঠছড়াটা খুলবে কে ?



| ছড়া’র গাঁঠছড়াটা খুলবে কে ?
 রণদীপম বসু
...
শূন্য থেকে কোন কিছুই সৃষ্টি হয় না। বিশেষ করে শিল্প-সংস্কৃতি চর্চার ক্ষেত্রে তা তো কল্পনাই করা যায় না। কথার ঠেলায় কথা বলতে গিয়ে যাঁরা ঠাশ করে বলে ফেলেন- ‘এই যে এটা আমার মৌলিক সৃষ্টি’, তাঁরা হয় ডাহা মিথ্যে কথা বলেন, কিংবা বোকার স্বর্গে বাস করেন। আর বোকার স্বর্গে বাস করে কেউ তর্কাতীতভাবে সৃজনশীল হবেন এটা যে বিশ্বাস করে, সে হয়তো এটাও বিশ্বাস করে যে সোনা দিয়ে নিশ্চয়ই পাথরবাটি বানানো সম্ভব। তবে সোনা দিয়ে পাথরবাটি বানানোর এই ধারণাটাকে একেবারে উড়িয়ে দেয়ার জো নেই। অন্তত শিল্প-সাহিত্যের ক্ষেত্রে এই অদ্ভুত উদ্যোগ বা চর্চার চেষ্টাটা যদি না থাকতো তাহলে সমালোচনা সাহিত্য নামের কোন বিশ্লেষণী সাহিত্য বিভাগ সৃষ্টিরও আদৌ প্রয়োজন হতো কিনা সন্দেহ। বনের মোষ তাড়ানোর মতো কার এতো দায় পড়তো কেউ কোথাও পাথর দিয়ে স্বর্ণপাত্র কিংবা সোনা দিয়ে পাথরবাটি সৃষ্টির ভয়ঙ্কর কোন কৃতিত্ব দেখালো কিনা ?

Friday, October 9, 2009

| ষোড়শ সংখ্যা ‘প্রতীকী’, কিছু কথা কিছু আকথা…|



| ষোড়শ সংখ্যা ‘প্রতীকী’, কিছু কথা কিছু আকথা…|
রণদীপম বসু
…
০১.
কে কেন কিভাবে লিখেন, এ নিয়ে দুনিয়াজোড়া মজার মজার কাহিনী প্রচলিত আছে। আবার প্রতিটা মানুষই নাকি কোন না কোনভাবে কিছু কিছু মজার স্ববিরোধিতায় আক্রান্ত হয়ে থাকেন। বিশেষ করে যাঁরা ভাবনার খুব গভীরতলে পৌঁছে যান, তাঁরাই আবার খুব হালকামাত্রায় এসে বেশ হাস্যকর কর্মকাণ্ড ঘটিয়ে বসেন। বিজ্ঞানী নিউটনের এরকম একটা ঘটনার কথা তো বহুল প্রচলিত, যা সেই ছাত্রকালে শুনে বেশ মজা পেয়েছিলাম। কী এক গবেষণা চালাতে গিয়ে নিউটন নাকি একবার দুই কোঠা বিশিষ্ট বড় একটি বাক্সের মধ্যবর্তী পার্টিশনটাতে দুই আকৃতির দুটো ছিদ্র করেছিলেন, কোঠা বদল করতে বড় বিড়ালের জন্য একটি এবং ছোটটির জন্য অন্যটি। শুধুমাত্র একপাশ থেকে অন্যপাশে যাওয়ার জন্য দুটো বেড়ালের জন্য যে একটি রাস্তাই যথেষ্ট, এ কথাটা নিউটনকে কিছুতেই বোঝানো যাচ্ছে না। অবশেষে তাঁর সহকারী হাতে-কলমে দেখিয়ে দেয়ার পর নিউটনের উক্তি ছিলো- তাই তো ! ঘটনাটি আদৌ সত্য কিনা, না কি বাঙালির রসসৃষ্টির অসাধারণ প্রতিভার আরেকটি নমুনা উদাহরণ কে জানে। তবে মনোবিজ্ঞান বলে যে, ভাবনার উচ্চস্তরে অবস্থান করলে একই সময়ে নিচের স্তরের এরকম ছোটখাটো অসংগতি ঘটানো মানব-মস্তিষ্কের স্বাভাবিক প্রবণতার একটা অংশ।

Friday, August 14, 2009

| …সাহিত্যের দিনমজুর !


…সাহিত্যের দিনমজুর !
রণদীপম বসু
.
(০১)
‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে…’, রবীন্দ্রনাথের এই সঙ্গীতটিকে ঋদ্ধি ও মননে ধারণ করেছিলেন বললে হয়তো ভুলভাবে বলা হবে ; বলতে হবে, ওই সঙ্গীতের মন্থিত জীবন-রসের সবটুকু মাধুর্যকেই বুকে আগলে নিয়েছিলেন তিনি। শুধু কি আগলেই নিয়েছিলেন ? আগুনের ওই পরশমণির অনিন্দ্য ছোঁয়ায় অগ্নিশুদ্ধ হয়ে নিজেকে এমন এক জীবনশিল্পীর মর্যাদায় আলোকিত করে নেন, সমকালীন বাস্তবতায় কী সাহিত্যে কী সাংবাদিকতায় কী চিন্তা চেতনা জীবনাচারে সময়ের চেয়েও এক অগ্রবর্তী পুরুষে উত্তীর্ণ হন তিনি। আর সময়ের চেয়ে এগিয়ে গেলে যা হয়, চলনে বলনে যাপনে সহজ সারল্যের প্রকাশ সত্ত্বেও সাধারণের চোখে হয়ে যান দুর্নিবার বিস্ময়, জিজ্ঞাসায় মোড়ানো এক রহস্য পুরুষ ! মাহবুব-উল আলম ছিলেনও তা-ই।

ধন্দে পড়তে হয় তাঁর নামের আগে প্রয়োগযোগ্য একক কোনো বিশেষণের খোঁজে। কথাশিল্পী ? হতেই পারে। সাহিত্যে মৌলিক চিন্তা ও দৃষ্টিভঙ্গির জন্য যিনি সর্বোচ্চ পুরস্কার হিসেবে ১৯৬৫ সালে ‘বাংলা একাডেমী পুরস্কার’, ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্টের দেয়া পুরস্কার ‘প্রাইড অব পারফরমেন্স’ এবং ১৯৭৮ সালে ‘একুশে পদকে’ ভূষিত হন, ‘কথাসাহিত্যিক’ বিশেষণটা যে তাঁর একান্ত নিজস্ব শব্দমালার অংশ হয়ে যায়, তা কি আর বলার অপেক্ষা রাখে ! প্রেসিডেন্ট আইজেন হাওয়ার কর্তৃক আমন্ত্রিত লেখক হিসেবে আমেরিকা সফরে (১৯৫৯ সালে) পাওয়া ‘He is a man of unusual talent’ অভিধা যাঁর স্বীকৃতিপত্রে ঝলমল করতে থাকে, বিশেষণ নিজেও হয়তো বিশেষায়িত হয়ে যায় মাহবুব-উল আলম নামটির সাথে একাত্ম হতে পেরে।

Thursday, March 26, 2009

# চিত্রকল্পে কিশোর-কবিতার স্বরূপ অন্বেষণ...


চিত্রকল্পে কিশোর-কবিতার স্বরূপ অন্বেষণ...
রণদীপম বসু
...
‘সেই লেখা লেখা নয় নাহি যার রস।’ কবি ঈশ্বর গুপ্তের এই রায়কে মান্য করলে আমাদের স্বীকার করে নিতে হয় যে, রস সৃষ্টিই সাহিত্যের অভীষ্ট লক্ষ্য। তাহলে প্রশ্ন আসে রস কী ? টস টস করে ঝরে পড়ার মতো কোন নিঃসৃত তরল পদার্থ যে নয় তা তো আমরা বুঝতেই পারছি। এ হচ্ছে সাহিত্যের রস। আর কাব্য বিচারে এলে কাব্যরস। তবে রস প্রসঙ্গে জানতে হলে আমাদেরকে তো রসশাস্ত্রে ঢু মারতেই হয় !

প্রাচ্য-অলঙ্কার শাস্ত্রে রস একটি পারিভাষিক শব্দ। যার ধাতুগত মূল অর্থ হচ্ছে আস্বাদন করা। কাব্যতত্ত্বের প্রধান পুরুষ আচার্য ভরত তাঁর নাট্যশাস্ত্রে নাকি ঘোষণা করেছেন এই বলে যে, “-নহি রসাদ ঋতে কশ্চিদর্থঃ প্রবর্ততে।” (নাট্যশাস্ত্র, -৬/৩৪) অর্থাৎ রস ব্যতিরেকে কোন বিষয়েরই প্রবর্তনা (সূচনা) হয় না। রসের এই সর্বব্যাপী-সর্বগ্রাহী স্বরূপ উপলব্ধি করেই রসের সংজ্ঞার্থ নির্ণয়ে আত্ম-জিজ্ঞাসায় প্রশ্ন রাখেন- “অত্রাহ, রস ইতি কঃ পদার্থ ?” অর্থাৎ রস কোন পদার্থকে বলে ? উত্তর-অন্বেষার সারাৎসার- “আস্বাদ্যত্বাৎ” (নাট্যশাস্ত্র, -৬/৩৫), যা আস্বাদিত হয়। রসবাদী হিসেবে আরেক খ্যাতিমান চতুর্দশ শতাব্দের বিশ্বনাথ কবিরাজ তাঁর ‘সাহিত্য দর্পণ’ গ্রন্থে ভরত-এর কথারই প্রতিধ্বনিত করলেন- রস্যতে ইতি রসঃ। (সাহিত্য দর্পণ, -১/৩) অর্থাৎ যা রসিত বা আস্বাদিত হয়, তা-ই রস। এবং রসের ব্যাপ্তি প্রকাশ করলেন এভাবে- “সর্বোহপি রসনাদ্ রসঃ” (সাহিত্য দর্পণ, -৩/৪২) অর্থাৎ রসন বা আস্বাদন হেতু সবই রস। হাঃ হাঃ, তাহলে তো আস্বাদন হেতু তালের রস আর কাব্যরসে কোন তফাৎ দেখি না ! তফাৎ হয়তো এটাই যে তালের রসের আস্বাদন করতে হলে গাছ বেয়ে আগায় চড়তে হবে। আর কাব্যরসের আস্বাদ পেতে হলে ডুব দেবার নিমিত্তে কাব্যহ্রদে ঝাঁপ দিতে হবে। বিষয়টা যেহেতু কাব্যকেন্দ্রিক, তাই যাঁরা কাব্যসাহিত্য নিয়ে নাড়াচাড়া করেন, লেখালেখি করেন কিংবা এ থেকে রস আস্বাদনে আগ্রহী বা রসসৃষ্টির সম্ভাব্য নেশায় বুঁদ হতে আকাঙ্ক্ষি, তাঁদের জন্য ওইদিকে ঝাঁপ দেয়া ছাড়া আপাত কোন গতিক দেখছি না। এক্ষেত্রে সাহিত্যের মহাফেজখানায় খুঁজে খুঁজে হয়রান না হয়ে আপাতত যে দুটো অবশ্যপাঠ্য বইকে সঙ্গি করে নিলে পথ খুঁজতে খুব একটা বেগ পেতে হবে না, তা হচ্ছে নরেন বিশ্বাসের ‘কাব্যতত্ত্ব-অন্বেষা’ এবং ‘অলঙ্কার অন্বেষা’। এ নিবন্ধে এই বিষয়ক অর্থাৎ প্রাচ্য-অলঙ্কার শাস্ত্র তথা কাব্যতত্ত্ব সংশ্লিষ্ট যাবতীয় তথ্য ও বাচন-বর্ণনার জন্য আমি শ্রদ্ধেয় নরেন বিশ্বাসের কাছে অকৃত্রিম কৃতজ্ঞতায় এ দুটো গ্রন্থ-সহায়তার ঋণ স্বীকার করে নিচ্ছি।

Monday, January 19, 2009

# কবি-কবিতা-ছড়া-শিল্প-বিভ্রম...


কবি-কবিতা-ছড়া-শিল্প-বিভ্রম...
রণদীপম বসু
...
গুরুচণ্ডালিকা
আলোচনার কান ধরে টান দিলে কবিতা এসে যেতেই পারে। তাই প্রথমেই বলে নেয়া ভালো যে এটা কোন কবিতার কাশ বা কাব্য আলোচনা নয়। স্রেফ অভিজ্ঞতা বিনিময়। আপ্তজনদের গপ্পোসপ্পো থেকে শিক্ষার্থী হিসেবে কিছু শিখতে চাওয়াজনিত যে বদহজমের সূত্রপাত, সেটাকে খালাস না করা অব্দি স্বাচ্ছন্দ্যের দেখা পাচ্ছি কই ! তাছাড়া শেখা বা জানার প্রক্রিয়াগত ভিন্নতা ব্যক্তিমাত্রেই স্বতন্ত্র এবং নিজস্ব মেধা, বোধ ও সীমাবদ্ধতার স্কেলে নিয়ন্ত্রিত বলে রহিমকে রাম বানিয়ে ফেলা বা শিল্পের কলা’কে হস্তী-ভক্ষ্য কদলীবৃক্ষ বানিয়ে গিলে ফেলার সম্ভাবনাকেও উড়িয়ে দেয়ার নয়। এমন দুর্যোগ ঘনীভূত হলে হাত তোলে জানান দেয়ার স্বাধীনতা সবারই রয়েছে, যে, আর্ট আর অষ্টকদলী একই বস্তু নয় !

দুর্দান্ত সব কবিতা উপহার দিয়েও বোহেমিয়ান শক্তি চট্টোপাধ্যায়ের মতো শক্তিমান কবি যখন নিজেকে পদ্যকার হিসেবে ঘোষণা দেয়ার কৌতুক আমাদের সামনে উপস্থাপন করেন, তখন সত্যিকারের কবিরা নিজ নিজ কৃতকর্মগুলো হাতে নিয়ে একটু নড়েচড়ে বসেন বৈ কি। কবি শব্দের আগে একটা ‘সত্যিকারের’ শব্দ বসানো মানেই যুক্তিবিদ্যার আরোহী পদ্ধতি অনুযায়ী কাল্পনিকভাবে হলেও প্রতিপক্ষ হিসেবে উল্টো স্বভাবের আরেকটা সত্তার অস্তিত্বকে স্বীকার করে নেয়া হয়। তাহলে কি মিথ্যাকারের কবিও রয়েছে ! রয়েছে বৈ কি ! নইলে কবি জীবনানন্দ দাশ কেনই বা সাধ করে ‘কবিতা লিখে অনেকেই, কেউ কেউ কবি’ উক্তি করে এমন ল্যাঙ মারতে গেলেন !

Friday, December 5, 2008

@ প্রসঙ্গ: ছড়া কিংবা ছড়া নিয়ে গাঁঠছড়া...|















প্রসঙ্গ: ছড়া কিংবা ছড়া নিয়ে গাঁঠছড়া...|
রণদীপম বসু
...
ছড়া নিয়ে ছেলেমী করার ঝোঁকটা সম্ভবত ছড়ার জন্মেতিহাসের সাথেই সম্পর্কিত। কিন্তু এই ঝোঁকের মধ্যে যদি দায়বদ্ধতার কোন ছোঁয়া না থাকে তাহলেই তা হয়ে উঠে বিপর্যয়কর। কেমন বিপর্যয় ? হতে পারে ছড়াকে তার আত্মপরিচয় থেকে হটিয়ে দেয়া বা অন্য কিছুকে ছড়া নামে প্রতিস্থাপিত করা ! মানুষের ভীড়ে মানুষের মতো কতকগুলো হনুমান গরিলা ওরাংওটাং বা এ জাতীয় কিছু প্রাণী ছেড়ে দিয়ে এক কাতারে মানুষ বলে চালিয়ে দিলে যা হয়।

মানুষের দুই পা দুই হাত থাকে, ওগুলোরও দুই পা দুই হাত। পায়ের উপর ভর করে এরা সবাই হাঁটে। মেরুদণ্ড কিছুটা কুঁজো করে হাঁটা মানুষের মধ্যেও রয়েছে। বিশেষ করে বার্ধক্য আক্রান্ত মানুষের জন্য। মাঝে মাঝে বাঁদরামী সুলভ আচরণ মানুষও করে। তাহলে কি মানুষ আর হনুমান গরিলা এক হয়ে গেলো ! বিবেচনার বাহ্যিক দৃষ্টি ঝাপসা হলে দু’টোর মধ্যে তফাৎ ঘুঁচে যাওয়া বিচিত্র নয়। আর দ্বিতীয় পর্যায়ের প্রাণীগুলোর সংখ্যাধিক্য ঘটতে থাকলে এক সময়ে হনুমান গরিলাই যদি মানুষের পরিচয়ের প্রতিনিধিত্ব করতে থাকে, তাতে আশ্চর্য হওয়ার কিছু আছে কি ? তবুও হনুমান গরিলার দ্বারা মানুষের স্থান দখল করা সম্ভব নয়। পার্থক্যের ভুলে কিছুকাল দাপাদাপি করলেও ঠিকই এদের আসল পরিচয়গুলো বেরিয়ে আসে। কোন্ আসল পরিচয় ? এটা হলো অন্তর্গত স্বভাব, আচরণের প্রকৃতি আর সৃজনশীল প্রণোদনায় মানুষের সাথে এদের মৌলিক ও ব্যাপক পার্থক্য।

Monday, August 25, 2008

@ সমুদ্রের যে সমুদ্র গুপ্তই থেকে গেলো





সমুদ্রের যে সমুদ্র গুপ্তই থেকে গেলো
-রণদীপম বসু


@ পথ চললেই পথের হিসাব

‘তুমি বললে ফুল/ আমি বললাম কাগজের নিষ্প্রাণ গন্ধহীন/ তুমি বললে যাই হোক/ তবুও তো ফুল/ মানুষটা তো কাগজ কেটে কেটে/ কামান বন্দুক মারণাস্ত্র বানাতেও পারতো’...

মানুষের শ্রেয়বোধে এমন গভীর আস্থা ঢেলে যাঁর কলম থেকে এরকম সুবর্ণ পঙক্তি ঝরে, তাঁর কি কোন অভিমান থাকতে পারে ? তবু ঝরে যাওয়া কালির মতো এরকম কিছু পঙক্তিচিহ্ণ রেখে ঠিকই চলে গেছেন তিনি আমাদের ধরা ছোঁয়ার বাইরে। কী এমন অভিমান তাঁর ?
‘চুমু খেয়ে ঠোঁট সরাতে না সরাতেই/ তোমার ওষ্ঠ সরে যায়/ হাজার বছর খুঁজেও কেউ/ সেই চুমুর চিহ্ণ খুঁজে পাবে না/ একই পথ একই পা পদক্ষেপ/ তবু প্রতিবার প্রতিটি চুমুর পরে/ তোমার ওষ্ঠ সরে যায়/ কেউ কোনদিন একই পথে দু’বার হাঁটে নি/... চুমু খেয়ে ঠোঁট সরাতে না সরাতেই/ তোমার ওষ্ঠ সরে যায়/ আমার স্মৃতিতে শুধু/ চুমুস্মৃতির খড় লটকে থাকে।’
--- (দুঃখ/ মাথা হয়ে গেছে পাখা শুধু ওড়ে)

এই লটকে থাকা স্মৃতির খড় খুঁজে খুঁজে এক জোড়া অবাধ্য পা ঢুঁড়ে বেড়িয়েছে এই বাংলার প্রতিটা জনপদ, নদীতীর, অরণ্য ; খুঁজে ফিরেছে নদী আর নদীর উৎসে ফেরার চিরায়ত সুর, মোহনার অন্ধকারে যা নাকি কেঁদে ওঠে বিহ্বলতায়। কুড়িয়েছে কষ্ট, সুখ, আজন্মের না পাওয়ার ব্যথা। হাঁটতে হাঁটতে বৃক্ষের চোখে চোখ রেখে ডুবে গেছে অদ্ভুত সাযুজ্যে মাখা মানুষের অচেনা বোধের এক মায়াবী আঁধারী ডোবায়। কিছুতেই মানে না বিস্ময় ! তাই বুঝি লুকানো থাকে না তাও-
‘পাতার মানচিত্র রঙ ও রেখা চেনা থাকলে/ গাছ চিনতে ভুল হয় না/... কথা, মানুষ-গাছের পাতার মতো/ কথার মানচিত্র রঙ ও রেখা/ আমাদের এক থেকে অন্যকে পৃথক করে দেয়/... কেবলই কাণ্ড শাখা বাকলসমেত দাঁড়িয়ে থাকলে/ মানুষকে আর চেনা যায় না ’
--- (কথা বললে চেনা যায়/ মাথা হয়ে গেছে পাখা শুধু ওড়ে)

কী আশ্চর্য পারঙ্গমতায় আমরা বুঝে যাই, এই মানুষ চিরকালই অচেনা। তবু চলতে চলতে পথের ক্লান্তি এলে এই মানুষ-গাছের তলাতেই জিরিয়ে নিতে হয় তাঁকে। কেননা অচেনার সাথে চেনার মিতালী করেই তাঁকে যে পাড়ি দিতে হবে বহু পথ। আজন্মের উদ্দিষ্ট স্বপ্নের ঠোঁটে চুমু খাওয়ার যে দুর্বার মোহ তাঁকে পথে নামিয়েছে, তিনি জানেন এই পথেরও মোহনা থাকে নদীর মতো। আর নদী মানে জীবন, মানবিক প্রবাহ। ওখানে যে কুলকুল সুর বাজে তা শুধু জলের খেলা নয়, প্রবহমানতার চিরায়ত স্পন্দন। এ থেকে বিশ্লিষ্ট নয় কেউ। চাইলেও হতে পারে না। ওই মোহনার উদ্দেশ্যে মানুষ চিরকাল ছুটেছে, ছুটছে এবং ছুটবেও। নদী ছুটন্ত, মোহনা স্থির। বুকে নদীর স্বভাব নিয়ে যে মানুষটি এভাবেই ছুটে যায় আজীবন, তার সাথে কি নদীর সখ্যতা হয় শেষে ? এ প্রশ্নে এসে আমরাও থমকে যাই। তিনিই থমকে দেন আমাদেরকে। এক অনিঃশেষ বিভ্রমে জড়িয়ে দেন-
‘অদ্ভুত চরিত্র নদীর/ এই কিছুকাল আগে যেখানে যেভাবে ছিল/ আজ আর সেখানে নেই/ আগামীকাল এখানে থাকবে না/
অদ্ভুত চরিত্র মানুষের/ এই কিছুকাল আগে যেখানে যেভাবে ছিল/ আজ আর সেখানে নেই/ আগামীকাল এখানে থাকবে না/
কেবলমাত্র স্বাধীনতার চরিত্র অপরিবর্তিত/ কিছুকাল আগে যেমন যেভাবে ছিল/ আজো সেখানে সেভাবেই আছে/ আগামীকাল এখানে এভাবেই থাকবে/
শুধু/ নদী ও মানুষেরা, অনেকেই/ স্বাধীনতা থেকে অনেকখানি প্রস্থান করেছে’

--- (শুধু নদী ও মানুষেরা/ মাথা হয়ে গেছে পাখা শুধু ওড়ে)

মানুষ ও নদীর সাথে আচমকা এই স্বাধীনতা নামের স্বপ্নবিভ্রমে জড়িয়ে পেঁচিয়ে আমাদেরকে হতবিহ্বল হতেই হয়। কেননা উদ্দিষ্টকে হাতের কাছে পেয়েও আমরা বিহ্বলতা মুক্ত হতে পারি না। কারণ কল্পনার যে আদি-বন্ধন বুকে ধারণ করে তাকে চেয়েছি আমরা, তাকে তো এর আগে দেখা হয়নি আমাদের। বহু ত্যাগ আর তিতিক্ষায় পাওয়া এই কি সেই আমাদের চাওয়া ? এ কেমন স্বপ্নমুখ !
‘আমাদের ধূলি ও মাটির ছোট ঘরে/ স্বপ্ন এসে থানা গাড়লে আমাদেরই থাকার জায়গা থাকে না/ স্বপ্ন এলে ঘাটতি পড়ে কাঁথা বালিশ চাটাই/ আবার বাসন বাটি../ আমাদের গরীবের ঘরে/ স্বপ্ন যেন ধড়িবাজ পীর../ অতিকষ্টে গরীবের ঘরে যা কিছু বা খুঁদ কাঁকর জমে/ স্বপ্নের ঘুঘু এসে তাও খেয়ে যায়’
--- (স্বপ্নের ঘুঘু/ স্বপ্নমঙ্গল কাব্য)

আহা ! হঠাৎ করে আমাদের স্বপ্নগুলো এমন হয়ে গেল কেন ! তবে কি আমাদের চাওয়াতে ফাঁক ছিলো ? কল্পনায় খুত ছিলো ? না কি স্বপ্নটাই গড়া হয়নি কখনো ? যাকে এতোকাল সব পূরণের স্বপ্ন নামে ডেকে এসেছি, তাকে পেতে বিলিয়ে দিয়েছি বাদ বাকি সবকিছুই, সে-ই যদি এসে মুখ রাখে তলানিতে, এ কোন্ স্বপ্নের পিছে তবে এতকাল ছুটা ! বড় বেশি বাস্তব আর রুক্ষতায় খেয়ে ফেলে সময়ের সমস্ত সম্ভাবনা আমাদের। জীবনের জটিল মগ্নতায় দুঃস্বপ্ন তাড়িত বোধ আসলে আমাদের স্বপ্নকে আর স্বপ্ন হয়ে ওঠতে দেয় না মোটেও। আমাদের দেখাগুলো নিমেষেই পাল্টে যায় ব্যাখ্যাহীন এক আচ্ছন্নতায়। স্বপ্নকে আর স্বপ্ন বলে মেনে নিতে দ্বিধামুক্তি ঘটে না আমাদের। স্বপ্নহীন সময়াক্রান্ত আমরা কিছুতেই যেন নিজেকে অতিক্রম করতে পারি না আর-
‘স্বপ্ন এসে টোকা দিলে/ টোকা শুনে কপাট খুললে/ স্বপ্নের অশ্ব এসে পিঠ পেতে দেয়/ এখন এমন সময়/ অবলীলায় সেই অশ্ব/ দুঃস্বপ্নের ঘোড়া হয়ে যায়’
--- (সেই দিন/ স্বপ্নমঙ্গল কাব্য)

স্বপ্নের দ্বারা প্রতারিত হলেও মানুষ দুঃস্বপ্নের কাছে আপোস করে না কখনো। তবুও স্বপ্নগুলো যখন দুঃস্বপ্ন হয়ে যায়, মানুষ হয়ে যায় অবলম্বনহীন। আর এভাবেই বেড়ে ওঠা দুঃসহ অভিমানে হয়তো সব কিছু ছেড়েছুড়ে একদিন হয়ে যায় নিরুদ্দিষ্ট সে। এটাই কি মানুষের নিয়তি ! তিনিও কি তাই করেছেন ? এর উত্তর খুঁজতে গেলে যে ফের নতুন করে জীবন শুরু করতে হয় !

@ যে সমুদ্র গুপ্তই থেকেই গেলো

মানুষের কোন সীমানা নেই। এই অফুরন্ত সীমানা ভেঙে ভেঙে যিনি নতুন নতুন সীমানা গড়ে যান তিনিই কবি। আর সীমানা ভাঙার খেলা খেলতে খেলতে যিনি কবি না হয়ে ওঠলে তাঁর পরিচয় হতো সেই পৈত্রিক বন্ধনে মোড়ানো মিয়া আব্দুল মান্নান নামে, হয়তো কোন অখ্যাত গৃহকোণে আবর্তিত হতো তাঁর গার্হস্থ্য সুখের জীবন। তা না হয়ে তিনি হয়ে গেলেন এক বোহেমিয়ান সমুদ্র গুপ্ত। মানুষের চিরায়ত সমুদ্রটা যে তাঁর বুকে গুপ্ত হয়ে আছে, এই বোধ কখন এসেছিলো তাঁর ? যতটুকু জানা যায়, ২৩জুন ১৯৪৬ সালে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার হাসিল গ্রামের পৈত্রিক ভিটায় পিতা মোহসিন আলী মিয়ার ঔরসে মা রেহানা আলীর গর্ভে জন্মানো শিশু মান্নান তার কৈশোর উত্তীর্ণের আগেই পিতার জীবিকা সূত্রে বাংলাদেশের ষোলটি জেলার স্কুলে পড়া আর ছাড়ার মধ্যদিয়ে মাধ্যমিক পাশ করেন। দুরন্ত কৈশোরে যার এভাবেই ঘুরে ঘুরে চৈতন্যের শুভ্র পায়ে আঁকা হয় মানুষের বিচিত্র জীবন আর ঘরছুট নদীর স্বভাব, নিরীহ ঘরের কোণ তাকে কি বাঁধতে পারে আর ! সেই যে হাঁটা শুরু করলেন তিনি, আর কি থেমেছেন ? না, থামেন নি। নদীর মতোই গন্তব্য গড়েছেন মানুষ নামের মানুষের বুকের সমুদ্র খোঁজায়। জীবনভর নদীর স্বভাব নিয়ে নদীই তাড়িত করেছে তাঁকে। তাই তো তিনি নদীর উৎস খুঁজে কোথায় কোথায় চলে যান, চলে যান নদীর গন্তব্যেও।

বিএ পাশ করে তারুণ্যে বোহেমিয়ান সমুদ্র তখনো সমুদ্র হয়ে ওঠেন নি। ছয়ের দশক বা প্রচলিত অর্থে ষাটের দশকের উত্তাল সময়টাতে পৈত্রিক নামেই ঝরাচ্ছেন পঙক্তিমালা। ঢাকায় সংবাদকর্মীর প্রকাশ্য ঠিকানা গেড়ে তৎকালীন সামরিক স্বৈরশাসকের বিপক্ষে দাঁড়িয়ে তুমুল উৎকণ্ঠায় জড়িয়ে গেছেন বামপন্থী ভূতলরাজনীতির অনিবার্যতায়। গোপন কমিউনিস্ট পার্টির সাথে জড়িত তিনি। বাঙালির ইতিহাসের রক্তাক্ত আর আলোকিত ঘটনাপুঞ্জের সাক্ষীও হয়ে যাচ্ছেন একে একে। এভাবেই একজন সমুদ্র গুপ্তের উত্থানকে ধারণ করে একজন আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা নং- ১১৮৮ যখন অস্ত্রহাতে বিজয়ীর বেশে স্বাধীন দেশে ফিরে আসেন, তখন তিনি যে সম্পূর্ণই একজন সমুদ্র গুপ্ত, তা আর বলার অপেক্ষা রাখে না। স্বাধীন দেশে নিশ্চিত জীবিকার সংস্থানে না গিয়ে ফের হাতে তুলে নেন স্বপ্নের কলমটাকেই। এভাবেই বুঝি নিয়তিনির্দিষ্ট হয়ে যায় বস্তুগত স্বাচ্ছন্দ্য কখনোই পাওয়া হবে না তাঁর। পাননিও। যে কিনা মাটি আর মানুষের স্বাধীনতাকে উদ্দিষ্ট করে এক তুমুল স্বপ্নের মধ্যে নিজেকে বিলিয়ে দিতে সমুদ্রের উপমা ধারণ করেন, তাঁর কাছে এই তো স্বাভাবিক। নইলে কী করে বলেন তিনি-

‘আমার স্বপ্নের সেই সোনালী বৃদ্ধকে আমি/ অভিবাদন জানাবো/ যিনি আমাকে তাঁর দীর্ঘ জীবনের অভিজ্ঞতা দিয়ে/ দিন দিন শিক্ষিত করে তোলেন, যিনি/ তাঁর কোঁচকানো চামড়ার ভাঁজ/ একটি একটি করে খোলেন, আর/ আমাকে দেখান/ মানুষের কব্জির যাবতীয় কাজ ও কারুকাজ/ তিনি দেখান আর বলেন কোমল স্বরে/ শ্রেণীযুদ্ধের ইতিহাসই মানুষের ইতিহাস/ আমার চোখের সামনে একেকটি প্রাচীন গুহামুখ/ খুলে যায় নিঃশব্দে/ বৃদ্ধের দুই চোখ জ্বলে ওঠে/ মোমবাতির শিখার মতো সাবলীল নরোম আলোয়/ আমি শতাব্দীর পর শতাব্দী/ লক্ষ বছর ধরে হেঁটে যাই পা গুণে গুণে/ চোখে খোলা তলোয়ারের ঝিলিক/ আঙুল জ্যামিতিক কাঁটার মতো নির্ভুল, আর/ নিঃশ্বাস পিঁপড়ের চেয়েও বেশী স্পর্শপ্রবণ/
প্রত্যেক যাত্রার শেষে সেই সৌম্যবৃদ্ধ বলেন/ মানুষের ইতিহাস ক্রমশঃ এগোয় সম্মুখে/ সমৃদ্ধতর এবং বেঁচে থাকার দিকে/ আমি স্বপ্ন থেকে জেগে উঠি, মুহূর্তেই শিখে ফেলি/ মানুষের চেতনা যতোই স্বপ্নাবৃত থাক/ একদিন এই স্বপ্ন ভাঙবেই/ স্বদেশের মানুষেরা ফিরে আসবে মাতৃভূমির স্বাধীনতার দিকে/ এবং/ রৌদ্রের বিপরীত ঝিলিকে ঝিলকে উঠবে জীবনের চোখ/ আমি/স্বাধীনতার তুমুল লড়াই শেষে/ করমর্দন করবো আমার স্বপ্নের সেই সোনালী বৃদ্ধকে/ আমি তাঁকে জানাবো অভিবাদন/ যাঁর/ নির্ভুল নির্দেশে/ রাত্রি শেষের মোরগের মতো ডেকে ওঠে আমার জীবন’

--- (আমার স্বপ্নের সেই সোনালী বৃদ্ধ/ কার্ল মার্কস এর জন্মদিনে)

এই শিক্ষিত নির্দেশনাকে পাথেয় করেই আবর্তিত হতে দেখি একজন সমুদ্র গুপ্তের দুর্মর কবি জীবন। এখানেই উপ্ত রয়ে গেছে তাঁর বিশ্বাস, নির্ভরতা এবং সামগ্রিক দর্শনটাও। ষাটের দশকের অন্যান্য কবিদের সাথে সমুদ্র গুপ্তের দৃষ্টিভঙ্গিগত যেটুকু পার্থক্য তা যেমন এখানে চোখে পড়ে, সাদৃশ্যটাও এখানে পরিলক্ষিত হয়। সামাজিক রাজনৈতিক কারণেই বক্তব্যে উত্তাপ, বর্ণনায় সরলরৈখিক স্পষ্টতা আর শিল্পগভীরতাকে অস্বীকার করে নিজেকে ছড়িয়ে দেবার স্বাধীনস্পৃহায় ওই দশকের কবিদেরকে তীব্রভাবে আক্রান্ত হতে দেখি। অধিকার আদায়ের উত্তাল চেতনা ধারণ করে খুব যুক্তিসঙ্গত কারণেই শিল্পের চাইতেও জরুরি হয়ে ওঠে মানুষের স্বাধীনতাবোধ। কবিও সমাজের বাইরের কেউ নন। বরং অগ্রবর্তী সামাজিক মানুষ। শিল্পের হাতিয়ার নিয়ে তাঁকেই তো এগিয়ে আসতে হবে আগে। তাই শিল্পের ঘোরপ্যাঁচের চাইতে বক্তব্যের ঋজুতাই সময়ের দাবী হয়ে ওঠে আসে কবিতায়। শিল্পের সামাজিক দায়বদ্ধতা বুঝি একেই বলে। আর এ কারণেই সময়ের প্রতিনিধি হিসেবে সমুদ্র গুপ্ততেও দেখি কবিতায় নন্দনতাত্ত্বিক শিল্পসুষমা মেনে পঙক্তির চিত্রকল্প বুননের চাইতেও জরুরি হয়ে ওঠে বক্তব্য প্রকাশের শিল্পদক্ষতা। কবি হিসেবে যেমন শিল্পের দায় এড়াতে পারেন না, তেমনি সমাজ ও সময়ের দাবীও উপেক্ষা করেন না তিনি। এ দুয়ের মিশেলেই গড়ে ওঠেছে তাঁর কবিতার শিল্পবৈভব।

‘ছেলেবেলায় একবার এক/ সম্পন্ন আত্মীয় বাড়ি বেড়াতে গিয়ে/ কারুকার্যময় আলমারির ভিতরে রাখা/ সুন্দর পুতুল দেখে হাত বাড়িয়ে ধরতে গিয়ে/ আলমারির কাঁচ ভেঙে ফেলেছিলাম/ পুতুলের কাছ থেকে ফিরে এসেছিলো/ রক্তাক্ত ক্ষুব্ধ আঙুল/
যৌবনে-/ চমৎকার তিল দেখে/ হাত দিয়ে ছুঁতে যেতেই/ তোমার লাল গাল থেকে/ উড়ে গেলো মাছি/
এখন তো/ চতুর্দিকে দেখতে শুনতে/ চলতে ফিরতে শুধু বিভ্রান্তই হই/ খরায় বৃষ্টির আকাঙ্ক্ষা নিয়ে/ আকাশ দেখতে দেখতে যখন/ মেঘ দেখে উৎফুল্ল হই/ অকস্মাৎ বুঝে ফেলি/ মেঘ নয় আকাশ রেখেছে ঢেকে/ আণবিক ধোঁয়া/
গমের শিষের মতো কোমল/ আমার স্বপ্ন যখন/ শিশিরের স্বপ্নে বিভোর/
ভোর না হতেই এই/ আমাদের প্রশান্ত আকাশে জমে/ পরমাণু বিস্ফোরণের ধোঁয়া/
ভেজা ঠোঁট দেখে যখন ভাবি/ চুম্বনের এই বুঝি উৎকৃষ্ট সময়/ ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যেতেই দেখি/ ঘৃণা যেন জমাট চাঁচের মতো/ কঠিন জমেছে’

--- (বিভ্রম/ স্বপ্নমঙ্গল কাব্য)
এমন বিভ্রম সমুদ্রের কবিতায় প্রায়শই দেখি আমরা। এ বুঝি তাঁর দীর্ঘ ভ্রমন অভিজ্ঞতার নির্যাস। এ ভ্রমন তাঁর কবিতার, পরিযায়ী জীবনের। তাঁর অন্তর্গত কবিসত্তার মর্মভেদী দৃষ্টি তাই সেই সব সত্যগুলোকে কী নির্মম শিল্প আলোকে উদ্ভাসিত করে তোলে। তিনি বাংলার কবি, বাঙালির কবি। যাযাবর মনে গৃহের ঘেরাটোপে স্বস্তি কোথায় ! মুক্ত আকাশের টানে মাটির টানে বেরিয়ে পড়তেই হয় তাঁকে। এই মাটি তাঁর সমগ্র সত্তা জুড়ে বিছিয়ে রেখেছে স্বপ্নের আঁচল। যেখানে নদী আর সবুজে জড়াজড়ি করে থাকে সেই বাস্তুভিটার সন্তান তিনি এই মাটিকে চেনেন গভীর, দেখেন আরো গভীর করে। তাই তো মুঠো ভরে তুলে নেন যে মাটিকে, তা কি শুধুই মাটি ? মানুষ ভুলে গেলেও মাটি তার ঐতিহ্য ভুলে না। সমুদ্র তা জানেন বলেই দৃষ্টি তার চলে যায় মাটির গোপন শিকড়ে, যেখানে লেখা থাকে সেই রক্তাক্ত ইতিহাস গাঁথা। সমুদ্র তাও পড়ে শোনান আমাদের-
‘আদর্শ বর্গ আয়তনে/ সর্বাপো ক্ষুদ্র পরিমাপের/ একখন্ড মাটি নিয়ে হাতে তুলতেই সন্দেহ হলো/ লাল নাকি ! মাটির মতো লোহাও লবন !/
নানান চেহারা ছবি নানান ভঙ্গি/ একটুকরো মাটির বর্গে/ একেক আলোর নিয়মে একেক ঘটনা ফোটায়/
অজ্ঞান হতে হতে মানুষেরা বিস্মিত হতে পারে/ তবু, মাটি ধরে রাখে/ আকাশের নীচের সকল ঘটনা/
মাটি মাটিতে রাখলে মাটি/ হাতে তুলে নিলে এই বাংলার মাটি/ রক্তে ভিজে যায়’

--- (এই বাংলার মাটি)

কী স্বপ্নসন্ধ উচ্চারণ ! মাটি মাটিতে রাখলে মাটি, হাতে তুলে নিলে এই বাংলার মাটি রক্তে ভিজে যায় ! কলমের একটা আঁচরে এমন শেকড়ছোঁয়া উচ্চারণ বাংলা কবিতায় খুব কমই চোখে পড়ে। এরকম উজ্জ্বল পঙক্তি সমুদ্রের কম নেই। সমুদ্রের আরেকটি যে বিশেষত্ব তাঁকে বিশিষ্ট করে রেখেছে, ভালোবাসা এবং দেশপ্রেম তাঁর কবিতায় গলাগলি করে হাঁটে-
‘ভালোবাসা হচ্ছে এক প্রকার পাথর/ দুজনে এক সাথে ছুঁয়ে দিলে/ নড়ে চড়ে কথা বলে, আলো বিকীরণ করে/ ছুঁয়ে না দিলে/ আলো না জ্বললে/ ভালোবাসা কেবলই পাথর/
দেশপ্রেম কেবলই বরফ/ মিছিলের উত্তাপে গলে’

--- (পাথর ও বরফ)

সমুদ্রের খুব কম কবিতাই রয়েছে যেখানে স্বাধীনতার বোধ উচ্চকিত থাকে না। এটা তাঁর বিশ্বাস ও নির্ভরতা, অন্যদিকে অভাববোধও। বন্ধনমুক্তির অবচেতন ইচ্ছাই তাঁকে এভাবে চালিত করে। সুদৃশ্য ষ্ট্যালিনগোফ আর নদীর বহতা মাখা শুভ্র দীঘল চুলের সন্তচেহারার এ কবিকে যারা কাছে থেকে দেখেছেন তাদের কাছে ষাট পেরনো সমুদ্র গুপ্ত আর ঘাট পেরোনো নদীর সাথে কোন তফাৎ ছিলো কি ? কোন বাঁধা না মানার স্বভাবপ্রিয়তাকে তিনি তাঁর কবিতায়ও স্বাধীনভাবে ব্যবহার করেছেন। এজন্যেই কি তিনি তাঁর কাব্যের প্রকরণশৈলীতে কোন বিরামচিহ্ণ বিশেষ করে পূর্ণযতি বা দাড়ির ব্যবহার এড়িয়ে গেছেন সযত্নে ? পাঠকের স্বাধীনতাকে উন্মুক্ত করে দিতেই কি উন্মুখ তিনি ? আর স্বাধীনতার অনুষঙ্গ হিসেবে নদী গাছ মানুষকেই তাঁর পর্যবেক্ষণের প্রধান ও প্রিয় বিষয় করে নিয়েছেন।
‘স্বাধীনতা জিনিসটা অন্যরকম/ একেক পরিপ্রেক্ষিতে একেক বিষয়কেন্দ্রে/ একেক পরিস্থিতিতে একেক চাহিদাক্ষেত্রে/ স্বাধীনতার একেক চেহারা/
আজ যা তোমার স্বাধীনতা/ একই সাথে অন্যের ক্ষেত্রে বিপরীত/ আবার/ সহসাই এটির চিত্র ও ভঙ্গি পাল্টে যায়/
নদীর স্বাধীনতা/ কখনো উৎসে কখনো মোহনায়/ কখনো কেবলি তার আকুল যাত্রার স্রোতে/
মানুষের স্বাধীনতা/ প্রতিদিন একই অবস্থানে থাকে/ মানুষ কখনো স্বাধীনতার নিকটবর্তী হয়/ আবার কখনো দূরে সরে যায়’

--- (মানুষের নিয়ম)

‘তোমরা কীভাবে যে কি কি বলো বুঝতে পারি না/ নদীর চলে যাবার কথা বোঝা যায়/ নদীর থেমে থাকার কথা বোঝা যায়/ ঘাস খেতে খেতে/ বাছুরের মাথা তুলে আকাশ দেখার কথা বোঝা যায়/ মেঘ ও বৃষ্টির ভাষা বোঝা যায়/ পথ ও বিপথের কথা বোঝা যায়/ সন্ধ্যা কিংবা সকাল/ বৃষ্টি ও রোদের ভিতরে গাছের ভাষা বোঝা যায়/
চাল কিভাবে গুমরাতে গুমরাতে ভাত হয়/ তা-ও বোঝা যায়/ কিন্তু/ তোমরা কি কি যে কীভাবে বলো বোঝা যায় না’

--- (বন্ধুদের প্রতি)

যে কবি অনায়াসে নদীর ভাষা বোঝেন, বাছুরের ভাষা বোঝেন, মেঘ বৃষ্টি পথের ভাষা বোঝেন, বৃষ্টি ও রোদের কিংবা গাছের ভাষা বোঝেন, শেষপর্যন্ত উদ্দিষ্ট লক্ষ্য যাঁর মানুষের বুকের কন্দরে থাকা অব্যক্তের সন্ধান, সেই তিনি মানুষের ভাষা বোঝেন না ! যারা তাঁর আশেপাশে ঘোরাঘুরি করে, চা খায় গপ্পো করে, এতোকাল যারা তাঁর সহচর তাদের ভাষা বোঝেন না ? এখানেই সমুদ্র গুপ্তের কাব্যিক অনন্যতা। সহজ সরল প্রকৃতির নিসর্গের মধ্যে কোন লোভ থাকে না লালসা থাকে না কৃত্রিমতা নেই বলে প্রকৃতি বিশাল সুন্দর স্বচ্ছ এবং লাবণ্যময়। তাকে বোঝা যায়। হানিকর নয় বলে বুকে টেনে নেয়া যায়। অন্যদিকে মানুষ কৃত্রিমতায় আবিষ্ট এক জটিল সত্তা। ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল বহুরূপী এবং কুটিলতা আর প্রচন্ড আত্মকেন্দ্রীকতায় আচ্ছন্ন। কবির সহজ স্পন্দনে এই জটিলতা তাঁকে বিক্ষিপ্ত করে, ক্ষুব্ধ করে, কষ্ট দেয় এবং কখনো কখনো মানুষকে মানুষ বলে চিনতেও বিভ্রম জাগে। আজীবন মানুষের শ্রেয়বোধে আস্থাশীল কবি তাই এই হতাশাই ব্যক্ত করেন পঙক্তিতে পঙক্তিতে। মানুষের প্রতি বিশ্বাসবোধের এ এক ভিন্ন উপস্থাপন। একই ভাবে নাগরিক জীবনের তুমুল অসংগতিগুলোও কী চমৎকার ক্ষীপ্রতায় পঙক্তিলগ্ন হয়ে ওঠে-
‘তুমুল করতালির মধ্য দিয়ে সভা শেষ হলে/ বক্তৃতার মধ্যেকার মিথ্যাগুলো/ বাদুড়ের মতো উড়ে যায় বিভ্রান্তির অন্ধকারের দিকে/ সেখানে রয়েছে স্বার্থের ডাঁসা পেয়ারা/ খাবে কামড়াবে ছড়াবে ছিটকাবে আর/ বাকিটা নষ্ট করবে এমনভাবে যেন/ অন্য কারও আহারে রুচি না হয়/ তুমুল করতালির মধ্যে দিয়ে সভা শেষ হলে/ বক্তৃতার মধ্যেকার ধাপ্পাগুলো/ উকুনের মতো দৌড়াতে থাকে লোভের চামড়ার দিকে/ সেখানে রয়েছে এঁটে রক্তের সূক্ষ ফোয়ারা/ কামড়াবে খাবলাবে আঁচড়াবে আর/ চামড়ার ঘা বানাবে এমনভাবে যেন/ নখ আঙুল বা চিরুনির দাঁত লাগাতেও বেদনা হয়/
তুমুল করতালির মধ্য দিয়ে সভা শেষ হলে/ সকলেই চলে যায় আপন গন্তব্যে, শুধু/ সভাস্থলে পড়ে থাকা সত্যের লাশ দেখে/ বাস্তবতা কাকের মতো ওড়ে আর হাহাকার করে/ কারোই কুড়িয়ে নেবার মতো কিছুই আর থাকেনা পড়ে’

--- (সভা শেষ হলে)

এই নাগরিক বোধ আসলে তিনি রপ্ত করেছেন সম্পন্ন কবিজীবনের শুরুতেই। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘রোদ ঝলসানো মুখ’ প্রকাশিত হয় ১৯৭৭ সালে। এর আগের দু’দশকের একটানা কবিতাচর্চায় তিনি ছড়া বা পয়ারসুলভ সমিল কবিতা লিখেছেন প্রচুর। কিন্তু প্রথম বইয়ের প্রথম কবিতাটিতে ছন্দোমুক্তির আভাষ দিয়েই বুঝিয়ে দিলেন ওগুলো ছিলো তার শিল্পব্যাকরণে ঋদ্ধ হয়ে ওঠার প্রস্ততিকালের চর্চা। পরিণতপর্বে আর কখনোই ফিরিয়ে আনেননি তিনি। গ্রন্থবদ্ধ প্রথম কবিতাতেই ব্যবহার করলেন এক অদ্ভুত প্রতীকী। রাজপথে নির্বিকার শুয়ে থাকা একটি কুকুর হয়ে গেলো স্বদেশভূমির অভূতপূর্ব প্রতীক !
‘রাস্তার মধ্যিখানে শুয়ে আছে নির্বিকার একটি কুকুর/ গাড়ি ঘোড়া ছুটে যাচ্ছে এদিক ওদিক/ পাশ কেটে কুকুরের মাথার, ছায়ার/ প্রাণহীন কুকুরের হৃদপিণ্ড কুঁকড়ে গেছে/ খামচে ধরে রাজপথ কোঠাবাড়ি নাগরিক বিশাল শহর/
বড়লোক গাড়ির নীচে চাপা পড়ে মানুষ আর/ মানুষের সরল জীবন- এটাই নিয়ম, অথচ/ কি তাজ্জব ! সমস্ত বিত্তশালী গাড়ি ঘোড়া/ সতর্ক স্টিয়ারিংয়ে পাশ কাটছে/ শুয়ে থাকা কুকুরের লাশ/ যেন, এই লাশটাকে বাঁচাতেই হবে/
পৃথিবীর রাজপথে চিৎপাত শুয়ে থাকা/ এরকম কুকুরের লাশ যেন বাংলাদেশ/
আসলে তো, বাংলাদেশ মানেই হলো/ জীবনের মুখোমুখি বুলেটের অসভ্য চিৎকার/ শোকচিহ্ণ কালোব্যাজ পৃথিবীর শহীদ মিনার’

--- (কুকুর/ রোদ ঝলসানো মুখ)

রাজনীতি সচেতন আপাদমস্তক কবি সমুদ্র গুপ্ত। প্রথম গ্রন্থেই দেয়া এই উজ্জ্বল পরিচয় পরবর্তী গ্রন্থগ্রন্থগুলোতেও সমানভাবে দীপ্যমান। তীব্র যে জোয়ার বুকে নিয়ে লিখে গেছেন অজস্র, সে তুলনায় তাঁর প্রকাশিত গ্রন্থ কি খুব পেয়েছি আমরা ? রোদ ঝলসানো মুখ (১৯৭৭), স্বপ্নমঙ্গল কাব্য (১৯৮৮), এখনো উত্থান আছে (১৯৯০), চোখে চোখ রেখে (১৯৯১), একাকী রোদ্রের দিকে (১৯৯২), শেকড়ের শোকে (১৯৯৩), ঘাসপাতার ছুরি (১৯৯৮), সাত সমুদ্র (১৯৯৯), নদীও বাড়িতে ফেরে (২০০০), ছড়িয়ে ছিটিয়ে সেই পথ (২০০৩), চলো এবার গাছে উঠি (২০০৪), হাতে তুলে নিলে এই বাংলার মাটি রক্তে ভিজে যায় (২০০৬), মাথা হয়ে গেছে পাখা শুধু ওড়ে (২০০৮), তাহলে উঠে দাঁড়াবো না কেন (২০০৮), ডিসেম্বরের রচনা (২০০৮) এবং যৌথগ্রন্থ ‘মুক্তডানার প্রজাপতি’ (২০০৬)। একটা সমুদ্রকে কি এই ক’টা পাড় দিয়ে বেধে রাখা যায় ? কূলপ্লাবী স্রোতে জলে আরো যে সব উচ্ছ্বাস ছড়িয়ে ছিটিয়ে আছে কবিতা গদ্য প্রবন্ধ আলোচনা ও বক্তৃতা হয়ে ওগুলো যে শঙ্খের মতো সমুদ্রের স্বরকে ধারণ করে নি তা কি বলা যায় ? মুক্তবাণিজ্যের যুগের কোন প্রকাশক স্বতঃপ্রণোদিত হয়ে উদ্যোগ নিলে হয়তো আমরা পেয়ে যেতে পারি সেই গুপ্ত সমুদ্রকে, যেখানে এক আজন্মের কবি সমুদ্র ডুব মেরে ছিলেন বহুকাল। সময়ের শুদ্ধ ডুবুরীরা তা কি তুলে আনবে না ?

@ ঝিনুক নীরবে সয়েই যায়

‘কে যায় আর কে কে আসে/ বোঝা যায় না/ বিশাল চওড়া পথে/ কতো মানুষ কতো যানবাহন/ এইসবের/ কারা যায় আর কারা আসে/ কে জানে/
যাকে দেখা যাচ্ছে, চলে যাচ্ছে/ অথচ সে যাচ্ছে না/ তার গন্তব্য থেকে বোঝা যায় সে যাচ্ছে না/ আসছে সে/
আমাদের গমনগুলো/ কীভাবে যে বদলে গেছে কবে/ বোঝাই যায়নি/
এখন সকলেরই যাওয়া কেবলই যাওয়া/ যেন কোন গন্তব্য নেই/ সম্মুখ ও পশ্চাত সব একাকার/ সামনে ও পেছনে বলে কোন পদার্থ নেই/
যেন, যাওয়াটাই উদ্দেশ্য কেবল/ যাওয়াই জীবন/ আমাদের কালে/ ফিরে আসা বলে কোন কথা যেন নেই’

--- (সম্মুখ ও পশ্চাত আজ একাকার/ মাথা হয়ে গেছে পাখা শুধু ওড়ে)

ঝট করে তাঁর এ কবিতাটাই মাথায় এলো, যখন শুনলাম তিনি অর্থাৎ কবি সমুদ্র গুপ্ত গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে শয্যাশায়ী। অবস্থা আরো সঙ্গীন হলে তাঁর বন্ধু ও সহচর কবিদের সহযোগিতায় তাঁকে বারডেম থেকে স্কয়ার হাসপাতালে আরো উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হলো। স্ত্রী সোহানা হ্যাপী, দুই কন্যা নীল সমুদ্র ও স্বপ্ন সমুদ্রকে নিয়ে একটা মানবিক সুখী গৃহকোণ থাকা সত্ত্বেও আজীবন বোহেমিয়ান কবি যে নিজের জন্য পরিবারের নিরাপত্তার জন্য কিছুই করেন নি, তাঁর এ বিশাল চিকিৎসা ব্যয়ের প্রথম ধাক্কাতেই যা কিছু অস্থাবর চলে গেছে সব। এরপর প্রতিটা মুহূর্ত মানেই ক্ষয়ে যাওয়া জীবনের বিশাল সঞ্চয়। এ সঞ্চয় কোন বস্তুগত সম্পদ নয়, বড় বেশি মানবিক, জীবনের অনিবার্য নিঃশ্বাস প্রশ্বাস।
১৯৭০-এর গোর্কীর থাবায় লণ্ডভণ্ড বঙ্গোপসাগরের উপকূলে ভোলা ও মনপুরায় দীর্ঘদিন অবস্থান করে ত্রাণকার্য পরিচালনা, ১৯৮৮ এর বন্যায় ত্রাণকাজে ঝাপিয়ে পড়া, ১৯৯১ এর চট্টগ্রাম উপকূলে প্রলয়ঙ্করী সাইক্লোনে মুছে দেয়া প্রায় কুতুবদিয়া, মহেশখালি ও কক্সবাজার উপকূলীয় এলাকায় তিনমাসব্যাপী উদ্ধার ও ত্রাণকাজে লেগে থাকার মতো আরো বহু দুর্যোগে দুর্দিনে সাধারণের পাশে নিজেকে স্বেচ্ছাত্যাগকারী কোনো মানবিক কবিসত্তা যখন তাঁর ক্ষীয়মান দেহ নিয়ে হাসপাতালের বেডে পড়ে থাকে চিকিৎসাহীন অনিশ্চয়তায়, বুঝতে হবে এ জাতিই অসুস্থ। বিবেকের ঘরে বাসা বেঁধে আছে দুঃসময়ের ঘূণ। কোথায় ছিলেন না তিনি ? বাঙালির এমন কোন আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং কিংবা সাহিত্য ও সংস্কৃতির আলোচনা বৈঠক সভা কি বাদ পড়েছে, যেখানে একজন তরুণ আব্দুল মান্নান থেকে সর্বশেষ স্ট্যালিনময় সুপুষ্ট গোঁফ আর চাঁদমাখা উচ্ছল নদীমাখা শুভ্র দীঘলকেশী সন্তের মতো চিরপরিচিত মুখটি কখনো তাঁর নিজস্ব আলো ছড়িয়ে যায় নি ? এক লহমায় কোন ফাইভস্টারের বুফে আর বলরুমে যারা নির্দ্বিধায় উড়িয়ে দেয় লক্ষ লক্ষ টাকা, তাদের এক কামড় ভিনদেশী ফ্রাই থেকে বেশি দামী নয় কবির জীবন। আমাদের ওই সব দেশীয় অহঙ্কারদের কানে একজন মুমূর্ষু কবির বাঁচার আর্তি পৌঁছাবে কেন !

যাদের একবেলার সংস্থান হলে আরেক বেলা পড়ে থাকে অনিশ্চিৎ, শেষমেশ তারাই এসেছে এগিয়ে। তাদের প্রাণের দোসর একজন কবিকে তারা যেতে দেবে না। কিন্তু তাদের সাধের কাছে সাধ্য যে নগন্য খুব। মূল্য দিয়ে যা কেনা যায় না কখনো সেই অমূল্য অফুরন্ত ভালোবাসায় কবি তাঁর অমর্ত্য স্বীকৃতি হয়তো পেলেন ঠিকই, কিন্তু হাসপাতালের বিল পরিশোধে ভালোবাসা যে অক্ষম। এই উন্মুক্ত বাণিজ্যের কালে ভালোবাসা বৈধ কোন কারেন্সী নয়। তবু কোন চেষ্টা তো বৃথা হয় না কখনো। ওই সব অসংখ্য নগন্যের তিলে তিলে গড়ে তোলা মহার্ঘ সমষ্টিমান অনিবার্য প্রয়োজন ছুঁতে ছুঁতেই দেহের অর‌ক্ষ্য ঘূণে খেয়ে গেছে সব। অতঃপর সমুদ্রের নামে পড়েছিলো যা, শুধু কি সমুদ্রের খোলশ ?

‘এইভাবে বিবাদ ও বিষাদে অন্তহীন ডুবে যাওয়া/ কতদিন আর কতকাল/ দ্বিধাহীন দ্বিত্বহীন একক সঞ্চারে/ চেয়ারের হাতলের সাথে স্ট্যাটাসের শিকলে বাঁধা হাত/ যেন চারপাশে আর কিছু নেই কেউ নেই/
আমরা কি ভুলে যাবো ডুমরিয়া আত্রাই পেয়ারা বাগান/ হাকালুকি শীতলক্ষার রক্তরাঙা জল/ নড়াইল আর চিত্রার অবস্থান একটুয়ো না পাল্টানোর স্মৃতি কি/ স্মৃতি থেকে বিস্মৃতির অতলে তলাবে/
এইভাবে স্বপ্নে ও দুঃস্বপ্নে আবর্তিত হতে থাকা/ কতদিন আর কতকাল/ মন ও মননের অমন উত্থান কি আবার আসবে না/
হাওয়াতে কান পেতে থাকি/ নাকশীর্ষে জাতীয় পতাকার মতো ওড়ে মাছি/ হে মাছি/ স্বপ্নের দ্রুততায় পক্ষ ঘূর্ণনে শরীরে বসো না হে/ এখনো মরিনি আমি বেঁচে আছি’

--- (মাছি)

আহ্ ! চলৎশক্তিহীন কবির আর্তি কি ওই মাছি শুনেছে আদৌ ? তাঁর বিভ্রম জাগানো স্বপ্নের মতোই এই মৃত্যুর মাছিটিকে কেউই তাড়াতে পারলো না আর ! ১৯ জুলাই ২০০৮, ব্যাঙ্গালোরের সুরক্ষিত হাসপাতালের বেডে ওই মাছি তাঁর নাকশীর্ষে বসে গেলো ঠিকই। ##
(২৪/০৮/২০০৮)
|Samudra Gupta, the hidden ocean/Ranadipam Basu|

[muktangon:nirmaanblog]
[sachalayatan]
[sa7rong]
[khabor.com]
[mukto-mona]
[amarblog]
[somewherein]
[pechali][episode01][episode02]
[banglamati]

Sunday, July 20, 2008

# সাহিত্যে ছড়ার অবদান কতটুকু, সংশয় কোথায় ?






সাহিত্যে ছড়ার অবদান কতটুকু, সংশয় কোথায় ?
-রণদীপম বসু


সাহিত্যে ছড়ার অবদান কী, বা এর অবস্থান কোথায় ? এ রকম বালখিল্য প্রশ্ন শুনে আঁতেল ব্যক্তিরা হয়তো এক চিমটি মুচকি হাসি দুলিয়ে চলে যাবেন প্রসঙ্গান্তরে। আর আমার মতো মোটাবুদ্ধির লোকেরা ? হয়তো চেয়ে থাকবেন হতভম্ব হয়ে প্রশ্নকর্তার মুখের দিকে। কিন্তু কেউ কি একবারও ভেবে দেখেছেন, হাজার বছরের শ্রুতি-পরিক্রমায় এসেও সাহিত্যের সবচেয়ে প্রাচীন আর মাটিবর্তী লোকায়ত এ মাধ্যমটিকে নিয়ে এরকম প্রশ্নের সংযোগ সূত্রটি কোথায় লুক্কায়িত ? মাটিলগ্ন গণমানুষের জনভাষ্যের প্রতীকী বিন্যাসে উপস্থাপিত জ্যান্ত ছড়াকে নিয়ে এরকম ধোয়াশা সাহিত্যের কুলীন অঙ্গনে যতোই অস্পষ্টতা ছড়াক না কেন, ব্রাত্যজনের প্রাণের সম্পদ টিকে থাকার চাবিকাঠিটা যে ব্রাত্যজনগোষ্ঠীর হাতেই চিরকাল থেকে যায়, এটা আমরা অনেকেই ভুলে যাই। কিন্তু মহাকাল ভুলে না ঠিকই। আর ভুলে না বলেই শেষ পর্যন্ত আমাদেরকে মেনে নিতেই হয় যে, সাহিত্যের পালকিটাকে সম্মুখবর্তী হতে হলে ওই ব্রাত্যজনের কাঁধে চড়েই এগুতে হয় তাকে।

কাসুন্দি
ছড়া সাহিত্যের সম্প্রতি প্রকাশিত দু’পাতার একটা প্রকাশনা ‘নিব’ ওল্টেপাল্টে দেখছিলাম। এক জায়গায় এসে চোখ আটকে গেলো। চার লাইনের ছোট্ট একটা ছড়া। ‘ভাতের বদলে আলু / বাবার বদলে খালু / এর চেয়ে তো ভালোই ছিলো / তারেক জিয়া, ফালু।’

একবার পড়েই গেঁথে গেলো মনে। ছড়াটা ছোট্ট, কিন্তু এর ইফেক্টটা কি ছোট্ট রইলো ? মাথার ভেতরে ঢুকে রিনিরিনি বাজাতে লাগলো। দৈনন্দিন জীবন যাত্রায় আমাদের বহুমাত্রিক নিষ্পেষণের চিত্রগুলোর একটা লিঙ্ক কী চমৎকার ইঙ্গিতময় দক্ষতায় জুড়ে দেয়া হলো ! যেগুলো আনন্দচিত্র নয়, কষ্টচিত্র। ভুক্তভোগী মানুষের বুকের ভেতরে জমে থাকা কষ্টক্ষত। সামান্য ক’টা অক্ষরের যাদুতে ছবির পর ছবি হয়ে যেন ভেসে ওঠতে লাগলো। কৌতুহলী হয়ে মনে করতে চেষ্টা করলাম, মুহিববুল্লাহ জামী নামের এই লেখক বা ছড়াকারের অন্য কোন লেখা আগে পড়েছি কি না। মনে করতে পারলাম না। সম্পূর্ণ অপরিচিত এই ছড়াকারের নাম আগে কোথাও শুনেছি বলেও মনে হলো না। হতে পারে আমার সীমাবদ্ধতা এটা। কিন্তু বিষয়টা উত্থাপিত হলো ক’দিন যাবৎ সাহিত্যে ছড়ার অবস্থান বা অবদান নিয়ে ভাবনার সূত্র ধরে।

বিকেলের এক চায়ের আড্ডায় প্রসঙ্গক্রমেই ছড়াটা আউড়ালাম আবার। এবং উপস্থিত যারা ছিলো, লুফে নিলো সবাই ! যদিও এরা সাহিত্য জগতের কেউ নন বা সাহিত্য রসিকও বলা যাবে না, তবু ছড়াটার প্রতি তাদের আগ্রহে একটুও কমতি দেখলাম না। অখ্যাত হবার কারণে ছড়াকারের নামটা তাদের মনে না থাকলেও ছড়াটা ভুললো না কেউ। বোধ করি সহজে ভুলবেও না। হয়তো বা মুখে মুখে ছড়িয়ে যাবে আরো। মুখোমুখি অভিজ্ঞতায় বিষয়টা আমার কাছে খুবই উল্লেখযোগ্য মনে হলো। এখানেই প্রশ্ন আসে, সাহিত্যে ছড়ার অবস্থান কতোটা ব্যাপৃত, কতোটা গভীর !

ছড়াটার শিল্পব্যাকরণ বিশ্লেষণ করলে এতে যে ইঙ্গিতময়তায় স্থূলতা রয়েছে বোঝাই যায়। তবু জনমানুষের বহমান দুঃখ কষ্ট অক্ষমতা জীবন সংগ্রামের অনিশ্চয়তা প্রতীকী ব্যঞ্জনায় ধারণ করতে পেরেছে বলেই কি এটা সাধারণ শ্রোতা বা পাঠকের কাছে সময়ের সাহিত্য প্রতিনিধি হিসেবে গ্রহণযোগ্যতা পেয়ে গেছে ? হয়তো। হিউমার আশ্রয়ী প্রচণ্ড রাজনীতি সংশ্লিষ্ট সামাজিক এ ছড়াটিকে কিছুতেই ছেলেভুলানো ছড়া বলা যাবে না। বরং সুনিশ্চিৎভাবেই বুড়ো জাগানো ছড়া এটা। সফলভাবেই যে কাজটা করলো, খোঁচা দেয়া। কবিতায় যা কখনোই সম্ভব হতো না। এখানেই কবিতা ও ছড়ার মধ্যকার মৌলিক পার্থক্য। বলা হয় কবিতা সাহিত্যের উৎকর্ষ মাধ্যম। যার সম্ভ্রান্ত অবস্থান সাহিত্যের শীর্ষে। তা হলে ছড়ার অবস্থান কোথায় ? এর সুলুক-সন্ধানে যাবার আগে একটু স্মৃতিচারণ করে নেয়া যাক ?

এ প্রসঙ্গে আমাদের শৈশবে বা কৈশোরে পঠিত এবং সবার মুখে মুখে চর্চিত সেই ছেলেভুলানো ছড়াগুলোর উদাহরণও টানতে পারি, যেগুলোর রচনাকার অজ্ঞাত এবং যাকে এখন লোকছড়া বা আদিছড়া নামে আখ্যায়িত করা হয়ে থাকে। যেমন- ‘খোকন খোকন ডাক পারি / খোকন গেলো কার বাড়ি / আয়রে খোকন ঘরে আয় / দুধমাখা ভাত কাকে খায়।’ শৈশবের কল্পচোখে এ ছড়াটার যে নির্দোষ ব্যঞ্জনায় আপ্লুত হয়েছি আমরা, বড় হতে হতে জেনে গেছি এটা সে অর্থে নির্দোষ ছড়া নয় কিছুতেই। এখানে দুর্দান্ত প্রতীকাশ্রয়ে আমাদের শত শত বছরের জাতিগত ইতিহাস বিধৃত। যুগে যুগে বহিশত্রু অপশক্তির কালো থাবা থেকে মায়ের সন্তান যে খোকনরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিজেদের প্রাণ বাজী রেখে দেশকে আগলে রেখেছে, মাকে নিরাপদ রেখেছে, সে মায়ের সন্তানরা আজ কোথায় ? সন্তানের জন্য মায়ের নিভৃত আঁচলে রাখা স্নেহের সম্পদ দুধমাখা ভাতের প্রতীকী আশির্বাদ গ্রাস করছে আজো কতো অপশক্তি। মা যে আজ অরক্ষিত। কিন্তু সেই খোকনরা কোথায়, যারা মাকে নির্ভয় নিরাপদ করে তুলবে ? এগুলো ঘুম পাড়ানো ছড়া নয়, ঘুম ভাঙানো ছড়া।

অথবা ধারণামতে নবাব আলীবর্দী খাঁ’র আমলের দুঃসহ সময়কে ধরে রাখা সেই বুকে ইতিহাস উৎকীর্ণ করা ছড়াটি ? ‘ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এল দেশে/ বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে ?/ ধান ফুরুল, পান ফুরুল খাজনার উপায় কি ?/ আর কটা দিন সবুর কর, রসুন বুনেছি।’ এগুলো যদি শুধুই ছেলে ভুলানো ছড়া হতো, জীবনের অবিচ্ছিন্ন কষ্ট ধারণ করে জনমানুষের প্রাণের আকুতি না হতো, তবে শুধুমাত্র মুখে মুখে প্রচলিত শ্রুতিনির্ভর এই লোকায়ত শ্লোকসদৃশ ছড়াসম্পদ শত শত বছর পরিভ্রমন করে একালে এসে পৌঁছা কি চাট্টিখানি কথা ? বিপুল অহঙ্কার নিয়ে বুকের মানিক এই ছড়াগুলোকে আজ আগলে রাখছি আমরা একান্ত আপন সম্পদ হিসেবে। অত্যন্ত দুর্ভাগ্যের হলেও আমরা জানি না এগুলো আমাদের কোন্ স্বজনরা রচনা করেছিলেন। মহাকাল আড়ালে নিয়ে গেছে তাঁদের। হয়তো আর কখনোই জানবো না আমরা তাঁদের নাম ধাম পরিচয়। আরাধনা বা বিনোদনের নিমিত্তে গীত হবার জন্য রচিত চর্যার দোহাকারদের মতো কাহ্ণুপা শবরপা কুক্কুরিপা বা আমাদের আদি কৃষিজীবী সমাজের নিঃশ্বাসে প্রশ্বাসে প্রয়োজনীয় প্রকৃতিলব্ধ বচন রচনাকার খনার মতো প্রতীকী নামও নেই এই লোকমুখে প্রচলিত লোকায়ত ছড়া রচয়িতাদের। এগুলোই আজ আমাদের অমূল্য সাহিত্যসম্পদ। সাহিত্যের আদি উৎস হিসেবে স্বীকার করে নিয়েছি আমরা। সে বিবেচনায় এসব আদি ছড়া থেকে উৎসারিত পরবর্তী সাহিত্যস্রোতধারার গর্বিত অংশ আমরা কী করে অস্বীকার করবো যে এই ছড়াই বর্তমান বাংলা সাহিত্যের আদি মাতা !


একই অঙ্গে এতো রূপ

ইদানিং পত্র-পত্রিকা-সংকলন-ম্যাগাজিনগুলো খুললেই যে পাতাটাকে বর্জ্যের জাহাজ বললেও অত্যুক্তি হবে না, সেটা হচ্ছে ছড়া বা শিশুসাহিত্যের পাতা। এ পাতাটা শিশুরা লেখে না। লেখে বুড়োরা, শিশুর বাবা-চাচা-দাদারা। যারা ছড়া কী, কবিতা কী বা পদ্য কী এটা বুঝেন কি না, তা বিশ্লেষণ করতে গেলে সাতকাণ্ড রামায়ন রচনা হয়ে যেতে পারে, কিন্তু কুম্ভকর্ণের ঘুম আদৌ ভাঙানো যাবে কি না সন্দেহ। সম্ভবত এঁরা বর্জ্য কী, তাও বোধ করি বোঝেন না। নইলে আমাদের আগামী প্রজন্মের শিশু-কিশোরদের জন্য এমন পরিত্যক্ত ছেলেমী করেন কী করে ! দুর্ভাগ্যজনকভাবে এদের বালখিল্যতার দায়ভার নিতে হচ্ছে এই ছড়া বা শিশুসাহিত্যকে, নাবালক সাহিত্যের কলঙ্ক ধারণ করে। আর এ জন্যেই মূল সাহিত্যধারায় আজকাল যারা সাহিত্যের বিভিন্ন অঙ্গনে কাজ করছেন, ছড়ার প্রসঙ্গ তুললেই কুঞ্চিত কপালে ‘হুঁম, ছড়া’ বলে এমন এক বিশেষ ধরনের ভাব দেখান যে, মনে হয় ব্রাত্যজনের ছোঁয়ায় উচ্চমার্গীয় শরীরে কোথায় যেন চোট লেগে যাচ্ছে। তাঁদেরই বা দোষ দেব কী, সাহিত্যের বিশাল অঙ্গনে ছড়া যে এক ঈর্ষণীয় ঐতিহ্য ও ক্ষমতা নিয়ে ক্রমবর্ধিষ্ণু স্থানটি দখল করে আছে, এটা যেন ছড়ার অপরাধ হয়ে গেছে। হয়তো এঁরা রবীন্দ্রনাথের ‘ছেলে-ভুলানো ছড়া’ প্রসঙ্গে উদ্ধৃত উক্তিটাকেই চূড়ান্ত বলে ধরে নিয়েছেন- ‘আমি ছড়াকে মেঘের সহিত তুলনা করিয়াছি। উভয়েই পরিবর্তনশীল, বিবিধ বর্ণে রঞ্জিত, বায়ুস্রোতে যদৃচ্ছ ভাসমান। দেখিয়া মনে হয় নিরর্থক। ছড়াও কলাবিচারে শাস্ত্রের বাহির, মেঘবিজ্ঞানও শাস্ত্র নিয়মের মধ্যে ভাল করিয়া ধরা দেয় নাই। অথচ জড় জগতে এবং মানব জগতে এই দুই উচ্ছৃঙ্খল অদ্ভুত পদার্থ চিরকাল মহৎ উদ্দেশ্য সাধন করিয়া আসিতেছে।’

বর্তমান ছড়াকাররা এই মহৎ উদ্দেশ্য সম্পর্কে কতটুকু অবগত জানি না। তবে শত বর্ষ পূর্বের এই উক্তি থেকে এটা বুঝা যায় যে ছড়া তখনও সাহিত্যের কোন শাস্ত্র নিয়মে অন্তর্ভূক্ত হয় নি। অথচ খুব কাছাকাছি সময়ে যোগীন্দ্রনাথ সরকার ‘খুকুমনির ছড়া’ নামে মানুষের মুখে মুখে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছড়াগুলোকে সংগৃহিত সংকলনে প্রকাশ করে শিশুসাহিত্যের যে ভিত রচনা করেছিলেন, তারই পথ ধরে রবীন্দ্রনাথই প্রচুর শিশুতোষ ছড়া রচনা করে শিশুসাহিত্যে ছড়াকে এক নতুন মাত্রা দিয়ে গেছেন। আর সুনির্মল বসু তো তাঁর ‘আমার ছড়া’ গ্রন্থের ভূমিকায় ছড়ার প্রভাব বিষয়ে স্পষ্ট স্বীকারোক্তি দিয়েছেন এভাবে- ‘আগে বিশেষ কিছু ছড়া লিখি নাই। কিন্তু আমার এই কাব্য জীবনের মূল উৎস হচ্ছে আমার সেই বাল্য-জীবনের মা-ঠাকুমার মুখে শোনা মধুঝরানো সুরেলা ছড়াগুলি। ঐ ছড়াগুলির কাছে আমি বিশেষভাবে ঋণী, ...-কারণ আমার মনে হয় ছড়া লেখা সহজ নয়। ছড়া লিখবার রীতি-নীতি ও পদ্ধতি সাধারণ রচনা থেকে সম্পূর্ণ আলাদা।’

হতে পারে বুদ্ধি ও বিচার অপেক্ষা রসের প্রাধান্যের কারণেই শিশুতোষ ছড়াকে সাহিত্যে স্থান দিতে এতোটা দ্বিধাগ্রস্ত ছিলেন তখনকার সাহিত্যকুলীন ব্যক্তিরা। তাতে করে এই দ্বিধাটাই কালের অক্ষরে চিহ্নিত হয়েছে, কিন্তু ছড়া তার একই অঙ্গে বহু রূপ নিয়ে ছড়িয়ে পড়েছে ঠিকই। কালে কালে নিজকে শোভিত করেছে যাপিত জীবনের নানান অসঙ্গতি তুলে ধরে এর বিরূদ্ধে গড়ে তোলা হাস্যরস, স্যাটায়ার, কটাক্ষ, শ্লেষ, ঘৃণা, ক্ষোভ, কষ্ট ইত্যাদি বিচিত্র অনুভূতির শিল্পীত প্রকাশের মাধ্যমে। এগুলো তখন আর নিছক ছেলে-ভুলানো ছড়া নেই, সবার মনের কথাকেই ধারণ করেছে স্পষ্টভাবে। হয়তো কালের বিচিত্র পরিহাস হিসেবে এখন প্রকৃত ছড়াকারের একটা নিদানকাল চলছে। কিন্তু আমাদের সুকুমার রায় থেকে শুরু করে রবীন্দ্রনাথ হয়ে নজরুল, অন্নদা শংকর রায়, আহসান হাবীব, রোকনুজ্জামান খান দাদাভাই, শামসুর রাহমান, আল মাহমুদ, এখলাসউদ্দিন আহমদ, সুকুমার বড়ুয়া, আবদার রশীদ, রফিকুল হক দাদুভাই, শাহাবুদ্দীন নাগরী, ফারুক নওয়াজ তথা লুৎফর রহমান রিটন পর্যন্ত আরো অনেক কবি ছড়াকারদের খন্ড খন্ড অবদানে সমৃদ্ধ ছড়ার ঐতিহ্য ও বৈচিত্রে টইটম্বুর থাকার পরেও কি ছড়াকে সাহিত্য হিসেবে মেনে নিতে বিন্দুমাত্র দ্বিধার অবকাশ আছে ?

রবীন্দ্রনাথ তাঁর সাহিত্যসৃষ্টি নামক প্রবন্ধে বলছেন- ‘সাহিত্যে লেখক যাহার কাছে নিজের লেখাটি ধরিতেছে, মনে মনে নিজের অজ্ঞাতসারেও, তাহার প্রকৃতির সঙ্গে নিজের লেখাটি মিলাইয়া লইতেছে। দাশু রায়ের পাঁচালি দাশরতির ঠিক একলার নহে; যে সমাজ সেই পাঁচালি শুনিতেছে, তাহার সঙ্গে যোগে এই পাঁচালি রচিত। এইজন্য এই পাঁচালিতে কেবল দাশ রথির একলার মনের কথা পাওয়া যায় না; ইহাতে একটি বিশেষ কালের বিশেষ মণ্ডলীর অনুরাগ-বিরাগ শ্রদ্ধা-বিশ্বাস রুচি আপনি প্রকাশ পাইয়াছে।
এমনি করিয়া লেখকদের মধ্যে কেহ বা বন্ধুকে, কেহ বা সম্প্রদায়কে, কেহ বা সমাজকে, কেহ বা সর্বকালের মানবকে আপনার কথা শুনাইতে চাহিয়াছেন। যাহারা কৃতকার্য হইয়াছেন তাহাদের লেখার মধ্যে বিশেষভাবে সেই বন্ধুর, সম্প্রদায়ের, সমাজের বা বিশ্বমানবের কিছু-না-কিছু পরিচয় পাওয়া যায়। এমনি করিয়া সাহিত্য কেবল লেখকের নহে, যাহাদের জন্য লিখিত তাহাদেরও পরিচয় বহন করে।’


এটা সত্য যে, সাহিত্য হচ্ছে মানুষের অন্তর্জগতের সাথে বহির্জগতের সমন্বয়কৃত এক সৃষ্টিশীল দলিল। যেখানে মানুষ ও তার পারিপার্শ্বিক জগতের মধ্যে টানপোড়েন নেই, জীবনের গূঢ় বাস্তবতার দর্শনগত রেখাচিত্র নেই, সমকালীনতা নেই, তা কী করে সাহিত্য হবে ? সাহিত্য মানেই তো জীবনের রেখাচিত্র। ‘সহিত শব্দ হইতে সাহিত্য শব্দের উৎপত্তি। অতএব ধাতুগত অর্থ ধরিলে সাহিত্য শব্দের মধ্যে একটি মিলনের ভাব দেখিতে পাওয়া যায়। সে যে কেবল ভাবে-ভাবে ভাষায়-ভাষায় গ্রন্থে-গ্রন্থে মিলন তাহা নহে; মানুষের সহিত মানুষের, অতীতের সহিত বর্তমানের, দূরের সহিত নিকটের অত্যন্ত অন্তরঙ্গ যোগসাধন সাহিত্য ব্যতীত আর কিছুর দ্বারাই সম্ভবপর নহে। যে দেশে সাহিত্যের অভাব সে দেশের লোক পরস্পর সজীব বন্ধনে সংযুক্ত নহে; তাহারা বিচ্ছিন্ন।
পূর্বপুরুষদের সহিতও তাহাদের জীবন্ত যোগ নাই। কেবল পূর্বাপর প্রচলিত জড়প্রথাবন্ধনের দ্বারা যে যোগসাধন হয় তাহা যোগ নহে, তাহা বন্ধন মাত্র। সাহিত্যের ধারাবাহিকতা ব্যতীত পূর্বপুরুষদিগের সহিত সচেতন মানসিক যোগ কখনো রক্ষিত হইতে পারে না।’
আমাদের দেশের প্রাচীনকালের সহিত আধুনিককালের যদিও প্রথাগত বন্ধন আছে, কিন্তু এক জায়গায় কোথায় আমাদের মনের মধ্যে এক একটা নাড়ীর বিচ্ছেদ ঘটিয়াছে যে, সেকাল হইতে মানসিক প্রাণরস অব্যাহতভাবে প্রবাহিত হইয়া একাল পর্যন্ত আসিয়া পৌঁছিতেছে না। আমাদের পূর্বপুরুষরা কেমন করিয়া চিন্তা করিতেন, কার্য করিতেন, নব তত্ত্ব উদ্ভাবন করিতেন- ...... কী ভাবে সমাজ প্রতিদিন বৃদ্ধিলাভ করিত, পরিবর্তন প্রাপ্ত হইত, আপনাকে কেমন করিয়া চতুর্দিকে বিস্তার করিত, নূতন অবস্থাকে কেমন করিয়া আপনার সহিত সম্মিলিত করিত- তাহা আমরা সম্যকরূপে জানি না।’......
... এইরূপে সাহিত্যের অভাবে আমাদের মধ্যে পূর্বাপরের সজীব যোগবন্ধন বিচ্ছিন্ন হইয়া গেছে।’

রবীন্দ্রনাথের উপরোক্ত আক্ষেপ যথার্থ ছিলো এজন্যেই যে, আমাদের হাজার বছরের বাংলা সংস্কৃতির ছিটেফোঁটা যেটুক জানি আমরা তা নগন্য বৈ কি। আমাদের সংস্কৃতির বয়স কি হাজার বছর ? কেন এর বেশি নয় ? কারণ আদি নিদর্শন হিসেবে আমাদের চর্যাপদই তার সাক্ষ্য। এর আগের কোন নমূনা আমাদের হাতে নেই। কিন্তু এই হাজার বছরের মধ্যেও একটা বিরাট সময় অন্ধকারে রয়ে গেছে। যেগুলো আলোকিত, তা আমরা তৎকালীন সাহিত্যকৃতির মধ্যে দিয়েই দেখছি বলে। আর এই সাহিত্যকৃতি মানেই আমাদের লোকসাহিত্য। এবং এটা তো স্বীকৃত যে লোকসাহিত্যের উজ্জ্বল নিদর্শনগুলোই হচ্ছে আমাদের লোকায়ত ছড়াগুলো।

টালত মোর ঘর নাহি পড়বেসী/ হাড়ীত ভাত নাহি নিতি আবেশী/ বেঙ্গস সাপ চঢ়িল জাই/ দুহিল দুধু কি বেণ্টে সামাই/ বলদ বিআএল গবিআ বাঁঝে/ পীঢ়া দুহিআই এ তীনি সাঝে/ জো সো বুধী সোহী নিবুধী/ জো সো চোর সোহি সাধী/ নিতি নিতি সিআলা সিহে সম জুঝই/ ঢেণ্ঢণ পাএর গীত বিরলে বুঝই।
 (চর্যাপদ ৩৩ / ঢেণ্ঢণপাদানাম )

[বস্তিতে আমার ঘর, প্রতিবেশী নেই। হাঁড়িতে ভাত নেই, (অথচ) প্রেমিক (ভিড় করে)। ব্যাঙ কর্তৃক সাপ আক্রান্ত হয়। দোয়ানো দুধ কি বাঁটে প্রবেশ করে ? বলদ প্রসব করল, গাই বন্ধ্যা, পাত্র (ভরে তাকে) দোয়ানো হ’ল এ তিন সন্ধ্যা। যে বুদ্ধিমান, সেই নির্বোধ, যে চোর সেই সাধু। নিত্য নিত্য শৃগাল যুদ্ধ করে সিংহের সঙ্গে। ঢেণ্ঢণপাদের গীত অল্প লোকেই বুঝে।]
অথবা,
‘...... অপনা মাঁসে হরিণা বৈরী/ খনহ ণ ছাড়ই ভুসূকু অহেরী।’
-(চর্যাপদ/ ভুসূকুপাদ)
[আপন মাংসের জন্য হরিণ সকলের শত্রু। এক মুহূর্তের জন্যেও শিকারী ভুসূকু (তাকে) ছাড়ে না।]

দোহার আড়ালে এর অন্তর্নিহিত ভাব যাই হোক, হাজার বছর আগের আমাদের পূর্বপুরুষদের সামাজিক অবস্থাটা যে এখানে প্রতীকী ব্যঞ্জনায় স্পষ্টই আঁকা হয়ে আছে তা আমাদেরকে বুঝে নিতে খুব বেগ পেতে হয় না।

ঘুমপাড়ানো ছড়া হিসেবে বহুল উদ্ধৃত ছড়া ‘খোকা ঘুমালো পাড়া জুড়ালো..’ তে নবাব আলীবর্দী খাঁর সময়কালে বর্গীদের যখন তখন উৎপাতে তটস্থ এই বাংলার জনপদে রাতের নির্জনে শিশুকে ঘুম পাড়াতে গিয়েও যখন বর্গীর ভয় দেখানো হয়, তখন কি আর বোঝার বাকি থাকে আমাদের সে আমলের পূর্বপুরুষদের সামাজিক অবস্থা কী ছিলো ?

‘ডেকে ডেকে খনা গান/ রোদে ধান ছায়ায় পান।’ বা ‘ষোল চাষে মূলা/ তার অর্ধেক তূলা/ তার অর্ধেক ধান/ বিনা চাষে পান।’ খনার বচন থেকে প্রাপ্ত এরকম আরো বহু ছড়া কি সাক্ষ্য দেয় না একাদশ-দ্বাদশ শতাব্দীতে আমাদের কৃষিভিত্তিক সমাজের দৈনন্দিনতায় ধান পানের মতো অত্যাবশ্যকীয় উপকরণগুলোর মাজেজা ?

আধিপত্যবাদী বৃটিশকে এই উপমহাদেশের সাধারণ জনগোষ্ঠি যে কখনোই ভালোভাবে গ্রহণ করেনি তার নজির ইতিহাসের পাতায় পাতায় উৎকীর্ণ আছে। যদিও এ ইতিহাস রচয়িতারা কোন সাধারণ মানুষ নন। কিন্তু সাধারণ মানুষের অভিব্যক্তির আঁচটুকু পেয়ে যাই আমরা শ্রুতিনির্ভর ছড়ার মধ্য দিয়েই। অত্যন্ত স্বাভাবিকভাবেই সহজ সরল মানুষগুলো বৃটিশদের বিভিন্ন কর্মকাণ্ডকে কী চোখে দেখতো তার একটি নমূনা এই ছড়াটি, যা আমাদের শিশুপাঠ্যও ছিলো। ‘রেলগাড়ি ঝমাঝম/ পা পিছলে আলুর দম।’ এটা সেই সময়কালটাকেই ধারণ করে আছে যখন এদেশে প্রথম রেলগাড়ির প্রচলন হচ্ছিলো।

একইভাবে বাঙালীর নিজস্ব প্রচলিত ফসলি ধানের উপর জেঁকে বসা ইরি ধানের আগমনকেও যে কৃষক সম্প্রদায় খুব স্বাভাবিকভাবে নেয়নি তার প্রমাণ রয়ে গেছে এরকম ‘দেশে আইলো ইরি ধান/ আউলা ঝাউলা পাকিস্তান ’ জাতীয় প্রচলিত ছড়ায়।


এভাবে বিয়ের ছড়া, ঝাড়-ফুকের মাধ্যমে চিকিৎসার ছড়া, কন্যাবিদায়ের ছড়া, বৃষ্টির ছড়া, ফসলের ছড়া ইত্যাদির মতো শত শত হাজারো ছড়ায় চিত্রিত হয়ে আছে আমাদের গ্রাম বাংলার জীবন যাত্রার প্রতিটা পালা-পার্বন উৎসব অনুষ্ঠানে প্রচলিত সামাজিক ক্রিয়া বিক্রিয়াগুলো ছন্দে ছন্দে পঙক্তির সমাহারে। ওগুলোই আমাদের সমাজের টুকরো টুকরো হাজারো আয়না। আমাদের আপন চেহারা। আমাদের সামাজিক রাজনৈতিক ইতিহাস। আমাদের বিচিত্রতর দুঃখ আনন্দের জীবন্ত দলিল। ওগুলোই আমাদের সংস্কৃতি, আদি ও অকৃত্রিম সাহিত্য।

অতএব ছড়া সাহিত্য কি না, এরকম বালখিল্য জিজ্ঞাসার চাইতে বরং আমাদের সাহিত্যে ছড়ার অবস্থান বা অবদান কোথায় এর উত্তরে যদি পাল্টা প্রশ্ন ওঠে আমাদের শরীরে রক্তের অবস্থান বা অবদান কোথায়, তবে উত্তর দাতার নীরবতাই বুঝিয়ে দেবে প্রশ্নকর্তার হঠকারী দৃষ্টিভঙ্গির সাযুজ্য কতটুকু। একান্ত নির্জ্ঞান বা জ্ঞানপাপী ছাড়া এমন হঠকারী বিতর্কের সূচনা প্রয়াস আজ এই সময়কালে এসে আর কারো দ্বারা কি সম্ভব ? এর পরেও যখন এই প্রশ্ন উত্থিত হতে দেখা যায় কোথাও, তার প্রেক্ষিত আসলে অন্যত্র। এ জন্য একমাত্র দায়ী হতে পারে আমাদের বর্তমান মেধাশূন্য ছড়াকাররাই। তা বলে সবাই কি মেধাশূন্য ? অবশ্যই নয়। অনেক মেধাবী ছড়াকার আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু চাল ডাল তেল মায় সবকিছু নিয়ন্ত্রণকারী জনস্বার্থ বিরোধী সিন্ডিকেটের মতো আমাদের সাহিত্যজগৎটাও আজ সিন্ডিকেট নিয়ন্ত্রিত হয়ে গেছে। অতএব ছড়াসাহিত্যই বা বাদ যাবে কেন ! গোষ্ঠীপ্রীতির তৈলাক্ত মর্দনে অনভ্যস্ত আমাদের মেধাবী ছড়াকাররা তাই আজ মিডিয়ার অন্তরালে প্রতিভার শলতে জ্বালিয়ে চর্চা করে যাচ্ছেন ঠিকই, কিন্তু এই আলোর রেশ বেশিদূর যাবার সুযোগ না পেয়ে প্রকৃত অর্থে সাহিত্যকেই বঞ্চিত করছে। এটাই আমাদের দুর্ভাগ্য।

যা সত্যি, তাই বাস্তব

যদিও এটা সুস্থমস্তিষ্কধারী কারোরই কাম্য হতে পারে না, তবু কথার কথা হিসেবে যদি বলা হয় যে, হঠাৎ কোন মহাবিপর্যয়ে যদি মানুষের এই ঝলমলে সভ্যতা হঠাৎ একদিন ধ্বংস হয়ে যায় ! কিছু সংখ্যক মানুষই বেঁচে থাকে শুধু, আর কিছু নয় ! এবং সমস্ত লিখিত সাহিত্য ইতিহাস নিশ্ছিন্ন হয়ে যায়, কী হবে তখন এ জাতীর সাহিত্য ভাগ্য ? একটা যুক্তিসঙ্গত কাল পেরিয়ে এসে পুনরায় লিখিত হবে যা, তা কি আমাদেরকে ফের সেই শ্রুতি ও স্মৃতিনির্ভর লোকসাহিত্যধারার কথাই মনে করিয়ে দেবে না ? গল্প উপন্যাস হারিয়ে যাবে, কবিতার করুণ কান্নাও হয়তো শোনা যেতে পারে ; একমাত্র ছড়াই তার পূর্ণ অস্থিত্ব নিয়ে এগিয়ে আসবে জনমানুষের একান্ত আপন অনুভূতি আর নিজস্ব আয়না হয়ে। যদিও এই আশঙ্কা এই তথ্য প্রযুক্তির যুগে সত্যি হবে না বলেই বিশ্বাস, তবু এটা তো ঠিক যে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে আশ্রয় প্রশ্রয়ে যা থেকে যায়, বেড়ে ওঠে, পল্লবিত হয়, শেষ পর্যন্ত তাই টিকে থাকে। এটাই নিয়তি। সময়ের চূড়ান্ত জাজমেন্ট। আর এ ক্ষেত্রে ছড়াই পারে এই দাবী মেটাতে পূর্ণভাবে।

তোমার আমার ঠিকানা/ পদ্মা মেঘনা যমুনা, অথবা বীর বাঙালী অস্ত্র ধর/ বাংলাদেশ স্বাধীন কর, এই জাতীয় শ্লোগাণগুলো কি স্মৃতিবিচ্যুত হবার কোন সম্ভাবনা আছে ? এক নিমেষেই আমাদেরকে নিয়ে যায় আমাদের স্বাধীনতা আন্দোলনের বীর্যবান সময়কালটাতে। ভেসে ওঠে ইতিহাস, আমাদের অহঙ্কারী ঐতিহ্যের উজ্জ্বল প্রেক্ষিত। অথবা ‘এক দফা এক দাবী/ এরশাদ তুই কবে যাবি’ বা নুর হোসেনের উদোম বুকে পিঠে আঁকা বাংলাদেশের হৃদয় ঝরানো পঙক্তি, ‘স্বৈরাচার নিপাত যাক/ গণতন্ত্র মুক্তি পাক’। নব্বই এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের নিখাদ চেহারাটা কি লাফ দিয়ে সামনে এসে দাঁড়ায় না ? এগুলো কি শুধু শ্লোগান ? জনমানুষের কাঙ্ক্ষিত ভাষা শ্লোগান হয়ে যায় তখনই, যখন ছড়া ও ছন্দ মিশে চেতনার মনভূমিকে আন্দোলিত করে তোলে। এটাই সাহিত্য। কারণ, সাহিত্য হচ্ছে জীবনের প্রতিচ্ছবি। সময়ের একান্ত দলিল। মূলত এটাই সাহিত্যের প্রকৃত সংজ্ঞা।

ছড়ার সুদীর্ঘ ঐতিহ্য, প্রভাব ও ক্ষমতা বিশ্লেষণ করলে সমকালীন সাহিত্যে এর অবস্থানকে এতো হেলাফেলার চোখে দেখা হবে কেন ? আসলে গলদ এই প্রশ্নটার মধ্যেই। সাহিত্যে ছড়াকে কখনোই অবহেলা করা হয় নি। অবহেলা বলতে যে বিষয়টিকে বোঝানো হয়ে থাকে, তা মূলত কিছু সংখ্যক ব্যক্তির কারণে কিছু সংখ্যক ব্যক্তির দ্বারা প্রকৃত বিষয় চিহ্নিতকরণে সীমাবদ্ধতার ফলে বিষয়-বিশ্লিষ্ট হয়ে যাওয়া। ছড়ার নাম দিয়ে যা ইচ্ছে তা ছন্দে ছন্দে বসিয়ে দিলেই যদি ছড়া হয়ে যেতো, তাহলে সমিল কবিতা, পদ্য বা গীত হওয়ার জন্য লিখিত গানের নামে আলাদা কোন সাহিত্য বিভাগই সৃষ্টি হতো কি না সন্দেহ। যার চিকিৎসা যথাসময়ে মহাকালই স্বয়ংক্রিয়ভাবে করে নেয়। কাউকে না কাউকে দিয়ে করিয়ে নেয়। এখানেই ছড়াসাহিত্যে সমালোচনা সাহিত্যের প্রয়োজনীতা ও গুরুত্বও টের পেয়ে যাই আমরা। যদিও এই সমালোচনা আমাদের ছড়াসাহিত্যে উল্লেখযোগ্যভাবে গড়ে ওঠেনি এখনো। তা গড়ে ওঠলেই বরং নিঙড়ানো আগাছার আড়াল থেকে বেরিয়ে আসবে প্রকৃত ছড়াগুলো। তাই যারা ছড়ার নাম দিয়ে অছড়ার চাষ করছেন প্রতিনিয়ত হাজারে-গণ্ডায়, প্রকৃত অর্থে এরাই ছড়াকে ঠেলে দিচ্ছেন অবহেলার শুকনো উঠোনে। এর সাথে সাথে পাঠক বঞ্চিত হচ্ছেন প্রকৃত ছড়া থেকে, আর সাহিত্য হারাচ্ছে তার মেধাবী ছড়াকারদের নতুন নতুন উৎস সন্ধানের সম্ভাবনাকেও।

এর পরেও কি আমাদের তথাকথিত সামগ্রিক পাঠাভ্যাসহীন ছড়াকারদের বোধোদয় হবে না ?

[muktangon-nirmaanblog]

Wednesday, May 14, 2008

# উল্টোস্রোতের কূল-ঠিকানা,প্রসঙ্গ- লিটল ম্যাগাজিন...(দুই)



উল্টোস্রোতের কূল-ঠিকানা,
প্রসঙ্গ- লিটল ম্যাগাজিন...(দুই)


- রণদীপম বসু
[প্রথম পর্ব (০১): এখানে]

‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই, তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।’
--- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস
(৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)


ছড়াসাহিত্যে লিটল ম্যাগাজিন

ছড়াসাহিত্যকে অবহেলা করতে পারে কেবল নিরেট মূর্খ আর নির্বোধরাই। পিতার পরিচয়ে অস্পষ্টতা থাকলেও থাকতে পারে, কিন্তু মা-কে অস্বীকার করার কোন কি উপায় আছে? আমাদের বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা ছড়াসাহিত্যের এই বিশাল বিস্তৃতিকে উপেক্ষা করার কোনই উপায় নেই। এ যাবৎ আবিষ্কৃত বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যার দোহায় জীবনমনস্কতা থেকে শুরু করে লোকায়ত জীবনযাত্রার প্রতিটা ধাপ অতিক্রম করে বাঁকে বাঁকে সাহিত্যের বিভিন্ন পথের সৃষ্টি হতে হতে ছড়াসাহিত্য আজ যে পর্যায়ে এসে পৌঁছেছে, তাতে এর বিষয় বক্তব্য আঙ্গিক উপস্থাপন প্রকরণে বহু পরিবর্তনের ছোঁয়া টের পাওয়া গেলেও সাথে সাথে কিছু নিরীক্ষাহীন অনড়তা আমাদের নজর এড়িয়ে যায় না। সম্ভবত এ অনড়তাই ছড়ার সবচেয়ে বড় সীমাবদ্ধতা।

সাহিত্যের নতুন নতুন পরিবর্তনের সাথে লিটল ম্যাগাজিন আন্দোলনের সংশ্লিষ্টতা ওতপ্রোত। অন্যান্য সাহিত্যমাধ্যম বিবেচনায় সৃজনশীলতায় উৎকর্ষতার শীর্ষ মাধ্যম কবিতার ইতিহাসই হলো কালে কালে পরিবর্তন আর পরীক্ষা-নিরীক্ষার ইতিহাস। তাই কবিতাকে ঘিরে সব সময়ই সমান্তরিক একটা চলমান আন্দোলন হিসেবে লিটল ম্যাগাজিনের যে ব্যাপক চর্চা ও সাগ্রহ আয়োজন চোখে পড়ে আমাদের, সাহিত্যের অন্যান্য মাধ্যমে তা অনেকটা স্তিমিত। ছড়াসাহিত্যে তো প্রায় নাই বললেই চলে। এটা কি আমাদের সাহিত্যবোদ্ধাদের অনাগ্রহ, অমনযোগ, না কি সংশ্লিষ্ট অঙ্গনে সৃজনশীল মেধার অভাব তা বিবেচনার দাবি রাখে।

হতে পারে ছড়া আমাদের লৌকিক বাংলার প্রবহমান সংস্কৃতির সাথে স্বতঃস্ফূর্ত জনভাষ্যে নিহিত বলে এর সহজ সরল প্রকরণে নিরীক্ষাধর্মীতার তেমন বিকাশ ঘটে নি। অন্যদিকে সংশ্লিষ্ট ক্ষেত্রে যথাশিক্ষিত ও মেধাবীদের বিচরণ বলেই হয়তো ছড়া থেকে ভিন্ন হয়ে যাওয়া কবিতার রাজ্যে ছন্দ মাত্রা ভাষা প্রকরণ বিষয় বক্তব্য ও তত্ত্বের সংশ্লেষণ বিয়োজনের ক্রমাগত রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে সৃজনের বাঁকে বাঁকে লিটল ম্যাগাজিনের আত্মপ্রকাশ ও বিকাশের ধারা অব্যাহত রয়েছে। কিন্তু ছড়াসাহিত্যের আরেকটি যে ধারা শিশুসাহিত্যে নাক গলিয়ে দিলো? মূলত প্রথমদিকের যা কিছু মেধাবী বিবর্তন, এ ধারাটিতেই দেখি আমরা। যোগীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, সুকুমারের হাত ধরে ছড়ার এ ধারায় যে চমৎকারিত্ব ও আধুনিকতা দেখা দিলো, তাঁদের ও সমকালীনদের হাতে পড়ে তা-ই আবার শিশুতোষ ছড়া-কবিতা-পদ্য ও কিশোর কবিতার মতো নতুন ক্ষেত্র সৃষ্টির মাধ্যমে এর বিস্তৃতি বহুগুনে বাড়িয়ে দিলো। একই সাথে পরীক্ষা-নিরীক্ষার সম্ভাব্য ক্ষেত্রটাকেও বিচিত্র সম্ভাবনায় প্রসারিত করলো। এ সময়কালটাকে আধুনিক ছড়াসাহিত্যের রেনেসাঁকাল হিসেবে চিহ্নিত করা যেতে পারে। পরবর্তীতে এখানে আরো অনেকেই আঙ্গিকগত পরীক্ষা নিরীক্ষায় এগিয়ে এসেছেন। বিশেষ করে কাজী নজরুল, আহসান হাবীব, আল মাহমুদ, হুমায়ুন আজাদ, জয় গোস্বামী প্রমুখ কবিদের উজ্জ্বল উপস্থিতি নতুন সম্ভাবনায় উজ্জীবিত করে। তবে প্রকৃত ছড়ার ক্ষেত্রে খুব একটা মাত্রিক পরিবর্তন আমাদের চোখে পড়ে না।

ছড়াসাহিত্যের আরেকটি যে ধারা অন্নদা শংকর রায়ের হাতে সামাজিক রাজনৈতিক ধারায় বিকশিত হয়ে উঠলো, তারই ধারাবাহিকতায় সবতোষ ছড়া নামে একটি সামাজিক ছড়াসাহিত্যের ধারা বেগবান হয়ে ওঠলো। এ ধারাটা এমনই গ্রহণযোগ্যতা পেলো যে, কালে কালে মেধাবীদের মেধা বিকাশের চমৎকার জনপ্রিয় একটা ক্ষেত্র তৈরি হয়ে গেলো। ছড়ার ক্ষেত্রে এটাকেই আমরা আধুনিক ধারা বলতে পারি, যেখানে বক্তব্য প্রকাশে ঋজুতা, প্রতীকী ব্যঞ্জনার মাধ্যমে ব্যক্তিক ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভে বিক্ষোভে বিদ্রুপ আক্ষেপ ঘৃণা বা ইত্যকার আবেগ প্রকাশে অব্যর্থতা, জীবনের চলমান অসংগতিগুলোকে কটাক্ষ করার কৌতুকময় উপস্থাপনের মাধ্যমে স্বতস্ফূর্ত হিউমার প্রদর্শনের উপযুক্ততা তৈরি হয়ে যায়। এ ধারার আদিপুরুষ সুকুমার রায়কে তাঁর ননসেন্স রাইমের স্বীকৃতির মাধ্যমেই আধুনিক প্রকরণে এসে আবদার রশিদ, সুকুমার বড়ুয়া, ফারুক নওয়াজ, লুৎফর রহমান রিটন প্রমুখ বেশ জনপ্রিয়তা পেয়েছেন। মজার ব্যাপার হচ্ছে ভাষা প্রকরণে কোথাও কোন নতুনত্ব না থাকলেও স্রেফ হিউমার ব্যবহারের দক্ষতার কারণেই এরা সফল হয়েছেন বলে ধরে নেয়া যায়। তাদের সব লেখাই যে সফল হয়েছে তাও নয়। একই প্রকরণে আরো অনেক লিখিত হলেও যেখানেই হিউমারবোধের অভাব ঘটেছে সেখানেই রচনাগুলো ছড়া পদবাচ্যের কিছু পদ্য হয়েছে হয়তো, নিপুন ছড়া আর হয়ে ওঠেনি। তবে পূর্বাপর অনেকের লেখাতেই এমন কি অনেক নবীনদের মধ্যেও মাঝেমধ্যে এরকম হিউমারের ব্যবহার ল্ক্ষ্য করা যায়। এটাই আশার কথা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নৈরাশ্যজনক বৈপরিত্যই চোখে পড়ে। প্রচলিতের বাইরে কারো ক্ষোভেই স্বতন্ত্র কোন শিল্পভাষা নজরে আসে না।

যদিও ছড়াসাহিত্যে পূর্বে উল্লেখিত শিশুতোষ ছড়া-কবিতা-পদ্য ও কিশোরকবিতা এবং সামাজিক বা পরিপক্ক ছড়ার কতকগুলো ধারা তৈরি হয়ে আছে, তবু এখনও ছড়াসাহিত্য বলতে সবাই উপরোক্ত সবগুলো ধারাকে একত্রেই বুঝে থাকেন। এবং এই বুঝাটা তাদের এতোই সংশ্লেষিত যে, প্রতিটা ধারাই যে একেকটা স্বতন্ত্র ধারা এবং তা স্বতন্ত্রভাবেই বিশ্লেষণের দাবি রাখে, এটা জেনে বা না জেনে কেউ এখনও মানেন বলে মনে হয় না। এজন্যেই প্রয়োজন ছিলো ছড়াসাহিত্যে বিশেষ কিছু লিটল ম্যাগাজিন আন্দোলনের, যা এ সবকিছু সবার কাছে স্পষ্ট করে দেয়ার পাশাপাশি নতুন কোন ধারার সম্ভাব্যতা যাচাই করে দেখার প্রয়াসও পেতো। সে রকম কোন উদ্যোগ বা প্রচেষ্টা কি আদৌ হয়েছে? এগুলো বিবেচনায় রেখে ইতোমধ্যে প্রকাশিত আমাদের ছড়াসাহিত্যে গুঞ্জন তোলা কিছু লিটল ম্যাগাজিনের হয়ে ওঠা বা হয়ে না ওঠা নিয়ে আলোকপাত করা দরকার।


নাম ধরে ডাকে কি কেউ?

বিপণনের সুতীব্র মোহে বিজ্ঞাপনের আড়ম্বরের মধ্য দিয়ে কোন বই বা সংকলনের আগাম জন্ম ঘোষণা প্রায়শই জেনে যাই আমরা। কিন্তু চারিত্র্য বৈশিষ্ট্য অনুযায়ী লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে তা হবার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ এবং নাই বললেই চলে। জন্মসাফল্যই একে পরিচিত করে তোলে এবং পাঠকের মনে বিষয়নিষ্ঠ নতুন ভাবনার জন্ম দেয়ার কার্যকরিতা তাকে করে তোলে কৌতূহলী ও আকর্ষণীয়। সন্ধানী চোখ ও সামর্থের সীমাবদ্ধতা মেনেই ছড়াসাহিত্যের মহাফেজখানা ঘাটলে সুদীর্ঘ ইতিহাসে শিশুসাহিত্যকে ভিত্তি করে নানান ধরনের সংকলনের তালিকা দীর্ঘ হবে নিঃসন্দেহে ; ছড়া নিয়ে কুলঠিকানার খোঁজে গবেষণাগ্রন্থও আছে বেশ। কিন্তু কোন লিটল ম্যাগাজিন কি আদৌ চোখে পড়ে ? হয়তো ছড়া নিয়ে সমালোচনা সাহিত্যটাই এযাবৎ গড়ে ওঠেনি বলে সমান্তরিক অবস্থানে লিটল ম্যাগাজিন চর্চাটাও সেভাবে আর হয়ে ওঠেনি।

স্বাধীনতা উত্তর বাংলাদেশে প্রায় দু’যুগ পরে এসে নিজেকে ছড়া বিষয়ক লিটল ম্যাগাজিন ঘোষণা দিয়ে চট্টগ্রাম থেকে যে পত্রিকাটির আত্মপ্রকাশ ঘটে সেটা ‘ছড়া পত্রিকা’। ঘোষণা অনুযায়ী সম্ভবত ছড়া পত্রিকাই বাংলাদেশে ছড়া বিষয়ক প্রথম লিটল ম্যাগাজিন, যদিও এক্ষেত্রে তা পর্যালোচনার দাবি রাখে। একই দাবি নিয়ে পরবর্তীতে আরো যারা এসে মাঠে নামলো তারা হচ্ছে- প্রতীকী, ছড়াড্ডা, অন্ত্যমিল, চমচম, চমক, নকশি, ছড়াপত্র ইত্যাদি। মানুষ নিজের সম্পর্কে নিজেই নাকি সবচেয়ে বেশি ভালো জানে। কিন্তু মানুষ তো হচ্ছে এক অপ্রকাশিত মহাগ্রন্থ। আর পত্রিকা বা ম্যাগাজিন হলো হাটে ছেড়ে দেয়া বই। অতএব পাঠক হিসেবে আমরা তো এদের দাবিকে একটু যাচাই বাছাই করে নিতেই পারি। এক্ষেত্রে লিটল ম্যাগাজিনের মৌলিক চরিত্র বা বৈশিষ্ট্য কী হবে তা যেহেতু মোটামুটি চিহ্নিত করা গেছে, সে আলোকেই আমরা আমাদের চিন্তাসূত্রটাকে চারিয়ে দিতে পারি। আলোচনার সুবিধার্থে আলোচ্য পত্রিকাগুলোর সর্বশেষ সংখ্যা যা এ নিবন্ধকারের কাছে রয়েছে , তাকেই সর্বশেষ নমূনা হিসেবে বিবেচনায় আনা হয়েছে।


ছড়া পত্রিকা

প্রচলিত সংকলন পত্রের প্রথাগত মেড়মেড়ে পাঁচমেশালির ভীড়ে আচমকা ছড়া বিষয়ক বিচিত্র সব প্রবন্ধ নিবন্ধ আলোচনায় সমৃদ্ধ হয়ে যে পত্রিকাটির উপস্থিতি সংশ্লিষ্ট অঙ্গনের লিখিয়েদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলতে সক্ষম হলো শুরুতেই, তা হচ্ছে ছড়া পত্রিকা। ছড়াকার মাহবুবুল হাসানের আন্তরিক ও মেধাবী সম্পাদনায় ১৯৯৩- এ আত্মপ্রকাশের পর থেকে মহান একুশে বইমেলাকে সামনে রেখে প্রতিবছর পত্রিকাটির একটি করে সংখ্যা প্রকাশিত হয়ে আসছে। সে ক্ষেত্রে সর্বশেষ ফেব্রুয়ারি ২০০৮ সংখ্যাটি ক্রমানুসারে পঞ্চদশ হবার কথা থাকলেও বোধ করি বিচ্ছিন্নভাবে দু’টো বছর মাঝে থেকে বাদ পড়ায় চলমান সংখ্যাটি হচ্ছে ত্রয়োদশ সংখ্যা। পত্রিকার আকারে বিশেষত্ব , রুচিশীল অবয়ব ও অঙ্গসৌষ্ঠব , প্রকাশনার গুনগত মান ও দু’মলাটের ভেতরে ঠাসা ভাবুক শব্দরাশির ঝংকারে পত্রিকাটি এতোটাই পাঠকপ্রিয়তা পেয়েছে যে, এতগুলো বছর পেরিয়ে এসেও তার আকর্ষণ এ অঙ্গনে এতটুকুও হ্রাস পায় নি। বরং পরবর্তী সংখ্যার জন্য পাঠকের দীর্ঘ প্রতীক্ষা আরও কষ্টকর হয়ে ওঠে। এই জনপ্রিয়তা অক্ষু্ণ্ন রাখা নিঃসন্দেহে কৃতিত্বের ব্যাপার। কিন্তু এখন বিবেচনার বিষয় লিটল ম্যাগাজিন হিসেবে এই পত্রিকা আসলে কতোটা উত্তীর্ণ হতে পেরেছে।

সংকলিত গদ্যরচনার মধ্য দিয়েই একটি ম্যাগাজিনের আদর্শ উদ্দেশ্য ল্ক্ষ্য ও দর্শন চিহ্নিত হয়ে থাকে। পাশাপাশি এ আদর্শের বাস্তব উদাহরণ বা নমূনা হিসেবে উপস্থাপিত হয় প্রস্তাবিত মৌলিক রচনার নিদর্শনগুলো। এখানে ছড়া পত্রিকায় কী দেখতে পাই আমরা ? চলতি এ সংখ্যায় প্রকাশিত প্রথম গদ্যটি মুহাম্মদ নিযামুদ্দীনের ‘শামসুর রাহমান; ছড়াতেও যিনি শক্তিমান’। আলোচনায় ছড়াতে কবি শামসুর রাহমানের শক্তিমত্তা বিশ্লেষণ করতে গিয়ে যে চমৎকার উদ্ধৃতিগুলো উপস্থাপন করা হয়েছে, প্রায় সবই মূলত শিশু-কিশোর কবিতা বা পদ্য। এখানে পদ্য ও কবিতার শক্তি দিয়ে কি ছড়ার শক্তিমত্তা প্রমাণের নতুন কোন প্রক্রিয়া উদ্ভাবন করা হলো ? না কি ছড়া ও কবিতার পার্থক্যটাকেই গুবলেট করে ফেলা হয়েছে ? ভাবনা উদ্রেক করার মতো লিটল ম্যাগিয় কোন নতুন চিন্তা-দর্শন কি এ রচনাটিতে প্রকাশ পেয়েছে ? এটা কি ভুতের পা দিয়ে একশ’ বছর পেছনে হাঁটা হয়ে গেলো না !

এমরান চৌধুরীর ‘ছড়া হয়ে ওঠা’ বা রণদীপম বসুর ‘চারুপাঠের মগ্নকিশোর ও আমাদের কিশোর কবিতা’ শিরোনামে সময়োপযোগী নিবন্ধগুলো যে দৃষ্টিভঙ্গিতে চয়ন করা হয়েছে, ছড়া পত্রিকায় সংকলিত ছড়া বা কবিতা নামের রচনাগুলো কি একই দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে ? লিটল ম্যাগীয় বৈশিষ্ট্যের সাথে তা মেলানো সত্যি দুরুহ।

আর সতীশ বিশ্বাসের ‘উত্তর আধুনিক ছড়া’ নামের রচনাটিকে যে আজগুবি যুক্তিহীন মনে হয়েছে, ছড়াতে অন্ত্যমিল উঠিয়ে দেয়ার প্রস্তাবের জন্য নয়, উত্তর-আধুনিক নাম ব্যবহারের উদ্ভট স্টান্টবাজি করার জন্য। অন্ত্যমিল ওঠিয়ে দিয়ে পরীক্ষামূলকভাবে ছড়ার চর্চা করা যেতেই পারে। কিন্তু উত্তর-আধুনিক নাম ব্যবহারের আগে ভাবা উচিৎ ছিলো যে উত্তর-আধুনিকতা কী আর লিটল ম্যাগীয় চরিত্রই বা কী। গৃহিত হোক বা না হোক, সাহিত্যের বৃহত্তর চিন্তাক্ষত্রে উত্তর-আধুনিকতার দর্শন নিয়ে যেখানে রীতিমতো খণ্ডযুদ্ধ চলছে সেখানে কোন দর্শনবিবর্জিত মামুলি একটা প্রকরণের সম্ভাব্য পরিবর্তন প্রস্তাবের কপালে প্রচলিত এই মতবাদের সীল ব্যবহার করার আগে তা নিয়ে অন্তত সাতবার ভাবা উচিৎ ছিলো না কি ?

বেশ কতকগুলো বইয়ের আলোচনা রয়েছে এ সংখ্যাটিতে। আলোচকরা বইগুলোর বিস্ময়কর সর্বগুনে এতোটাই বিভোর হয়ে গেলেন যে, ভুলে গেলেন সবাই- গুণকীর্তণের জন্য বরাদ্দ জায়গা নিয়ে বহু সংকলন পত্রিকা তাদের তৈলাক্ত জমিন বিছিয়ে রেখেছেন অপেক্ষায় অপেক্ষায়। কিন্তু লিটল ম্যাগ তো কোন ব্যক্তিকীর্তণের জায়গা নয়। এটা একটা আদর্শের জায়গা, আদর্শ প্রচারের জায়গা। ছড়া পত্রিকার পূর্ববর্তী সংখ্যাগুলোতেও দেখা গেছে যে, যার কোন স্বতন্ত্র শিল্পভাষাই তৈরি হয়নি বা দুয়েকটা শিল্পহীন অশিষ্ট পদ রচনার স্টান্টবাজি করে ক্ষমতাসীনের পদলেহনে কৃতিত্ব দেখিয়ে যে কিনা প্রাতিষ্ঠানিকতার সর্বোচ্চ পুরস্কার বাগিয়ে নিতে পারে, তাদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশ করে এস্টাব্লিস্টম্যান্টের পায়ে নিজকে বিলিয়ে দিয়ে আদর্শহীনতার পরাকাষ্ঠা দেখাতে। তবে চলতি সংখ্যায় সম্পাদক বরাবরে চিঠির ঘোমটায় ইলতুৎ আলীদের দীর্ঘ প্রতিক্রিয়াটিকে একটা সমালোচনামূলক গদ্য হিসেবে অনায়াসে চালিয়ে দেয়া যেতো, যাতে পাঠকরা কিছুটা হলেও লিটল ম্যাগাজিনের ঘ্রাণ পেতো।

শ্রমসাধ্য পত্রিকাটির আদ্যোপান্ত বিন্যাস ও অবয়ব দেখলে সম্পাদকের সুরুচির প্রশংসা করতেই হয়। তবে সুনির্দিষ্ট কোন শিল্পাদর্শ এতে প্রতিফলিত হয়নি, যা একটা লিটল ম্যাগাজিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর যদি গণতান্ত্রিক তরল প্রক্রিয়ার উৎকৃষ্ট নিদর্শন হিসেবে দেখি, তবে এ পত্রিকা তা যথাযথ পূরণ করেছে বলে মনে হয়। কিন্তু শুকতলায় ভেংচিকাটা অবাধ্য পিনের মতো অস্বস্তিটাও থেকেই গেলো- এতোটা ইর্ষণীয় সমৃদ্ধি ও যোগ্যতা থাকার পরেও এটা পুরোপুরি লিটল ম্যাগাজিন হতে পারলো না বলে। পনের বছর খুব অল্প সময় নয়। শুধু আদর্শটা পরিষ্কার নয় বলেই এটা হতে চাওয়া লিটল ম্যাগাজিনের একটা প্রতিরূপ হিসেবেই রয়ে গেলো। তবু এখনো তো সময় ফুরিয়ে যায় নি।


প্রতীকী
লিটল ম্যাগাজিন বিষয়ক আলোচনায় যে পত্রিকাটির নাম আদৌ প্রযোজ্য হবে কি না সন্দেহ, কিন্তু সর্বশেষ পনেরতম ফেব্রুয়ারি/মার্চ ২০০৮ সংখ্যাটি প্রকাশের মধ্য দিয়েই একটি নতুন সম্ভাবনার দরজা উন্মুক্ত করে দিলো ছড়ার কাগজ ‘প্রতীকী’। নিজেকে ছড়া সাহিত্য বিষয়ক ষান্মাসিক লিটল ম্যাগাজিন হিসেবে দাবি করা ছড়াকার মিজানুর রহমান শামীম সম্পাদিত এই প্রতীকীও প্রকাশিত হচ্ছে চট্টগ্রাম থেকেই। সম্ভাবনা বলার অর্থ এই নয় যে এটাকে আমরা লিটল ম্যাগাজিনের পঙক্তিভুক্ত করে ফেলছি। বরং তুলনামূলক মানদণ্ডের নিক্তিতে যাচাই করার সম্ভাব্যতা বুঝানো হচ্ছে। এক্ষেত্রে সেই একইভাবে বলতে হয় যে, ভেতরে যতক্ষণ না মূল আদর্শ দানা বেঁধে না ওঠবে ততক্ষণ তার ল্ক্ষ্যহীন নাবিকের মতো অথৈ জলক্ষেত্র ঘুরে বেড়ানোই সার হবে, কাজের কাজ কিছুই হবে না। সর্বসাধারণের জন্য না পেলো বিনোদনধর্মীতা, না হলো ছড়া-সাহিত্য নিয়ে ভাবুকদের নতুন কোন চিন্তার খোরাক দেয়া। মধ্যপন্থা মানেই যে কোন পন্থা নয়, দিকভ্রষ্টতা, আমাদের লিটল ম্যাগ কর্মিদের মধ্যে এ বোধটা যত দ্রুত বিকশিত হয়ে ওঠবে ততই লিটল ম্যাগের জন্য তথা ছড়া সাহিত্যের জন্য মঙ্গল।

প্রতীকী’র চলমান সংখ্যাটিকে দু’টো অংশে ভাগ করা হয়েছে। ছড়াসাহিত্যে যাঁর বিশেষ অবদান অনস্বীকার্য, স্বনামধন্য ছড়াকার ফারুক নওয়াজের পঞ্চাশে পা দেয়াকে প্রয়োজনীয় সম্মান দেখানোর প্রশংসনীয় উদ্যোগ হিসেবে তাঁর সাহিত্য কীর্তি নিয়ে আলোচনা সাক্ষাৎকার ফারুক নওয়াজ অংশ এবং সামগ্রিক ছড়াসাহিত্য নিয়ে আলোচনা পর্যালোচনা ছড়া কবিতা ইত্যাদি নিয়ে সাধারণ অংশ। ফারুক নওয়াজ অংশে প্রতিষ্ঠিত লেখকদের যেসব রচনালেখ্য উপস্থাপন করা হয়েছে তা থেকে একজন ফারুক নওয়াজের বিস্তৃত প্রোফাইলই পাই আমরা। লেখক ফারুক নওয়াজ এখানে অনুপস্থিত ; লিটল ম্যাগাজিনের স্বরটা অনুপস্থিত বলেই হয়তো। অথচ তাঁর লেখক সত্তার সন্ধানটাই এখানে জরুরি ছিলো। ওটাই কি তাঁর আসল পরিচয় নয় ?

সাধারণ অংশে অনেকগুলো ছড়া কবিতার পাশাপাশি বেশ ক’টি গদ্য-রচনা স্থান পেয়ে ম্যাগাজিনটি সমৃদ্ধ হয়েছে। তবে গদ্যের কপালে ইচ্ছেখুশি প্রবন্ধ নিবন্ধ ইত্যাদি ভারি ভারি নামবাচক শব্দের বাছ-বিচারহীন তকমা এঁটে দেয়ার প্রবণতা থেকে আরো অনেক ম্যাগাজিনের মতোই প্রতীকীও মুক্ত হতে পারেনি। যে রচনা পাঠকের মনে কোন প্রশ্নই জাগাতে পারে না, কোন মননশীল প্রশ্ন উত্থাপন করলো না, তাকেও প্রবন্ধের ভেলায় চড়িয়ে তরুণ কৌতূহলী পাঠককে কি বিভ্রান্তিতে ফেলা হয় না ? রবীন্দ্র-নজরুল আমাদের সামগ্রিক সাহিত্যেই গভীর বিস্তৃত মহীরুহ। নতুন নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তাঁদের সৃষ্টিকর্মের উপর বহু গবেষণা অভিসন্দর্ভ রচনা হয়েছে হচ্ছে এবং হবেও। প্রসঙ্গ-সংশ্লিষ্টতায়ও আমরা তাঁদের রচনার কাছে অকৃপণ হাত বাড়াবো সন্দেহ নেই। কিন্তু ছড়া-কবিতায় নজরুলের শিশু কিশোর ‘প্রবন্ধে’ নতুন কোন্ দৃষ্টিভঙ্গির উন্মেষ ঘটানো হলো যে পাঠককে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে ? ঠিক এ ধরনের রচনাটি যদি সমকালীন কোন মেধাবী লেখকের সৃষ্টিকর্ম নিয়ে বিশ্লেষণী হয়ে ওঠতো, লিটল ম্যাগীয় দৃষ্টিতে তাই যথাযথ হতো। একইভাবে বই আলোচনাতেও প্রাতিষ্ঠানিক বৃত্তাবদ্ধতার বাইরে কেউ যেতে পারছেন বলে মনে হচ্ছে না। মুহাম্মদ নাসির উদ্দিন তো সম্ভাবনার একটু ঝিলিক দিয়ে আবার দ্রুতই পাততারি গুটিয়ে ফেললেন। আর মেধাবী আলোচক ইলতুৎ আলীদের স্বভাবসুলভ লেখাটি এখানে পাওয়া গেলো কি না নিবন্ধকারের বোধের সীমাবদ্ধতা স্বীকার করেও প্রশ্নটি থেকে গেলো এজন্যেই যে, নতুন রূপে প্রতীকী হয়তো লিটল ম্যাগাজিন হতে চেয়েছিলো। তবে চন্দন চৌধুরীর শিশুতোষ লোকছড়া: ঐতিহ্যে ও অধুনায় প্রবন্ধটিতে মননশীল পরিশ্রমের ছোঁয়া টের পাওয়া যায়। তবু ছোট্ট একটা খটকা লাগলো- প্রবন্ধের প্রথম পৃষ্ঠার শেষ বাক্যটিতে। এখানে বলা হয়েছে-‘বাংলার লোকছড়ার প্রথম সংকলনটি প্রকাশ করেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ‘খুকুমণির ছড়া’ নামে।’ কিন্তু আমরা যতটুকু জানি এ কাজটি প্রথম করেন ‘খুকুমণির ছড়া’ নামে যোগীন্দ্রনাথ সরকার। কোনটি সঠিক? তবে এর ভুমিকা লিখেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী।

চলমান নিবন্ধের স্বভাব-ধর্ম অনুযায়ীই আমাদেরকে অনিবার্য প্রশ্নটা যে করতেই হবে- প্রতীকী কি লিটল ম্যাগাজিন ? উপরোক্ত আলোচনা-পর্যালোচনার প্রেক্ষিতে উত্তর নির্ধারণের ভার আপাতত পাঠকের বিবেচনায় রেখে দেয়া হলো। তবে নিবন্ধকারের দৃষ্টিতে প্রতীকী লিটল ম্যাগের কিছুটা পরিচিত ঘ্রাণ পেলেও তা এখনো লিটল ম্যাগাজিন হয়ে ওঠতে পারে নি। হয়ে ওঠার এই সম্ভাবনাটাকে আমরা জিইয়ে রাখতে চাই।


অন্ত্যমিল

লিটল ম্যাগাজিনের যা স্বভাব-বৈশিষ্ট্য, তা বিবেচনায় নিলে ‘অন্ত্যমিল’কে প্রথমে লিটল ম্যাগের পঙক্তিভুক্ত করেই অবশেষে তার ঘাটতিগুলো চিহ্নিত করার প্রয়াস নেয়াটা বোধয় অধিকতর যুক্তিযুক্ত হবে। মুখে আগুন থাকলে জ্বালিয়ে দেয়া যায় সব। কিন্তু বুকে যার আগুন থাকে, সেই পারে আগুনের ফুল ফোটাতে। এটাই লিটল ম্যাগাজিন। তরুণ কবি ও ছড়াকার রহমান তাওহীদ সম্পাদিত বগুড়া থেকে প্রকাশিত ম্যাগাজিন ‘অন্ত্যমিল’ কিশোর কবিতা সংখ্যা (৪ বর্ষ ৩ সংখ্যা) টি হাতে নিলেই সে আগুনের আঁচ টের পাওয়া যায়। আমাদের ছড়া ও কিশোরকবিতা অঙ্গনে এই ‘অন্ত্যমিল’ই সম্ভবত প্রথম কোন সাহসী ও মেধাবী কাজ। অন্ত্যমিলের পূর্ববর্তী সংখ্যাগুলোও নানান ধরনের বিশেষ সংখ্যা হলেও লিটল ম্যাগাজিন হিসেবে পরিপক্কতা দানা বাঁধতে শুরু করেছে সর্বশেষ এই কিশোর কবিতা সংখ্যাটিতে এসে। স্পষ্টতঃই একটা আদর্শ দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে এতে। কিশোর কবিতা কী কেন এবং সমকালীন প্রবণতা কোন্ উত্তরাধিকারের ধারাবাহিকতা বহন করছে তা খোঁজার যে প্রয়াস, এটাই তাকে লিটল ম্যাগাজিন হিসেবে চিহ্নিত করে দিয়েছে। কিশোর কবিতার ইতিহাস ঐতিহ্য ও সাম্প্রতিকতা নিয়ে মননশীলতায় সমৃদ্ধ ছ’টি আকর্ষণীয় প্রবন্ধ নিঃসন্দেহে পাঠকের সামনে এই জগতটিকে নতুনভাবে উন্মোচিত করে পাঠককে ভাবায় বৈ কি। এগুলো লিখেছেন হুমায়ুন সাদেক চৌধুরী, ইলতুৎ আলীদ, মুহাম্মদ নিযামুদ্দীন, জাকির আবু জাফর, জুলফিকার শাহাদাৎ ও মাহফুজুর রহমান আখন্দ। এ ছাড়া তপন বাগচীর মতামতটিও সমৃদ্ধ মনে হয়েছে। তবে কিশোর কবিতার বিভিন্ন বইয়ের ওপর পাঁচটি আলোচনা মানসম্মত হলেও প্রচলিত একমুখীনতা থেকে খুব একটা উত্তীর্ণ হওয়া গেছে বলে মনে হয় নি।

সাইত্রিশজন কবির তিপ্পান্নটি কবিতা ও পদ্য স্থান পেয়েছে ম্যাগাজিনটিতে। বিশাল ব্যাপার। ম্যাগাজিনের গুনগতমান অক্ষুণ্ন রাখতে কবিতা-পদ্য বাছাইয়ে সম্পাদকের আন্তরিকতায় কোন ঘাটতি ছিলো না বুঝা যায়। কিন্তু কিশোরকবিতার এই নিদান সময়ে সম্পাদকের মনঃকষ্টটাও বুঝতে পারি আমরা। জুলফিকার শাহাদাৎ, নাসিরুদ্দীন তুসী, সাজ্জাদ বিপ্লব, জসীম মেহবুব, মাসুদ আনোয়ার, কামাল হোসাইন, শাকিল ফারুক, মাসুদ কামাল, জুবাইদা গুলশান আরা ফেনসী, জোবায়ের আসাদ ও আবদুল মতিন রিপনের লেখায় কবিতার ঘ্রাণ টের পাওয়া যায়। জুলফিকার শাহাদাৎ ও মাসুদ আনোয়ারের লেখায় কাব্যময়তা আর স্বরের ভিন্নতায় বিশিষ্টতা রয়েছে। বাকীগুলোকে গড়পড়তা বলে চালিয়ে দেয়া যেতে পারে। তবে দু-একটা যে কবিতার মান বিচারে ঝুলে গেছে তা বললেও সম্পাদকের যোগ্যতা বিষয়ে সন্দেহের কোন অবকাশ নেই। কেননা সবচেয়ে আকর্ষণীয়, ঝাঁঝালো ও সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে বর্তমান কিশোরকবিতার প্রতিনিধিত্বশীল চারজন কবিকে একসাথে অভিন্ন প্রশ্নের মুখোমুখি করে যেভাবে সাক্ষাৎকার বিতর্কে জড়িয়ে দেয়া হয়েছে তাতে করে সম্পাদকের চমৎকার উদ্ভাবনা শৈলীর প্রশংসা করতে হয়। এই কবিরা হলেন আখতার হুসেন, সুজন বড়ুয়া, রাশেদ রউফ ও জুলফিকার শাহাদাৎ। কিশোর কাব্যাঙ্গনে এই বিতর্কটা হয়তোবা জরুরি ছিলো। মেড়মেড়ে প্রথামাফিক “আপনার ক’টি বই বেরিয়েছে, আপনি এখন কী লিখছেন, আপনার স্ত্রী আপনাকে কতোটা ভালোবাসেন, আপনার অনুপ্রেরণা কে, ক’বছর বয়েস থেকে লিখছেন, আপনার ছেলে মেয়ে ক’জন, কোন্ রঙ আপনার প্রিয়, এখন যারা লিখছেন তাদের প্রতি আপনার সদয় উপদেশ কী” এসব ফালতু বস্তাপচা প্রশ্নে না গিয়ে গতানুগতিকতার বাইরে করা অত্যন্ত যুগোপযোগী প্রশ্নের মাধ্যমে যেভাবে নাড়ি ধরে টান দেয়া হয়েছে, তাতে করে পাঠকের কাছে বিষয়টি উপভোগ্য। সাক্ষাৎকারটি পড়ে মজা পাওয়ার সাথে সাথে কৌতুকও বোধ করা যায় একেকজনের উত্তরের ভণিতা দেখে, লেজেগোবড়ে অবস্থা দেখেও।

তবে এখানে সম্পাদকীয় সীমাবদ্ধতাও চোখে পড়ে। সাক্ষাৎকার প্রদানকারী প্রত্যেক কবির কিছু নমূনা কবিতা পত্রস্থ করা হলে তাঁদের বক্তব্য বিশ্লেষণের সাথে নিজের নিজের সৃজনশীলতার তুলনা ও পারষ্পরিক প্রতিতুলনা করার সুযোগ পাওয়া যেতো। যদিও জুলফিকার শাহাদাৎ-এর পাঁচটি চমৎকার কবিতার পাশাপাশি রাশেদ রউফের একটি রচনা পত্রস্থ হয়েছে, যা আদৌ কবিতা হয়েছে কিনা পাঠক সেটা বিবেচনা করবে, সংখ্যাটা সমতাসূচক হলে হয়তোবা রাশেদ রউফের কোন কবিতা পড়ার সৌভাগ্য হতো আমাদের। কিন্তু অধিকতর প্রবীণ হিসেবে আখতার হুসেন ও সুজন বড়ুয়ার কোন লেখা না পাওয়ায় পাঠকের অতৃপ্তির পাশাপাশি লিটল ম্যাগিয় স্বচ্ছতাও প্রশ্নবিদ্ধ হয়ে যায়।

তবে রহমান তাওহীদ লিটল ম্যাগাজিন ‘অন্ত্যমিল’-এর হঠাৎ স’মিল চালিয়ে আমাদের চমকে দিলেন বৈ কি।


ছড়াড্ডা

রাজশাহী থেকে প্রকাশিত আরিফ বখতিয়ার সম্পাদিত ছড়া বিষয়ক লিটল ম্যাগাজিন ‘ছড়াড্ডা’। সর্বশেষ সংখ্যা ৬ষ্ঠ বর্ষ ১৩ তম সংখ্যা। ঠাসবুনুনি লেখা-সমৃদ্ধ দুই ফর্মার এ কাগজটিও অনেকটা যোদ্ধার মতোই লিটল ম্যাগের মেজাজ ধারণ করার চেষ্টা করেছে। তবে কোন একটা পরিবর্তনের মিশন নিয়ে কিছু একটা করে দেখানোর লিটল ম্যাগিয় মৌলিক বৈশিষ্ট্য এখনো দানা বেঁধে ওঠেনি। গদ্য ও পাঠ-আলোচনা লিখেছেন মুহাম্মদ নিযামুদ্দীন ‘ছড়ার শক্তি এবং শত্র“-মিত্র’, জসীম মেহবুব ‘ছড়া নিয়ে দু’চার কথা’, মনজু রহমান ‘প্রসঙ্গ: সংবাদপত্রের সাহিত্য প্রকাশনা সংকট এবং দুটি ছড়াগ্রন্থ’, মুহাম্মদ নাসির উদ্দিন ‘জি.এম.হারুন এর লিমেরিক: একটি পাঠ-প্রতিক্রিয়া’, ইলতুৎ আলীদ ‘একটি অসমাপ্ত ছড়ার গল্প’, মাহফুজুর রহমান আখন্দ ‘ছড়াচর্চা-সম্পাদনা: দুই কৃষকের চাষবাস’, জুলফিকার শাহাদাৎ ‘ছড়া, পদ্য, বিবৃতি ও কিশোর কবিতা: একটি নির্মোহ ব্যবচ্ছেদ’, মাসুদ কামাল ‘ছড়ায় ব্যক্তিকেন্দ্রিকতা বা লোকমুখীতা’, ফজলুল হক তুহিন ‘কল্পনা ও বাস্তবের রূপকার’, সতীশ বিশ্বাস ‘ছড়াক্কা কী এবং কেন?’, রর্হমান তাওহীদ ‘ছড়াপত্রের সাম্প্রতিক পাঠ: একটি প্রতিক্রিয়া’, মাসুম আওয়াল ‘এই আলোচনা দুটি বই নিয়ে’ এবং সাজ্জাদ বিপ্লবের নেয়া মুহাম্মদ নাসির উদ্দিনের একটি সাক্ষাৎকার। প্রকাশনা উৎসব সংবাদ ও চিঠিপত্র বিভাগও রয়েছে। গদ্যে তেমন একটা মৌলিকত্ব না থাকলেও জুলফিকার শাহাদাৎ ও রহমান তাওহীদের লেখা দুটোতে সমালোচনার তীব্র ঝাঁঝ ল্য করা যায়। তবে ছড়া বিষয়ক ম্যাগাজিন হিসেবে গ্রন্থিত ছড়ার নির্বাচনে সম্পাদকের দুর্বলতা ল্ক্ষ্যণীয়। বিষয় প্রকরণ ও উপস্থাপন শৈলী বিবেচনায় পদ্য বা কবিতাকে কিছুতেই ছড়া বলার কোন সুযোগ নেই, তাও আবার লিটল ম্যাগাজিনে। অথচ গড়পড়তা ছড়ার সাথে কিছু চমৎকার ছড়ার পাশাপাশি কতকগুলো শিশু-কিশোর কবিতা ও পদ্য মিশিয়ে ফেলার কোন মানে নেই। তারুণ্যই শক্তি। সে ক্ষেত্রে বিনয়ী তারুণ্য মানে এই নয় যে প্রবীণ বলে উৎপল কান্তি বড়ুয়ার ‘যুদ্ধে গেছে ভাইয়া আমার’ এর মতো ব্যাক-ডেটেড মেড়মেড়ে পদ্য জাতীয় রচনাও লিটল ম্যাগের পাতায় ছাপতে হবে। প্রয়োজনে লিটল ম্যাগাজিনের একটা বিশেষ পদ্য-সংখ্যা করে শ্রদ্ধেয় পদ্যকারদের সম্মান জানানোর একটা উদ্যোগ নেয়া যেতে পারে।

বিশেষ সংখ্যা ছাপানোর আগে আমাদের লিটল ম্যাগ সম্পাদকরা যদি ছড়া, পদ্য ও কবিতার পার্থক্যটা সবাইকে বুঝিয়ে দিতে খড়গ-হস্ত হয়ে ওঠতে না পারেন, তবে ম্যাগাজিনের কপালে লিটল ম্যাগাজিন শ্লোগানের লোগো এটে দিলেও তা সত্যিকার লিটল ম্যাগাজিন হয়ে ওঠা সুদূরপরাহতই থেকে যাবে। নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর তারুণ্যকে তারপরেও অভিনন্দন জানাই। নতুন কিছু করার জন্য এরাই যে আমাদের আশা ভরসার উৎস।


চমচম

প্রতীক ওমর সম্পাদিত গাইবান্ধা থেকে প্রকাশিত ছড়া বিষয়ক লিটল ম্যাগাজিন ‘চমচম’ দুইফর্মার পাতলা লিকলিকে অবয়বের একটা ম্যাগাজিন। বাইরে থেকে দেখলে হয়তো মন কাঁড়বে না। কিন্তু একবার হাতে নিয়ে একটু নাড়াচাড়া করলেই বুঝতে আর কারো বাকি থাকবে না যে অক্ষরের ঝনঝনানি কাকে বলে। সর্বশেষ চলমান সংখ্যা হচ্ছে দ্বিতীয় বর্ষ তৃতীয় সংখ্যা মার্চ,২০০৮। ভেতরে কোথাও বিশেষ সংখ্যা হিসেবে চিহ্নিত করা না হলেও কৃশানু বসু’র ‘নির্বাচনী ছড়ায় সরল রাজনীতি থাকে, বাচালতাও থাকে’ এবং ইলতুৎ আলীদের ‘মানুষ ও একটি না-এর সংক্ষিপ্ত পঞ্জিকা’ শিরোনামের ভিন্ন প্রসঙ্গের মানসম্পন্ন লেখা দুটো না থাকলে হয়তো সম্পাদক এটাকে লিমেরিক সংখ্যা হিসেবেই চিহ্নিত করতেন। এতে অন্যান্য গদ্য প্রবন্ধ আলোচনাগুলো লিখেছেন- অনিল চক্রবর্তী : লিমেরিকেও সমান দক্ষ/ মুহাম্মদ নাসির উদ্দিন, এডওয়ার্ড লিয়ার যেভাবে বাংলাদেশে এসে নিহত হলেন !/ জুলফিকার শাহাদাৎ, লিমেরিক : আদি ছড়ার অনাদি ভবিষ্যৎ/ এফ শাহজাহান, বাংলার লিয়র/ মাহফুজুর রহমান আখন্দ, আমার যত দুঃখ কথা : প্রসঙ্গ লিমেরিক/ রহমান তাওহীদ ও লিমেরিকের মাঝে খুঁজে দেখা রহমান তাওহীদ/ প্রতীক ওমর। মান বিচারে বলতেই হবে লেখাগুলো ভালো। এ থেকে আমরা এডওয়ার্ড লিয়ারের লিমেরিক সম্পর্কে বহু বিচিত্র কিছু জানতে পারি এবং আমাদের দেশে লিমেরিক চর্চার একটা খতিয়ানও সংক্ষপে পেয়ে যাই। কিন্তু লিটল ম্যাগিয় দৃষ্টিভঙ্গি নিয়ে যে জিনিসটি আমাদের জানা হয় না তা হলো আমরা আদৌ সত্যিকারের লিমেরিক চর্চা করছি কি না। শুধু জুলফিকার শাহাদাৎ-এর গদ্যটি থেকে আমরা এই লিটল ঘ্রাণ পেয়ে বুঝতে পারি যে এডওয়ার্ড লিয়ার বুঝি সত্যিই বাংলাদেশে এসে নিহত হয়ে গেছেন। এখানেই বোধ করি চমচমের লিটল ম্যাগিয় চরিত্রটি কিছুটা রক্ষা পেয়েছে। তবে ম্যাগাজিনটিতে প্রকাশিত যে সব নমূনা লিমেরিক উপস্থাপন করা হয়েছে তাও জুলফিকারের মন্তব্যের সত্যতাকে জোরদার করেছে।

সমস্যা হলো ছড়াকাররা যদি লিমেরিক না-ই লিখেন সম্পাদকের আর কী করার থাকতে পারে। তবে তো ম্যাগাজিন প্রকাশনাই বন্ধ করে দিতে হয়। কিন্তু এটা তো আমাদের কখনোই কাম্য নয়। আগুন দেখা না গেলেও ধোঁয়া দেখেই আমাদেরকে বুঝতে হয় চমচম আমাদেরকে আশাবাদি করে তোলায় তার আন্তরিকতায় ঘাটতি রাখছে না। এখন কেবল লিটল ম্যাগিয় ধ্যান-ধারণা নিয়ে একটা ধারালো গোষ্ঠী দাঁড়ানোর অপোয়।
আমরা সে আশায় রইলাম।


একফর্মা ছড়াপত্র

শ্রীমঙ্গল থেকে অবিনাশ আচার্য ও চন্দন কৃষ্ণ পাল সম্পাদিত একফর্মা ছড়াপত্র পঞ্চম সংখ্যা (বৈশাখ ১৪১৫) টি আগের সংখ্যাগুলোর সাথে মিলিয়ে দেখলে একটু চমকে যেতে হয় বৈ কি ! নামে একফর্মা হলেও চলতি সংখ্যায় আর একফর্মা নেই, বেড়ে গেছে। কিন্তু চমকে ওঠার কারণ অন্যত্র। সত্যি কি লিটল ম্যাগের ঘ্রাণ পেয়ে যাচ্ছে ! তার ছোট্ট উঠোনে তিনটি গদ্য আর গুচ্ছ গুচ্ছ ছড়া ও পদ্যের সমাহার ! তবে গদ্যগুলোই ছড়াপত্রকে লিটল ম্যাগের উন্মাদনা এনে দিয়েছে যেন। কোন এস্টাব্লিশম্যান্ট ঘেষা ম্যাগাজিন কি এমন গদ্য ছাপানোর দুঃসাহস দেখানোর ক্ষমতা রাখে ? এ তো পারে কেবল লিটল ম্যাগই। সেটাই করেছে ছড়াপত্র। গদ্যগুলো হচ্ছে- ছড়া আর অছড়া/ জুলফিকার শাহাদাৎ, ‘ছড়া পত্রিকা’ ত্রয়োদশ সংখ্যা- ‘উল্টা বুঝলি রাম’!/ রণদীপম বসু এবং যে বই পড়েছি’তে ‘ব্যবচ্ছেদ : টাকুম টুকুম’/ কমলকলি চৌধুরী। প্রকাশিত ছড়া পদ্যগুলোর মধ্যে ল্ক্ষ্যণীয় যে বিষয়টিকে খুবই উল্লেখযোগ্য মনে হয়েছে, নবীন প্রবীণ লেখকের ছড়াছড়ি ; কিন্তু ছড়াপত্র এমন সব নবীনদেরকে উপস্থাপন করেছে যে তাদের লেখার কাছে কী বিস্ময়করভাবে প্রবীণদের লেখাগুলো কেমন ম্লান হয়ে যাচ্ছে ! বিশেষ করে আবিদ আজম আর মুহিব নেছার, একেবারে নবীন এই দু লিখিয়ের লেখা পড়ে তো রীতিমতো চমকেই ওঠতে হয়। আমাদের আগামী প্রজন্মের এমন সম্ভাবনাময় সৃষ্টি দেখেও যদি আমাদের প্রবীণ লিখিয়েরা নিজেদেরকে এখনো নবায়নযোগ্য করে তুলতে না পারেন, তাহলে ছড়াসাহিত্যের মোহন সৃষ্টি-স্রোতের জন্য আমাদেরকে প্রবীণদের থেকে নির্ভরতা গুটিয়ে কেবল সেই নবীনদের দিকেই আশাবাদী দৃষ্টি নিয়ে অপেক্ষায় থাকতে হবে। তবে যে বিষয়টি উল্লেখ না করলেই নয়, কোন কোন নবীন লিখিয়ের একই ছড়া বা ছড়াগুচ্ছ একাধিক ম্যাগাজিনে রি-প্রিন্ট হতে দেখা যায়। একাধারে দু-তিনটি বা তারও বেশি ম্যাগাজিনে পত্রিকায় একই লেখার এই ঘোষণাহীন পুনঃপুন রি-প্রিণ্ট লেখকের লজ্জাহীনতা বা নিঃস্বতাকেই ইঙ্গিত করে। আর তা যদি নবীন লেখকের বেলায় দেখা যায়, তাহলে পাঠকের নির্ভর করার মতো আগামীর স্বপ্নে দুষ্টক্ষত তৈরি করে বৈ কি। লিটল ম্যাগের সম্পাদকদেরও এ ব্যাপারে আরেকটু বোধোদয় হওয়া উচিৎ। এসব নিঃস্ব লিখিয়েদেরকে বর্জন করাটাই সাহিত্যের জন্য মঙ্গল।

লেখা বাছাইয়ের ক্ষেত্রে আরেকটু আন্তরিক হয়ে আশা করি ছড়াপত্র আমাদেরকে সেই আশাবাদে উজ্জীবিত করে তুলবে।


এবং...

এ মুহূর্তে হাতের কাছে না থাকায় ইচ্ছে থাকলেও চমক, পাঁপড়, নকশি বা ধাক্কা’র মতো আরো যে সব ম্যাগাজিন নিয়ে আলোচনা করা গেলো না, এটা এ নিবন্ধকারের অনৈচ্ছিক সীমাবদ্ধতা হিসেবেই বিবেচনা করা যেতে পারে। তবে যেগুলো নিয়ে আলোচনা করা হলো, তা যে লিটল ম্যাগিয় চিন্তাসূত্রকে ধারণ করে পূর্বসূরীয় লিটল ম্যাগার ব্যক্তিত্বদের ভাবনার সাথে নিজস্ব দৃষ্টিভঙ্গির নির্দ্বিধ ও সংশ্লেষিত প্রকাশ, তা নিশ্চয় বলার অপো রাখে না। দু-একটা ভাত টেপার সামঞ্জস্যতা দিয়ে গোটা হাড়ির খবর নেয়ার মতোই এখানে মূলত ছড়া-সাহিত্যের গুটিকয় কথিত লিটল ম্যাগাজিনের নমূনা ব্যবচ্ছেদ করে শুধু যে আলোচনাকৃত ম্যাগাজিনগুলোকেই বিশ্লেষণ করা হয়েছে তা নয়, সার্বিকভাবে লিটল ম্যাগাজিন কী, কেন, কীভাবে এবং এর চরিত্র বা উদ্দেশ্য, আদর্শ, লক্ষ্য ও প্রচলিত প্রবণতাকেও খুঁজে নেয়ার চেষ্টা করা হয়েছে। আর তা করতে গিয়ে প্রাসঙ্গিক চাহিদা পূরণে অত্যন্ত প্রয়োজনীয়ভাবে সংশ্লিষ্ট ব্যক্তিসত্তা নয়, ব্যক্তি-স্রষ্টার সৃষ্টির সাফল্য ব্যর্থতাকে কখনো কখনো তুলে আনার নির্মোহ প্রয়াস নেয়া হয়েছে। এটাকে ব্যক্তি-আক্রোশ হিসেবে দেখার কোন সুযোগ নেই, বরং এস্টাব্লিশম্যান্ট বিরোধি তত্ত্ব-তালাশে ল্যস্থিত হওয়াটাই মুখ্য।

ব্যক্তির চিন্তারাজ্যের সার্বভৌমত্বকে এড়িয়ে যাওয়ার যেমন কোন উপায় থাকে না, তেমনি ব্যক্তিক চিন্তা-বৈচিত্র্যকে অস্বীকার করারও কোন উপায় নেই। অভিন্ন আদর্শ লালন করেও এই ভিন্নতা বা বৈচিত্র্য অত্যন্ত বাস্তব ও সতত ক্রিয়াশীল। এটাই সৃষ্টি-স্রোতের অনিবার্যতা। তাই ভিন্নমতের অবকাশ যত বেশি বাধাহীন উন্মুক্ত হবে, সৃষ্টি-বৈচিত্র্যও ততোধিক আকর্ষণীয় মৌলিক ও সুদূরপ্রসারী আশির্বাদ হয়ে আমাদের সমৃদ্ধিকে উত্তরোত্তর সমৃদ্ধ করে যাবে। অতএব আমরা আমাদের এই স্বপ্নাতুর চাওয়াটাকে কি এভাবেই রাঙিয়ে তুলতে পারি না আজ ?

লিটলম্যাগাজিনই পারে এ কাজটাকে অত্যন্ত সুষ্টুভাবে ল্ক্ষ্যস্থিত সেই স্বচ্ছ-বিন্দুতে নিয়ে যেতে। ##

(১১/০৫/২০০৮)