Sunday, January 30, 2011

| ছবির গল্প | ঢাকার নৌকা : নগর-সভ্যতায় নদীমাতৃক ঐতিহ্যের বিলীয়মান প্রতিনিধি |

 
| ছবির গল্প | ঢাকার নৌকা : নগর-সভ্যতায় নদীমাতৃক ঐতিহ্যের বিলীয়মান প্রতিনিধি |
-রণদীপম বসু

পড়ন্ত বিকেলে এঁকেবেঁকে বয়ে যাওয়া কুলকুল নদীর স্বচ্ছ বুকে সূর্যের আলোয় চকচকে বাদাম তোলা নৌকার চিরায়ত ছবি আর বুকের গভীরে অজান্তিকে বেজে ওঠা ‘ ভাটির দেশে কে যাও তুমি উজান গাঙের নাইয়া’র মতো ভাটিয়ালি সুর বাঙালির একান্তই নিজস্ব ও চিরন্তন আবেগের পটভূমি। তা থেকে বাঙালির নাড়িকে বিচ্ছিন্ন করা কিছুতেই সম্ভব নয়। কারণ নৌকা আর বাঙালি অবিচ্ছেদ্য। তার ধমনীতে বয়ে যাওয়া রক্তের নদীটাতে এখনো প্রাচীন নৌকা ভাসে, আর ওখানে হাল ধরে আছে তার পূর্বপুরুষের গ্রন্থিল পেশী। তাই নৌকাহীন বাঙালি এখনো অকল্পনীয়।

Tuesday, January 18, 2011

| ছবির গল্প | লাল শাপলা: আমাদের চেতনার আবীর রাঙানো ফুল |


| ছবির গল্প | লাল শাপলা: আমাদের চেতনার আবীর রাঙানো ফুল |
-রণদীপম বসু

বিল-ঝিল-নালায় ভরা আমাদের এই নদীমাতৃক দেশে শাপলা ফুলের উপস্থিতি অত্যন্ত স্বাভাবিক বলেই তা আমাদের জাতীয় ফুলের মর্যাদায় অধিষ্ঠিত। তবে এই নগরীতে শাপলা ফুল খুব একটা চোখে পড়ে না। পড়বে কী করে ! জলাভূমিই তো নেই। নাগরিক সভ্যতায় সব গ্রাস হয়ে যাচ্ছে।

Friday, January 14, 2011

| ঘড়ায়-ভরা উৎবচন…|২১১-২২০|

| ঘড়ায়-ভরা উৎবচন…|২১১-২২০|
রণদীপম বসু

(২১১)
মানুষ খোঁজে উল্লাস, পছন্দ করে বিষাদগ্রস্ততা।

(২১২)
নারী যাকে অপছন্দ করে, তাকে ভুলে না কখনো।
পুরুষ যাকে পছন্দ করে, তাকে ভুলতে চায় না।

(২১৩)
নারী পছন্দ করে সৃজনশীল ব্যক্তিকে,
কিন্তু জীবনসঙ্গী হিসেবে চায় গৃহী পুরুষ।
সৃজনশীল পুরুষ ভালো গৃহস্থ হয় না।

Monday, January 10, 2011

| ছবির গল্প | আবর্জনার প্রতীক, কাক না মানুষ !


| ছবির গল্প | আবর্জনার প্রতীক, কাক না মানুষ !
-রণদীপম বসু

কোথাও কাক দেখলেই আমাদের অনেকেরই হয়তো আবর্জনার কথা মনে পড়ে যায়। কেননা আবর্জনাপূর্ণ স্থানের আশেপাশেই পক্ষীজগতের অন্যতম সদস্য কাকের উপস্থিতি সাধারণত বেশি দেখা যায়। আর মানুষ এমনই স্ববিরোধী স্বভাবের প্রাণী যে, যত্রতত্র আবর্জনা ফেলা থেকে বিরত থাকার বদলে কাকের কুশ্রী উপস্থিতি দেখেই আমরা বিরক্ত হই বেশি।

Saturday, January 8, 2011

|আসুন বাংলা উইকিপিডিয়ায় সহায়তা করি, মাতৃভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করি…|


|আসুন বাংলা উইকিপিডিয়ায় সহায়তা করি, মাতৃভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করি…|
প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন
সম্পাদনা, দিকনির্দেশনা ও সহায়িকা

@ উইকিপিডিয়া কী ?
উইকিপিডিয়া হচ্ছে ইন্টারনেট ভিত্তিক ও বহুভাষীক একটি উন্মুক্ত বিশ্বকোষ। বিশ্বের বিভিন্ন স্থানের লক্ষ লক্ষ  স্বেচ্ছাসেবীর সহযোগিতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এই বিশ্বকোষ লিখিত হয়েছে। যে-কেউ এখানে অবদান রাখতে পারেন বা সম্পাদনা করতে পারেন। ইংরেজি উইকিপিডিয়া হচ্ছে উইকিপিডিয়ার সবচেয়ে বড় সংস্করণ যেখানে ৩৫ লক্ষেরও বেশি নিবন্ধ আছে। অপরদিকে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার অনলাইন সংস্করণে নিবন্ধ সংখ্যা প্রায় ১ লক্ষ ২০ হাজার। উইকিপিডিয়ার এই বহুভাষীক প্রকল্পটি বর্তমানে ভারতীয় উপমহাদেশের ২০টি ভাষাসহ বিশ্বের প্রায় ২৭৫ ভাষায় চালু রয়েছে। বাংলাও এর একটি। উইকিপিডিয়ার প্রতিটি নিবন্ধই তৈরি হয়েছে একাধিক স্বেচ্ছাসেবকদের স্বপ্রণোদিত ও সমবেত সম্পদনা প্রক্রিয়ার মাধ্যেমে।

Saturday, January 1, 2011

| ছবির গল্প | শেষ সূর্যাস্ত, ২০১০…|

 
| ছবির গল্প | শেষ সূর্যাস্ত, ২০১০…|
-রণদীপম বসু

শেষ সূর্যাস্তের কাছে একটাই আকুতি ছিলো,- হে সূর্য, প্রণতি নাও। তোমার অস্তাচলের শেষ আভা গুটিয়ে নেবার আগে এই নশ্বর জীবনের প্রতিটি স্পর্শবিন্দু থেকে তুলে নাও আমাদের সবটুকু হিংসা, বিভেদ, লোভ, ঘৃণা আর গ্লানিভরা অস্থিরতা। তোমার শেষ আলোকস্পর্শ দিয়ে মুছে নাও আমাদের সমস্ত ধুসরতা, জরা, ব্যাধি আর বিগত বছরের সব কৃত্রিম কালিমা। মিথ্যে অহঙ্কারের বাতিল কৌলিন্য ঝেড়ে শুদ্ধ আঁধারে ডুবিয়ে দাও। যেন আগামী দিনের  প্রথম আলোকস্পর্শে আমাদের অখণ্ড পবিত্রতা দিয়ে নতুন বছরের আগমনী রঙে রাঙা হয়ে ওঠি। হে বিদায়ী সূর্য, বছরের শেষ লগ্নে আমাদের প্রণতি নাও। বিদায় ২০১০। একটি মানবিক বছরের শুভ্রতা দিয়ে শুরু হোক আমাদের নতুন আগামীকাল।